Top 5 This Week

spot_img

Related Posts

মুখ্যমন্ত্রী দাদাসম!‌ ভাইফোঁটায় বীণা উপহার শুভেন্দুকে!‌ বঞ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন!‌ মমতা ভাইফোঁটা না দিলেও, আশির্বাদ পেলেন অনেকেরই

RK NEWZ বিনোদন থেকে রাজনীতির মহল— সর্বত্রই ভাইফোঁটার আবহ। কেবল রক্তের সম্পর্কেই নয়, স্নেহভরে কাছের মানুষকেও আবেগ ও ভালবাসায় মুড়ে দিচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। বিজেপি দলনেত্রী পাপিয়া অধিকারীকেই দেখুন। নিজের দলনেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই বসিয়েছেন দাদার আসনে। ভাইফোঁটার দিনে তাঁকে উপহার পাঠাবেন না, তা কী ভাবে হয়! বোনের কাছ থেকে কী উপহার গেল শেষমেশ? অভিনেত্রী-বিধায়িকার বলেন, “বীণা উপহার দিয়েছি তাঁকে। সঙ্গে কিছু মুখরোচক।” পাপিয়া নিজেই জানালেন এমন উপহার বেছে নেওয়ার কারণ। বললেন, “বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা। কিন্তু বীণার সুর খুব কম শুনি। বীণাবাদক প্রায় নেই বললেই চলে। আমি চাই মা সরস্বতী প্রতিটি ঘরে ঘরে বিরাজ করুন।” দাদার থেকে উপহার এসেছে? প্রশ্ন শুনেই পাপিয়ার দ্রুত জবাব, “ওরে বাবা! একেবারে অবিশ্বাস্য। আজকে সকালে অফিসে পৌঁছেই অবাক! দেখি শাড়ি এসেছে আমার জন্য। সেটা যে কী অপূর্ব, ভাষায় প্রকাশ করা মুশকিল।” আজকের দিনে দাঁড়িয়ে ছোটবেলার ভাইফোঁটার কথা মনে পড়ে? প্রশ্ন শুনে মুহূর্তেই বিধায়িকা যেন ফিরে গেলেন শৈশবে। পাপিয়া বলেন, “সে বিরাট জাঁকজমক! আমরা ভাইবোনেরা মিলে খুব আনন্দ করতাম। আমার মায়ের ভাইরা, থিয়েটারের দাদারাও থাকতেন। বাড়ির লম্বা বারান্দায় লাইন করে বসিয়ে তাঁদের ফোঁটা দিতাম, মিষ্টি খাওয়াতাম। বিকেলে সবাই মিলে যাওয়া হত সিনেমা দেখতে।” দীর্ঘ কর্মজীবনে তাঁদের কী অবদান রয়েছে? পাপিয়ার কথায়, “আমার রাজনৈতিক জীবন নিয়ে দুই দাদা খুব চিন্তিত ছিল। তবে নিশ্চিত ছিল যে, আমি জিতবই। খালি বলত, ‘ওয়ার্ক অ্যান্ড উইন’। ঠিক একই কথা আমাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন— ‘পরিশ্রম করুন আর জিতে ফিরুন।’” রাজনীতির মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে ভ্রাতৃসম পেয়েছেন পাপিয়া? দলনেত্রীর সহজ জবাব, “কাকে ছেড়ে কার নাম নিই! সবাই আমার স্নেহের। সব সময়েই সাহায্য পেয়েছি সকলের থেকে। এমনকি রাজনীতির মঞ্চের কাজটাও আমরা ভাগাভাগি করে নিই নিজেদের মধ্যে।”

দীর্ঘ ১৫ বছরের চেনা রাজনৈতিক ঐতিহ্য ও উদযাপনে বড়সড় ছেদ পড়েছে। রাজ্য রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম নিজের কালীঘাটের বাসভবনে ভাইফোঁটা পালন করলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দেড় দশক ধরে এই বিশেষ দিনটিতে মমতার কালীঘাটের দরবার ছিল রাজ্য রাজনীতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার বদলে গিয়েছে সেই চেনা ছবি। তবে তাঁকে ছেড়ে আসা সতীর্থ ও প্রাক্তন সহকর্মীরা অবশ্য নিজেদের মতো করেই দিনটি উদযাপন করেছেন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিশেষ ভাইফোঁটা অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ফোঁটা গ্রহণ করেন একাধিক শীর্ষনেতা। ফোঁটা নেওয়ার এই তালিকায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, সন্দীপন সাহা, শান্তনু সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঋজু দত্ত। রাজনৈতিকভাবে অত্যন্ত কৌতূহলজনক বিষয় হল, মমতার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ফোঁটা নিয়েছেন। চলতি বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ঐতিহ্যবাহী কালীপুজো ৪৯তম বর্ষে পদার্পণ করেছিল। অর্থাৎ বাম জামানায় তিনি যখন বিরোধী শিবিরের এক নম্বর মুখ, ঠিক তখনই নিজের বাড়িতে এই পুজো শুরু করেছিলেন তিনি। গত ১৫ বছর ধরে এই পুজো কেবল তৃণমূল কংগ্রেস দলের অন্দরেই নয়, বরং রাজ্য প্রশাসনের অলিন্দেও আস্থার অন্যতম শক্তিপরীক্ষা বা ‘সূচক’ হিসেবে বিবেচিত হত। পুজোর সময় কারা মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকতে পারতেন, আমলা বা পুলিশকর্তাদের মধ্যে কাদের উপস্থিতির সুযোগ হতো কিংবা যজ্ঞের সময় কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর অনুমতি পেতেন – তা দিয়েই মাপা হত কার প্রভাব কতখানি। রাজ্য রাজনীতিতে ক্ষমতা হারানোর পর প্রথম কালীপুজোতেই সেই রাশ উবে গিয়েছে। পুজোর পর ভাইফোঁটাতেও দিদির হাত থেকে ফোঁটা পাওয়ার সেই রাজনৈতিক কৌতূহলের কোনও অবকাশই আর রাখেনি বর্তমান পরিস্থিতি। অন্যদিকে মঙ্গলবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় আচমকা হাজির হন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকায় মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়ে পুজো দেন তিনি। পুজো শেষে বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং প্রকাশ্যে বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” বাবুর এই মন্তব্য এবং পদক্ষেপকে ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জল্পনা চরমে পৌঁছেছে।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (স্বপন) চলতি বছরের ভাইফোঁটায় দিদির কাছ থেকে ফোঁটা পাননি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক দূরত্বের কারণেই তিনি কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে যাননি। তবে দিদি ফোঁটা না দিলেও, পাড়ার ও পরিচিত অন্যান্য দিদি-বোনদের কাছ থেকে তিনি ভাইফোঁটা নিয়েছেন। আর কে নিউজের ম্যানেজিং ডিরেক্টর সোহিনী মণ্ডল সকালেই বাবুনের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দিয়েছেন। মমতা নিজের ভাইকে ফোঁটা দিয়ে আশির্বাদ করলেন না। বাবুন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভাইফোঁটায় ঠিকভাবে ডাকেন না। এমনকি এখন ডাকলেও তিনি আর ফোঁটা নিতে যাবেন না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্রের প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর থেকেই বাবুনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিন্ন হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন যে তিনি বাবুনের সঙ্গে সমস্ত পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করছেন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেনও জানিয়েছেন যে মমতা দিদি তাঁকে আর ভাই বলে মনে করেন না। দুধের ডিপোয় কাজ করে ৪৫ টাকা রোজগার করে ভাইদের মানুষ করেছিলেন। বাবার মৃত্যুর পর কীভাবে সংসার চালাতেন, সে কথা বলতে গিয়ে দুধের ডিপোর গল্প করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বাবার মৃত্যুর সময় বাবুনের বয়স ছিল আড়াই বছর। রাজনীতির টানাপোড়েনে মমতার সেই রক্তের সম্পর্কে ছেদ পড়েছে অনেক আগেই। ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। এবার মমতার সেই ছোট ভাই সরাসরি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত তিনি। মমতার ভাই হলেও শুভেন্দুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বাবুন। তিনি বলেন, “শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি।” মমতাকে নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায়, সুব্রত বক্সী আমার অভিভাবক ছিলেন। শুভেন্দুও ছিলেন।” মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্লাবের পুজোয় শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য।শুভেন্দু যাওয়ার পর মমতার প্রতি অভিমান আরও একবার স্পষ্ট হয়ে ওঠে বাবুনের গলায়। দলের প্রতি তাঁর অভিমান ছিল আগে থেকেই। দলের সিদ্ধান্ত তাঁর পছন্দ ছিল না। প্রার্থী করা হয়নি বলে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন বছর দুয়েক আগেই। আর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন সেই বাবুন। তৃণমূলের নেতা-নেত্রীরা বারবার শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে আক্রমণ করে থাকেন। এই প্রসঙ্গে বাবুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles