Top 5 This Week

spot_img

Related Posts

নিউ টাউনে একই চত্বরে বিধানসভা!‌ হাইকোর্ট, বিচারপতি-মন্ত্রীদের আবাসনও হবে কাছাকাছিই!

RK NEWZ নিউ টাউনে নতুন বিধানসভা এবং কলকাতা হাইকোর্ট ভবন তৈরির পাশাপাশি একই চত্বরে প্রশাসনিক ভবন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই চত্বরেই বিচারপতি, মন্ত্রী, বিধায়ক এবং শীর্ষ সরকারি আধিকারিকদের আবাসন তৈরির কথাও জানিয়েছেন তিনি। কলকাতার ময়দানে পিডব্লুডি তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এই বৃহৎ রূপরেখার কথা জানান শুভেন্দু। পাশাপাশি, আগামী তিন মাসে ভাঙড়, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল ও সিঙ্গুর-সহ বিভিন্ন এলাকায় আট থেকে দশ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করেছেন তিনি। নিউ টাউনের পরিকাঠামো পরিকল্পনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, বিধানসভা এবং হাইকোর্টের জন্য ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। একই ক্যাম্পাসের মধ্যে বিধানসভা ভবন, হাইকোর্ট, প্রশাসনিক পরিকাঠামো এবং বিচারপতি, মন্ত্রী ও দফতরের প্রধান আধিকারিকদের আবাসন গড়ে তোলা হবে। প্রশাসনিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে বিধানসভার আসনসংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪০০-র বেশি হতে পারে— এমন সম্ভাবনার কথা মাথায় রেখে এবং বর্তমান হাইকোর্ট ভবনে জায়গার সীমাবদ্ধতা কাটাতেই এই আগাম প্রস্তুতি। যদিও আসনসংখ্যা বৃদ্ধি ও তার বাস্তবায়ন সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। বিধায়কদের নতুন আবাসনও নিউ টাউনেই তৈরি হবে বলে জানিয়েছেন। নিউ টাউনের সম্প্রসারণ ও শিল্প-উন্নয়নের ক্ষেত্রে জমি সংগ্রহকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। তবে জোর করে জমি অধিগ্রহণের পথে হাঁটা হবে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নিউ টাউন লাগোয়া ভাঙড় ও সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যাঁরা স্বেচ্ছায় জমি বিক্রি করতে চান, তাঁদের কাছ থেকেই নির্ধারিত মূল্যে জমি কেনা হবে। মুখ্যমন্ত্রী জানান, ২০১৩ সালের ‘ল্যান্ড পারচেজ স্কিম’ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি ‘ল্যান্ড পুলিং’ এবং ‘ল্যান্ড ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে কৃষকদের জমির একটি অংশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং সিঙ্গুর-সহ বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। পরবর্তী সময়ে শিল্প ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সেই জমি কাজে লাগানো হবে। প্রশাসনিক ও শিল্প পরিকাঠামোর পাশাপাশি নিউ টাউনকে স্বাস্থ্য ও ধর্মীয় কেন্দ্র হিসেবেও গড়ে তোলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, আদানি গোষ্ঠীর উদ্যোগে নিউ টাউনে ‘মেডি সিটি’ গড়ে উঠবে, যেখানে হাসপাতাল ছাড়াও মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং হস্টেল এবং রোগীদের আত্মীয়দের থাকার হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। আম্বানী গোষ্ঠীর জন্য ১৭ একর জমির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সেখানে ধর্মীয় পরিকাঠামো গড়ে তোলার ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে বালাজি মন্দির তৈরি এবং বিনামূল্যে প্রসাদ বিতরণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ছাড়া ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার জারি হয়েছে এবং আনুষঙ্গিক কাজের খরচের ৫০ শতাংশ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার দেবে।

একদিকে ফসল ফলাতে মাসের পর মাস পরিশ্রম, অন্যদিকে হঠাৎ শিলাবৃষ্টিতে চোখের সামনে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা (Crop insurance claim)। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়ে থাকলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (PMFBY) আওতায় থাকা কৃষকদের ৭২ ঘণ্টার মধ্যে সেই ক্ষতির কথা জানাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতির খবর না জানালে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার কৃষি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কৃষি দফতর।কৃষি দফতরের ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের তরফে গত ১৩ নভেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। এর ফলে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই বিমার আওতায় থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ফসল নষ্ট হওয়ার কথা জানানোর বিষয়ে সচেতন করতে বলা হয়েছে জেলার কৃষি আধিকারিকদের। কী ভাবে ক্ষতির কথা জানাবেন কৃষকরা? নির্দেশিকায় বলা হয়েছে, শিলাবৃষ্টির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ক্রপ ইনস্যুরেন্স অ্যাপ অথবা কৃষি রক্ষক পোর্টালের টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৪৪৭-এ ফোন করে ক্ষতির কথা জানাতে হবে। সময়ের মধ্যে অভিযোগ জানালে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ও ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করা যাবে। এই সংক্রান্ত যাবতীয় মূল্যায়ন হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ২০২৩ সালের অপারেশনাল গাইডলাইন মেনে। কৃষকদের অভিযোগ জানানোর সময় কয়েকটি তথ্য হাতের কাছে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। যেমন, কৃষকের নাম, জমির দাগ নম্বর, বিমার আওতায় থাকা ফসলের নাম, জমির পরিমাণ, PMFBY আবেদনের নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। দ্রুত অভিযোগ জানানোর ক্ষেত্রে এই তথ্যগুলি কাজে লাগবে। কেন এত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা? প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় শিলাবৃষ্টিকে স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ বা ‘লোকালাইজড ক্যালামিটি’ হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের ঘটনায় নির্দিষ্ট এলাকার ফসলের ক্ষতি আলাদা করে মূল্যায়ন করা হয়। ফলে কৃষক নিজে সময়মতো ক্ষতির কথা না জানালে বিমার দাবি বিবেচনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। খরিফ ২০২৬ মরসুম থেকে পশ্চিমবঙ্গ ফের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ফিরেছে। অনেক কৃষকের কাছেই এটি এই প্রকল্পের আওতায় প্রথম মরসুম। তাই কোনও কৃষক যাতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই জেলা কৃষি আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles