Top 5 This Week

spot_img

Related Posts

‘লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানি তাড়িয়েছিল’! চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানো আমার স্বভাব :‌ মোদি!‌

খড়গপুর আইআইটিতে দাঁড়িয়ে বামেদের নিশানা। কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি মোদি। বাংলায় শিল্পখরার নেপথ্যে বারবার বামেদেরই দুষেছেন সকলে। শনিবার খড়গপুর আইআইটি-তে দাঁড়িয়েও সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, যদি লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানিকে তাড়িয়ে দেওয়া না হত, তাহলে ৫০ বছর আগেই ভারত সেমি কন্ডাক্টর চিপ তৈরি করতে পারত। মোদি বলেন, “গত ৭৫ বছর ধরে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান নানা পরিবর্তনের সাক্ষী। এই দীর্ঘ সময়ে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে ভারত। ভবিষ্যতে চিপ থেকে শিপ (জাহাজ), সব কিছুই ভারতে তৈরি হবে।” আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেও মত তাঁর। এই প্রসঙ্গে বলতে গিয়েই বামেদের নিশানা করে প্রধানমন্ত্রীর কথায়, “৫০ বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়। পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। সেটা নীতিগত সিদ্ধান্ত। সব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে।” দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কেন্দ্রের মোদি সরকার ঠিক কী পরিকল্পনা করেছে, তার রূপরেখাও জানান প্রধানমন্ত্রী। শৌচাগার থেকে উজ্জ্বলা যোজনার কথাও উল্লেখ করেন তিনি। ছাত্রছাত্রীদের ‘ব্রেকস দ্য লিমিট’-এর বার্তা দেন মোদি।”

বিহারে নীতীশের নামে সেতু! গামছা উড়িয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে স‌েতু! উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই নীতীশ সেতু পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্লককে জুড়ছে। গঙ্গার উপর তৈরি হওয়া এই সেতুর কাজ গত ১৪ বছর ধরে চলছিল। গামছা উড়িয়ে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত বছর ১৪ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এ জয়ের পর গামছা উড়িয়ে বিজেপির সদর দফতরে ঢুকেছিলেন মোদী। প্রায় এক বছর পরে সেই স্মৃতি উসকে সেতু উদ্বোধনে গামছা ওড়ান মোদী। পশ্চিমবঙ্গ থেকে বিহারে পৌঁছোন মোদী। পটনায় তাঁকে স্বাগত জানান জেডিইউ প্রধান তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ নীতীশ। এক অপরকে আলিঙ্গন করেন। পটনা বিমানবন্দরে খোশমেজাজে কথাও বলতে দেখা যায় দুই নেতাকে। নীতীশের সঙ্গে ছবি পোস্ট করে মোদী লেখেন, “পটনা বিমানবন্দরে নীতীশ কুমারজির সঙ্গে দেখা করে খুব ভাল লাগল।” নীতীশের নামে সেতু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু বিহারে। আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দাবি, নীতীশের নামে সেতু উদ্বোধন করে বিজেপি বোঝাতে চাইছে যে, জেডিইউ নেতার রাজনৈতিক জীবনে দাঁড়ি পড়ে গিয়েছে। তেজস্বী বলেন, “আমরা সকলেই জানি, যখন কোনও ব্যক্তি জীবিত থাকেন, তখন তাঁর নামে কোনও মূর্তি বা সেতু তৈরি হয় না। হয়তো বিজেপি এই বার্তাই দিতে চাইছে যে, নীতীশের রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে।” আরজেডির দাবি, সেতুর নির্মাণকাজ চলার সময় তারা এটি স্বাধীনতা সংগ্রামী এবং কর্পূরী ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী অক্ষয়বট রাইয়ের নামে করার প্রস্তাব দিয়েছিলেন।বিজেপি পাল্টা আক্রমণ করেছে তেজস্বীকে। দলের রাজ্য মুখপাত্র কুন্তল কৃষ্ণ তেজস্বীর উদ্দেশে বলেন, “আপনি এবং আপনার পরিবার কেবল লুট করেছে। নীতীশ কুমার এবং তাঁর পরবর্তী আমলে বিহারের যে উন্নয়ন, তা়র সাক্ষ্যবহন করছে এই সেতু।”

মোদীর উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই ‘নীতীশ সেতু’তে তাণ্ডব-নৃত্য!‌ ১৭ মাস আগেই চালু হওয়া ব্রিজের ফের উদ্বোধন কেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় লেনের ‘নীতীশ সেতু’র উদ্বোধন করার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সেতুর ওপর চরম বিশৃঙ্খলা ও তাণ্ডব চালালেন রাষ্ট্রীয় জনতা দলের কর্মীরা। শাসক জোট এনডিএ-র পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সমর্থনে স্লোগান দেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দলীয় পতাকা হাতে মূলত মোটরবাইকে চেপে আসা বিশাল সংখ্যক আরজেডি সমর্থক সেতুর ওপর পোস্টার ছিঁড়ছেন এবং স্লোগান দিচ্ছেন। পাশে অসহায়ভাবে হেঁটে চলেছেন পুলিশকর্মীরা। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই তাণ্ডবকে কেন্দ্র করে বিজেপি এবং প্রধান বিরোধী দল আরজেডি-র মধ্যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি মুখপাত্র নীরজ কুমার শর্মা অভিযোগ করেন, উন্নয়নকে স্বাগত জানানোর বদলে রাজনৈতিক নাটক করছে বিরোধী দল। তেজস্বীকে কটাক্ষ করে বলেন, “সরকার যখন উন্নয়ন পৌঁছে দিচ্ছে, তখন আরজেডি বাধা সৃষ্টি করছে এবং গোলমাল পাকাচ্ছে। বিহারের মানুষ সেতু ও প্রগতি চান, পোস্টার ছেঁড়ার রাজনীতি চান না।” পাটনার কাচ্চি দরগা থেকে বৈশালীর বিদুপূরকে সংযুক্তকারী গঙ্গার ওপর নির্মিত ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই ‘এক্সট্রাডোজড কেবল-স্টেড’ সেতুটি আনুমানিক ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের নীতীশ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাচ্চি দরগা এবং বিদুপুরের মধ্যে সংযোগকারী এই সেতুটি উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি মহাত্মা গান্ধী সেতুর ওপর যানজটের চাপ কমাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর নামকরণ নিয়েও নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের পরিবর্তে নীতীশ কুমারের নামে সেতুটির নামকরণ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, গুরু গোবিন্দ সিংয়ের নামে সেতুটির নামকরণের প্রস্তাব দিয়ে তিনি আগেই বিহার বিধানসভায় একটি ‘প্রাইভেট মেম্বার রেজোলিউশন’ এনেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। ১৭ মাস ধরে সেতুটি পুরোদমে চালু রয়েছে এবং এ পর্যন্ত লক্ষ লক্ষ যানবাহন এর ওপর দিয়ে যাতায়াতও করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles