বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা নামক দুর্ধর্ষ ম্যাচ পেয়েও আহমেদাবাদ মাঠ ‘হাউসফুল’ করতে পারেনি। লেখা থাকবে, ইডেন যা পারে, আহমেদাবাদ আজও পারে না। ২০২৩ বিশ্বকাপ। ভারত-পাকিস্তান যুদ্ধ। ফাইনাল। সবই অনুষ্ঠিত হয়েছিল আমেদাবাদে। এবারও পাকিস্তান না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে। সঙ্গে সুপার এইটের ম্যাচও হল। অথচ ক্রিকেট-কৌলিন্যের বিচারে আহমেদাবাদ স্টেডিয়াম ওয়াংখেড়ে কিংবা ইডেনের আশেপাশে নেই। ক্রিকেট সংস্কৃতিতেও মুম্বই-কলকাতা-চেন্নাইয়ের চেয়ে আহমেদাবাদ আলোকবর্ষ পিছিয়ে। নইলে তিন বছর আগে বিশ্বকাপ ফাইনালে ভারত বধের নায়ক ট্রাভিস হেডের দুর্ধর্ষ সেঞ্চুরির পর তাঁর উদ্দেশ্যে শুকনো করতালি পর্যন্ত বরাদ্দ রাখেনি আহমেদাবাদ জনতা। ডেভিড মিলারের ক্ষেত্রে সে ব্যবহার বদলায়নি। যা ইডেন বা ওয়াংখেড়েতে ভাবাই যায় না। অবশ্যই দেশ সবার আগে। দেশের সমর্থন সবচেয়ে আগে। কিন্তু তাই বলে প্রতিপক্ষ ভালো ক্রিকেট খেললে, ক্রিকেট-কুলীন মাঠ কখনও তাকে অসম্মান করে না। বিশ্বের কোথাও না।
জাতীয় ক্রিকেটমহলে ভারতে বিশ্বপর্যায়ের টুনামেন্টের আসর বসলে, প্রভাবশালীদের ‘অঙ্গুলিহেলনে’ সব মহার্ঘ্য খেলা পেয়ে থাকে আহমেদাবাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার প্রায় দু’বছর পরেও রোহিত-বিরাটের ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এ হেন উথাল-পাথাল জনপ্রিয়তা অভিভূত করে দেওয়ার মতো। রবিবারের আহমেদাবাদে বিস্ময়কর আরও একটা দৃশ্যপট। রাত সাড়ে আটটা নাগাদ মাঠে দর্শক এসেছেন উনআশি হাজার মতো। আহমেদাবাদ স্টেডিয়ামের সর্বমোট দর্শকাসন এক লক্ষ তিরিশ হাজার। গুজরাট ক্রিকেট সংস্থার কর্তারা বললেন যে, সরকারি হিসেব অনুযায়ী তা হলেও, আদতে তার চেয়ে দশ-পনেরো হাজার মতো কম টিকিট ছাড়া হয়। সেক্ষেত্রেও সংখ্যাটা দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার। প্রায় পঁয়ত্রিশ হাজার সিট এ দিন আহমেদাবাদ মাঠে ফাঁকা পড়ে থাকল। ভারতের ম্যাচে যা অকল্পনীয়। ইডেনে ভারতের সুপার এইট মাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যা সম্ভবত সূর্যকুমারদের জীবন-মৃত্যুর ম্যাচ হয়ে দাঁড়াবে। আগামী রবিবার ইডেনে একখানা সিটও ফাঁকা পড়ে আছে। ইতালি বনাম স্কটল্যান্ড ম্যাচে আঠেরো হাজার লোক সাতসকালে ইডেনে চলে এসেছিলেন খেলা দেখতে। ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ইডেনে জনসংখ্যা হাজার তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঘারাফেরা করেছে।





