RK NEWZ নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির দর্শনে গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভক্তদের সাহায্যে তৈরি হতে থাকা অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারটি সম্পূর্ণ করার জন্য ২ কোটি টাকা এবং শচীমাতা গোশালা সম্প্রসারণের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দের কথা জানান। পাশাপাশি, সেখানে গুরুকুল ও সংস্কৃত টোল গড়ে তোলারও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস দেন। মুখ্যমন্তীরর কথায়, “ব্যবস্থা নেব বলে গেলাম। পরিবহণ দফতরের তরফে এখানে একটি স্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ডিপিআর তৈরি ও অন্যান্য প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। ততদিন সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুবিধার্থে এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত প্রশাসনিক ঘোষণা ও প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ঘাট নির্মাণ সম্পূর্ণ হলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি আবার আসব এবং লঞ্চ ফেরি পরিষেবার উদ্বোধন করব। আমি এখানে দাঁড়িয়ে কোনো রাজনীতি করব না। তবে বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে কোনও নজর দেয়নি। তারা নবদ্বীপ শহরকে একটি দেশি মদের দোকান আর আটটি বিদেশি মদের দোকান দিয়েছে, আর কিচ্ছু করেনি।” রাস উৎসব উপলক্ষে সেজে উঠেছে চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত নবদ্বীপ। উৎসবে যোগ দিতে নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাসমন্দিরে আয়োজিত কীর্তনে অংশ নেওয়ার পাশাপাশি শুভেন্দু শচীমাতা গোশালাতেও যান। আশ্রম সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জন্য পোলাও, ভাত, ধোকা, মোচা এবং থোড়ের নানা পদ মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ রকমের নিরামিষ ভোগের আয়োজন।পরে নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা এবং কুটির পাড়ায় মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতার পুজোর উদ্বোধন করেন। দিনের শেষে শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বড় শ্যামা মায়ের মন্দির দর্শন করে কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু।





