Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘প্রিন্স’-এর শুটিং চলছে জোরকদমে!‌ আলিপুর জেল থেকে হাওড়া বাইকে চেপে ঘুরছেন শাকিব খান!

শ্রীলঙ্কার পর কলকাতায় শুটিং চলছে বাংলাদেশের ছবি ‘প্রিন্স’-এর। বাইকে চেপে বৌবাজারে ঘুরতে দেখা গিয়েছে শাকিবকে। চুলে লালচে আভা, রুখু ভাব। হাওয়ায় অবিন্যস্ত। মুখে ঘন দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বুক খোলা জিনসের জ্যাকেটের ভিতর থেকে ফুলছাপ শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে বৌবাজারের মাধো ভবনের বাইরে পা রাখতেই পথচারিদের চোখ কপালে! কলকাতার রাস্তায় শাকিব খান! শহর জুড়ে যেন শাকিবের মরসুম! নায়কের পিছনে ক্যামেরা ছুটছে। কখনও তিনি অ্যাকশন দৃশ্যে। কখনও বাইকে চেপে স্টান্ট দিচ্ছেন। তাঁকে ঘিরে দুই নায়িকা তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু। আর লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতো টলিউডের এক ঝাঁক অভিনেতা। শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শহরে নিঃশব্দে শুটিং চলছে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ইদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’র। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষ্মী স্টুডিয়ো সর্বত্র শাকিব খানের গতিবিধি। খবর, কলকাতার পর টিম উড়ে যাবে হায়দরাবাদে। হাওড়ার শালিমার ওয়র্ক। বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা পুরনো কারখানা। কিছু যন্ত্রাংশ, পুরনো শেড এখনও ইতস্তত ছড়িয়ে। খবর, সম্ভবত ৯ ফেব্রুয়ারি থেকে টিম নিয়ে সারা রাত ধরে শুটিং চলেছে। শোনা যাচ্ছে, ও পার বাংলার নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’কেই নাকি পর্দায় ফোটাতে চলেছেন শাকিব। এক ভালমানুষ কী করে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠবেন, দেখাবে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। তারই টুকরো অংশ, কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয় হাওড়ায়।

১১ ফেব্রুয়ারি, বৌবাজারের মাধো ভবন। মধ্য কলকাতার ক্রসিংয়ে বিশাল এলাকা জুড়ে অবস্থিত হাল্কা হলুদ রঙের বাড়িটির গায়ে সময়ের পলি। ঔজ্জ্বল্য হারিয়ে কিঞ্চিত ফ্যাকাশে। ভবনের সিংহদ্বারের দু’পাশে হরেক কিসিমের দোকান। সকাল থেকে ওই ভবন ধোঁয়ায় আবছা। কৌতূহলী পথচারি খানিক দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। কাজের তাড়ায় তার পরেই হনহনিয়ে এগিয়ে গিয়েছেন গন্তব্যে। হঠাৎ, জোরলো কণ্ঠে হাঁক, ‘অ্যাকশন’! ধীরে ধীরে ধোঁয়া ফুঁড়ে বেরিয়ে এল একটি বাইক। যিনি বসে, তাঁকে দেখলেই মনে হবে, আর পাঁচজন সাধারণের মতো তিনি নন। কেউ খেয়াল করেনি, ওই ‘অ্যাকশন’ হাঁক শুনেই ভিড় জমেছে বাইকারোহীর পিছনে! তিনি দর্শকের দিকে মুখ ফেরাতেই অস্ফুট গুঞ্জন, দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান! কলকাতা সজাগ হওয়ার আগে টিম ঘিরে নিয়েছিল নায়ককে। তিনি আবার মাধো ভবনের অন্দরে অদৃশ্য। তাঁর হয়ে ‘ডামি শুট’-এ ব্যস্ত শরীফ সিরাজ়। বাংলাদেশের এই অভিনেতার সঙ্গী আর এক বাংলাদেশি অভিনেতা মাহমুদ। টলিউডের সিনেমা এবং সিরিজ় যাঁকে ছাড়া অসম্পূর্ণ, তিনি সেই লোকনাথ দে। পর্দায় তাঁর নাম গোপাল কর। মাথার সাড়ে তিনটে চুল উল্টে আঁচড়ানো। পিছনে লম্বা বিনুনি! পরনে কালো শার্ট আর কালো সিল্কের লুঙ্গি। কপালে লাল তিলক। শাকিব অভিনীত ‘তুফান’ ছবিতেও লোকনাথ ছিলেন নায়কের ডান হাত। পরপর দুটো ছবিতে অভিনয়ের সুবাদে নায়কের সঙ্গে সখ্য হয়েছে। পর্দায় গোপালের দুই শাগরেদ সিরাজ়, মাহমুদ। প্রসঙ্গত, সিরাজ় ও পার বাংলার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক। এঁরা প্রত্যেকে শাকিবের সঙ্গে শ্রীলঙ্কায় শুটিং করেছেন। কলকাতার বাকি অভিনেতাদের কী ভাবে পর্দায় দেখা যাবে? খবর, অভিনেতা লোকনাথ ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পিয়ান সরকারকে। ছবিতে লোকনাথের মৃত্যুর পর তিনি বসবেন স্বামীর গদিতে। হয়ে উঠবেন লেডি ডন। হাত মেলাবেন শাকিব ওরফে ‘কালা জাহাঙ্গীর’-এর সঙ্গে। কুখ্যাত ডন হতে গেলে আগ্নেয়াস্ত্র চালানোয় দক্ষ হতে হয়। শাকিবকে পর্দায় সে ব্যাপারে প্রশিক্ষণ দেবেন কে? খবর, নায়কের অন্যতম নায়িকা ‘দিলরুবা’র ভাই ‘বাবু’ এ বিষয়ে সহযোগিতা করবে। ‘বাবু’ চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। শাকিবের সঙ্গে তাঁর মাত্র দিন দুই শুটিং হয়েছে। ছবিতে তাঁরও মৃত্যু হবে। প্রসঙ্গত, ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া। তবে তাঁর সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনও দৃশ্য নেই। এই ছবি দিয়ে বাংলাদেশে পা রাখছেন। ছবিতে ক্যামেরার কাজ সামলাচ্ছেন বলিউডের অমিত রায়, শৈলেশ অবস্থী। রণবীর কপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির চিত্রগ্রাহক ছিলেন অমিত। শ্রীকান্ত মোহতা, অশোক ধনুকার মতো কলকাতার প্রথম সারির প্রযোজকদের ছবিতে ক্যামেরা সামলেছেন শৈলেশ। অ্যাকশন আর রোম্যান্সে ভরপুর প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা ছবির প্রযোজক শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles