RK NEWZ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র অসুস্থ। ভর্তি করা হয় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। শরীরে বিষক্রিয়া হয়েছে বলে জানা যায়। একটু বেলা হতেই তাঁকে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ হাসপাতালে থাকার পর বেরিয়ে তিনি জানান, রেখা পাত্র ভাল আছেন। দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আশা করা যায়, খুব শিগগিরি সুস্থ হয়ে উঠবেন। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। কলকাতার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছে। সকালে অবস্থা ছিল সঙ্কটজনক। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বিধায়ক আগের চেয়ে ভাল আছেন। বসিরহাট জেলা হাসপাতাল থেকে রাত ৩টেয় রেখাকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দবাজার ডট কম-এর হাতে হাসপাতালের সেই নথি রয়েছে। রেফারেল কার্ড অনুযায়ী পরিবারের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ (ভেষজ কীটনাশক) গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক। পরে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। রেখার রেফারেল কার্ডে লেখা রয়েছে, রোগীর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড গিয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন।’ ওই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০, নাড়ির স্পন্দন ছিল প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার করে অক্সিজেন প্রয়োজন হচ্ছিল তাঁর। রেফারেল কার্ডে চিকিৎসকেরা আরও জানিয়েছেন, রোগী ঝিমিয়ে পড়েছিলেন। ডাকলেও খুব একটা সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এর পরেই কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। বসিরহাট মহকুমা হাসপাতালে বিষক্রিয়ার প্রতিষেধক ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেখাকে। ছ’টি অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট তাঁকে দেন চিকিৎসকেরা। এ ছাড়া, তাঁর নাক দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা করা হয়। শরীরে বিষের প্রভাব কমানোর জন্য অ্যাট্রোপিন, প্র্যালিডক্সিম ইঞ্জেকশন দেওয়া হয়। বমি, গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক চালু হয় বসিরহাটের হাসপাতালেই।
কলকাতার হাসপাতালে রেখাকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিজেপির তরফে ছিলেন অর্চনা দাস মজুমদার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার কোনও প্রমাণ তাঁরা পাননি। খাবার খেয়ে রেখা অসুস্থ হয়ে পড়েন। তার সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শারদ্বতের কথায়, ‘‘রেখা পাত্র বসিরহাট হাসপাতালে ছিলেন। যেহেতু উনি বিধায়ক, জনপ্রতিনিধি, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ওঁকে কলকাতায় পাঠান। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আমাকে এখানে আসতে বলেছেন তিনিই। রেখা আগের চেয়ে একটু ভাল আছেন। কিন্তু এখনও হাসপাতালেই থাকবেন।’’ বিষক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘বিষক্রিয়া কিছু এখনও পাইনি। রাতে খাবার খেয়ে উনি অসুস্থ হয়ে পড়েন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দেখা যাক কী রিপোর্ট আসে।’’




