আরব সাগরে ডুবে গেল ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। ওয়াংখেড়ের দর্শকঠাসা ক্লাসরুমে অল্পের জন্য পাশমার্ক পেল না ইংল্যান্ড। এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড। এমন একটা ম্যাচের আগে ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক বলেছিলেন, ভারতের বিরুদ্ধে সাহসী ক্রিকেট খেলতে চান। সাহসী ক্রিকেট খেললেন বটে, কিন্তু শেষমেশ রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেল ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের ৭ রানে হারিয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। শচীন-পুত্রের বিয়ের নিমন্ত্রণ সেরেই ভারতের ম্যাচে ধোনি, রয়েছেন রোহিত, সেমিফাইনালে বলি তারকারাও হাজির ওয়াংখেড়েতে। ওয়াংখেড়েতে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেই তারকাদের ভিড় জমে যায়। চাঁদের হাট দেখা যায় ভিভিআইপি বক্সে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচও তার ব্যতিক্রম নয়। এ দিন দর্শকাসনে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাকে। অভিনেত্রী-স্ত্রী আলিয়া ভট্ট এবং সন্তানকে নিয়ে খেলা দেখতে গিয়েছেন রণবীর কপূর। তাঁর পাশেই বসে থাকতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে। রয়েছেন অভিনেতা অনিল কপূরও। রোহিত এই বিশ্বকাপের প্রচারদূত। ফলে বিভিন্ন ম্যাচেই তাঁকে হাজির থাকতে দেখা যাচ্ছে। তবে ধোনিও যে সেমিফাইনাল দেখতে চলে আসবেন সেটা কেউই ভাবতে পারেননি। বুধবার মুম্বইয়ে শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বিয়েতে স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছিল ধোনিকে। সেই বিয়ের নিমন্ত্রণ সেরেই ভারতের খেলা দেখতে চলে এসেছেন তিনি। উল্লেখ্য, ভারত ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির নেতৃত্বেই। চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ব্যস্ত ধোনি। কিছু দিন আগেই তাঁকে শিবিরে যোগ দিতে দেখা গিয়েছে। সেই শিবিরের ফাঁকেই সময় বার করে মুম্বইয়ে গিয়েছেন। শুক্রবারই তাঁর চেন্নাই ফিরে যাওয়ার কথা রয়েছে। রোহিত ম্যাচের আগে মাঠে নেমেছিলেন। ওয়াংখেড়েতে খেলেই তিনি বড় হয়েছেন। আইপিএলেও খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ম্যাচের আগে সঞ্চালক দীনেশ কার্তিক, অইন মর্গ্যানের সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে তাঁকে। জড়িয়ে ধরেছেন কুলদীপ যাদবকে। মজা করেছেন ভারতের আরও কিছু ক্রিকেটারের সঙ্গে। পরে টিভিতে দেখা যায়, তিনি ভিভিআইপি বক্সে গিয়ে ধোনি এবং সাক্ষীর সঙ্গে গল্প করছেন।




