Top 5 This Week

spot_img

Related Posts

আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ! শুধু ভোটার বা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়!

RK NEWZ বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এক ফরেন ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি রিট পিটিশন খারিজ করার সময় এই মন্তব্য করা হয়। ট্রাইব্যুনাল আবেদনকারীকে ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশকারী একজন ‘বিদেশি’ হিসেবে ঘোষণা করেছিল। হাইকোর্ট রায়ে জানায় যে, আবেদনকারী নিজের বাবা ও দাদুর সঙ্গে ধারাবাহিক বসবাসের প্রমাণ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, আবেদনকারী দাবি করেছিলেন যে তিনি ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে জন্মগ্রহণ করেছিলেন। নিজের দাবির স্বপক্ষে তিনি ১৯৬৬ এবং ১৯৭০ সালের ভোটার তালিকা তুলে ধরেন, যেখানে তাঁর দাদুর নাম ছিল। পাশাপাশি তিনি তাঁর বাবার প্যান কার্ড, ভোটার আইডি, নিজের রেশন কার্ড এবং এনআরসি আবেদনের রসিদ জমা দিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল যে, তাঁর বাবা একজন ভারতীয় নাগরিক যিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গুয়াহাটি পৌর নিগমের কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব সামলেছিলেন।

তবে আবেদনকারীর সমস্ত যুক্তি ও নথি পর্যবেক্ষণ করে খারিজ করে দেয় গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, কেবল বাবা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বা কাউন্সিলর ছিলেন বলেই তিনি ওই ব্যক্তির মেয়ে বলে প্রমাণ হয় না। পাশাপাশি ১৯৭০ থেকে ১৯৯৭ সালের মধ্যে অসমে তাঁদের পরিবার যে ধারাবাহিকভাবে বসবাস করছিল, ভোটার তালিকায় বয়সের বিস্তর অসঙ্গতির কারণে তা প্রমাণ করা যায়নি। ফলে নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬এ(২) ধারা অনুযায়ী প্রয়োজনীয় নাগরিকত্বের শর্তাবলী তিনি পূরণ করতে না পারায় হাইকোর্ট ট্রাইব্যুনালের সিদ্ধান্তই বহাল রাখে এবং ২০২২ সালে তাঁকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশটি অবিলম্বে বাতিল ঘোষণা করে। প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না বলে জানিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, এই জাতীয় নথিপত্রগুলি মূলত আবেদনকারীর আবেদনের ভিত্তিতে ইস্যু করা হয় এবং এদের পিছনে কোনও গভীর তদন্ত থাকে না। ফলে মূল সরকারি নথি বা উপযুক্ত রেকর্ড ছাড়া কেবল প্যান বা ভোটার কার্ডের ওপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব দাবি করা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles