Top 5 This Week

spot_img

Related Posts

‌‌আইএফএ নির্বাচন ঘিরে জটিলতা! অনির্বাণ দত্ত-ই সচিব থেকে হতে চলেছেন প্রেসিডেন্ট?

RK NEWZ কে হতে চলেছেন আইএফএ-র নতুন প্রেসিডেন্ট? নতুন কেউ, নাকি অনির্বাণ দত্ত-ই সচিব থেকে হবেন প্রেসিডেন্ট? নতুন ক্রীড়ানীতিতে প্রেসিডেন্টের হাতেই থাকবে যাবতীয় ক্ষমতা। নজরে বঙ্গ ফুটবল সংস্থার নির্বাচন। যদিও সেই নির্বাচন ঘিরে জটিলতা এখনও কাটেনি। চাঁদনী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে নির্বাচনী অফিসারকে একটি চিঠি পাঠানো হয়। তাতেই তৈরি হয় জটিলতা। আইনি পরামর্শ ছাড়া এই মুহূর্তে আইএফএ নির্বাচনের দিনক্ষণ স্থির করা সম্ভব নয়। আইএফএ নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সব পক্ষ। অনির্বাণ দত্তকে প্রেসিডেন্ট পদে প্রার্থী ধরেই প্রচার চালাচ্ছে আইএফএ-র শাসক গোষ্ঠী। যেখানে নেতৃত্ব দিচ্ছেন ময়দানের অন্যতম পোড় খাওয়া ক্রীড়া প্রশাসক সুব্রত দত্ত। ইতিমধ্যে একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক হয়েছে। অন্যদিকে বিরোধী গোষ্ঠীও তৎপর আইএফএ নির্বাচন ঘিরে। তবে রাজ্যে পালাবদলের পর রাজ্যের বর্তমান শাসক দল এই নির্বাচনে নাক গলাবে কিনা সেটা অবশ্যই দেখার। আর তাতেই বদলে যেতে পারে সমস্ত সমীকরণ! জল মাপার কাজ করছে সব পক্ষ। ভোট পরিচালনার জন্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশিস সেন। স্পোর্টস কোড বা জাতীয় ক্রীড়া নীতি লাগু হওয়ায় এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। সচিব পদ এখন বেতনভুক্ত। গত কয়েক বছরে কলকাতা লিগ আর আইএফএ শিল্ড নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেছেন অনির্বাণ দত্ত। তবে বিরোধী গোষ্ঠী অভিযোগ তুলছে, অনির্বাণের সচিব পদের মেয়াদকালেই কলকাতা লিগে বেটিং চক্র সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। যদিও সচিব থাকাকালীন বেটিং রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেন অনির্বাণ। লালবাজার মারফত বেটিং চক্র রোখার জন্য তৎপরতা নেন।

শাসক শিবিরের মুখ অনির্বাণ হলেও, বিরোধী শিবির এখনও সেভাবে কোনও মুখকে সামনে আনেনি। তবে অনির্বাণ দত্তের বিরোধিতায় একজোট হয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেনিংও করছে। তৃণমূল আমলে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তিন প্রধানের কর্তা ও তৎকালীন আইএফএ সচিবের প্রচার ভাল ভাবে নেয়নি ময়দান। সেই প্রচারের ভিডিওকে আসন্ন নির্বাচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী গোষ্ঠী। অনির্বাণ যদিও এসবে পাত্তা দিতে নারাজ। বরং নিজের সচিব পদের মেয়াদকালে তাঁর কাজকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন। এতদিন পর্যন্ত কার্যত বিনা বাধায় এগিয়ে ছিলেন অনির্বাণ। কিন্তু, আচমকাই কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই মুহর্তে নির্বাচনের ব্যাপারে কোনও কার্যকলাপ করতে বারণ করা হয়েছে। যা নিয়ে ধোঁয়াশার সঙ্গে বিতর্কও দেখা দিয়েছে। প্রথমে ঠিক ছিল, ৪ নভেম্বর হবে আইএফএর নির্বাচন। তা পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়। এখন সেটাও অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, অপেক্ষার মেয়াদ মাস দু’য়েক হতে পারে। এর ফলে বাংলার ফুটবল বড় সমস্যায় পড়ে যেতে পারে। কারণ, ১৪ নভেম্বরের মধ্যে ভোট না হলে ভারতীয় ফুটবল ফেডারেশনে আইএফএ তার ভোটাধিকার হারাবে। কোনও প্রতিনিধি রাখতে পারবে না। এর ফলে এআইএফএফ যে বিশাল অঙ্কের অনুদান দিত, তা আর পাবে না আইএফএ। তখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলার ফুটবল। কলকাতা ময়দান কিন্তু পুরোপুরি অনির্বাণ দত্ত-র পাশেই রয়েছে। অভিজ্ঞ মহলের দাবি, ভোট হলে তিনি বিশাল ব্যবধানে জিতবেন, এ নিয়ে কোনও সন্দেহই নেই। কলকাতার সুবর্ণ বণিক সভাঘরে আলোচনায় আইএফএ অনুমোদিত সকল সংস্থার কর্তারা প্রায় সবাই একযোগে বলে যান, তাঁরা অনির্বাণের পাশে আছেন। এই অবস্থায় যদি জোর করে বাইরে থেকে নির্বাচনে প্রভাব ফেলা হয়, ময়দানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে মনে করছেন অনেক অভিজ্ঞ ময়দানী কর্তা। আইএফএ সচিব হিসেবে অনির্বাণ দত্ত যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তাঁর আমলে একাধিক ভালো কাজ হয়েছে, যা আইএফএকে শক্তিশালী করেছে, এমনটাও মনে করছে ময়দানের একটা বড় অংশ।

কয়েকটি কাজের উদাহরণ তুলে ধরেছেন ময়দানের পোড় খাওয়া কর্তারা। যেমন-

আইএফএ শিল্ডের পুনরুজ্জীবন: চার বছরের বিরতির পর ২০২৫ সালে ঐতিহাসিক শিল্ড চালুু করা হয়েছিল। ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে চরম উন্মাদনাও তৈরি হয়েছিল। এ বারও ফাইনাল হয়েছে দুই প্রধানের মধ্যে।

কলকাতা ফুটবল লিগের সম্প্রসারণ: ২০২৩ সালে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে দলের সংখ্যা বাড়িয়ে ২৬টি করা হয়েছিল সচিবের উদ্যোগে। বেড়েছে প্রতিযোগিতা। এই মরসুমে পুজোর আগে লিগ এবং শিল্ড শেষ করার কৃতিত্বও ময়দান তাঁকেই দিচ্ছে। কলকাতা লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। অনির্বাণ দত্ত কোনও পক্ষ না দেখে কলকাতা পুলিশের হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন। গ্রেফতারও হয়েছিলেন অনেকে। কাউকে আড়াল না করার মনোভাব প্রশংসিত হয়েছিল ময়দানে।

জাতীয় ফুটবল প্রশাসনে প্রতিনিধিত্ব: ২০২৩ সালে এআইএফএফ লিগ কমিটি এবং ২০২৫ সালের ডিসেম্বরে তিন সদস্যের এআইএফএফ-আইএসএল সমন্বয় কমিটিতে ছিলেন অনির্বাণ। বহু বাধা কাটিয়ে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ শুরুর করার ক্ষেত্রে নিয়েছিলেন বড় ভূমিকা। মরশুমের সূচনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সেরা রাজ্য হিসেবে স্বীকৃতি: তাঁর কার্যকালে সর্বাধিক সংখ্যক ফেডারেশন পুরস্কার জয়ের মাধ্যমে বাংলা সেরা রাজ্যের স্বীকৃতি অর্জন করে।

এ ছাড়াও অনির্বাণ দত্ত আইএফএ সচিব থাকাকালীন বাংলা যেমন ১২ বছর পরে সন্তোষ ট্রফি পেয়েছে, তেমনই খেলো ইন্ডিয়া, বিসি রায় ট্রফি, জাতীয় গেমসে বাংলার ঘরে এসেছে পদক।

একই সঙ্গে অনির্বান দিকে আর্থিক অভিযোগ বা অন্য কিছু নিয়ে আঙুল ওঠেনি। যা ময়দানে মাঝে-মাঝেই দেখা যায়। তাঁর হাতে থাকলে সুরক্ষিত থাকবে আইএফএ, এমনই মনে করছেন সদস্যরা। বিরোধী পক্ষও যে খুব তৈরি, তা নয়। তাদের দিকে তেমন কেউ নেই। সবচেয়ে বড় কথা, নতুন ক্রীড়া নীতির পরে আইএফএর প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে যে সব মাপকাঠি রয়েছে, তা পূরণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন জোর করে অনির্বাণকে সরালে ব্যাপারটা কোনদিকে যাবে, নজর সে দিকেই। তৃণমূল জমানার শেষ কয়েক বছরে বিভিন্ন ক্রীড়া সংস্থায় নাক গলাতে দেখা যেত তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এমনকি বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনেও সক্রিয় হতে দেখা গেছিল অরূপকে। রাজ্যে পালাবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ অবশ্য এসব থেকে এখনও পর্যন্ত অনেক দূরে। বঙ্গ ফুটবল সংস্থার আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত রাজ্যের শাসক দল কী ভূমিকা নেয় সেটাও দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles