Top 5 This Week

spot_img

Related Posts

‌কালীঘাটে মমতার ভাইয়ের কালীপুজোয় শুভেন্দু! ‘দাদা সঙ্গে আছি’, মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম বাবুনের

RK NEWZ এলেন। দেখলেন। জয় করলেন। কালীঘাট শিবশক্তি সংঘের শ্যামাপুজোয় এলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। আরতি দেখলেন। নিজ হাতে পদ্মের মালা পরালেন ঠাকুরের গলায়। অথচ পদ্মের মালা সংরক্ষিত ছিল তাঁরই জন্য। এবং জয় করলেন উপস্থিত অগনিত জনের মন। এর ফাঁকে বাবুনের গাল টিপে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় যান তিনি। সেখানে মায়ের আরতিও করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। পরিকল্পনা ছিলই। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে মমতার ভাই বাবুনের ক্লাবের কালীপুজোয় যান। গাড়ি থেকে নামতেই মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। এরপর মুখ্যমন্ত্রী কালী মাকে পরিয়ে দেন পদ্মের মালা। আরতিও করতে দেখা যায় তাঁকে। সেখান থেকে বেরিয়ে মমতার বাড়ির সামনে দিয়ে হেঁটে যান তিনি। সেই সময় মমতার উঠোনে ঘুটঘুটে অন্ধকার। মমতার বাড়ির সামনে থেকেই কালীঘাটে মমতার পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও বেশ কয়েকটি কালীপুজোয় যান মুখ্যমন্ত্রী। রাস্তায় তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন। শুভেন্দু বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দু দার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বেশি কথা হয়নি বলেও জানান বাবুন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটের পটুয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর কালীপুজোয় যোগদান ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল। এই সফরের নেপথ্যে ছিল এক ব্যক্তিগত আবদার। আর সেই আবদার এসেছিল খোদ মমতা ব্যানার্জির ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ভাইয়ের সেই আবদার রাখলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাবুন ব্যানার্জি। প্রথমে বাবুন ব্যানার্জির হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কালীপুজোয় যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবদার আসে বলে জানান শুভেন্দু অধিকারী। সেই আমন্ত্রণ বা আবদারকে গুরুত্ব দিয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী পৌঁছন বাবুনের কালীপুজোয়। সেখানে তাঁকে স্বাগত জানান বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। রাজনৈতিক পালাবদলের পর এই দৃশ্য স্বাভাবিকভাবেই নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে কালীঘাটের গুরুত্ব বরাবরই আলাদা। দীর্ঘ পনেরো বছর এই এলাকা কার্যত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ঠিকানা এবং ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেই কালীঘাটেই এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিছক একটি পুজো পরিক্রমার ঘটনা নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে যে এলাকায় এক সময় মমতা ব্যানার্জির রাজনৈতিক প্রভাব ছিল সবচেয়ে বেশি, সেখানে তাঁর ভাইয়ের আমন্ত্রণে বর্তমান মুখ্যমন্ত্রীর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা যতই সামনে আসুক, বাবুনের আবদার এবং শুভেন্দুর তা রাখা এই ঘটনাই মঙ্গলবার অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। রাজনীতির ময়দানে পরস্পরবিরোধী অবস্থান, ক্ষমতার পালাবদল এবং রাজনৈতিক সংঘাতের আবহে এমন একটি সৌজন্যের ছবি স্বাভাবিকভাবেই নজর কাড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘আমি এলাকার বিধায়ক। ওঁর (মমতা) ভাই আমাকে ডাকল। আমি এখানে এসেছি। এটা কোনরকম রাজনৈতিক বিষয় নয় পুরোটাই সৌজন্য।’’ কালীপুজোয় বাবুন ব্যানার্জির যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন তাই তিনি গিয়েছিলেন। ভবানীপুরের মণ্ডপে মণ্ডপে ঘোরেন শুভেন্দু। শেষে পটুয়াপাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন। সেখানে দাঁড়িয়ে সুর চড়ান মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেককে ‘তোলাবাজ’ বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থানার ওসি, ভবানীপুর থানার ওসি, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ)-এর উদ্দেশে বলেন, ‘‘আপনারা মৃৎশিল্পীদের পাশে থাকবেন। কোনও মৃৎশিল্পীকে এ ভাবে ব্যারিকেড লাগিয়ে আটকানো না-হয় সেটা দেখবেন।’’ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘ভিআইপি কালচার চলবে না।’’ যদি মৃৎশিল্পীদের কোনও ক্ষতি হয় তবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবেন না বলেও জানান শুভেন্দু।

কালীপুজোয় ‘একাকী’ মমতা!‌
পরিচিত মুখ নেই, নেই টলিউডের ভিড়! প্রাণবন্ত বাবুনের পুজো

এই তো সেদিনের কথা। তখন তিনি মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান। কালীপুজোর দিনটা হরিশ চ্যাটার্জির স্ট্রিটের তাঁর বাড়ি একেবারে গমগম করত। একবছরের মধ্যেই রাজ্য রাজনীতিতে বদল। ক্ষমতার কক্ষপথ বদলে যেতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা সম্পূর্ণ উল্টে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের মসনদে বিজেপির সরকার। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি বদলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর ছবিটা। হরিশ চ‌্যাটার্জি স্ট্রিটে কিছু পুলিশের গাড়ির জটলা ছাড়া বাকি রাস্তাটা ফাঁকা। নেই অগনিত অনুগামীদের ভিড়। হাতে গোনা কিছু অন্ধভক্তের দল। আর রয়েছেন শুধুই নিরাপত্তারক্ষীরা। অন‌্যান‌্যবার জনসমাগম যা হত সবই পাড়া প্রতিবেশী আর জেলা থেকে আসা কর্মী আর আম-জনতার। কালীপুজোর দিনটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজা সকলের জন্য থাকত খোলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রত্যেকবার যে ভিভিআইপিরা সবসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে থাকত, তাঁরা উধাও এদিন। নেই পরিচিত মুখ কিংবা টলিউডের ভিড়। ওঁরা আজ কোথায়?‌ বড় বড় সব নাম। দেব-‌জিৎ-‌বুম্বা কিংবা প্রসূণ-‌গৌতম-‌অরূপরা। কারুর হাজিরা নেই। দেড় দশক ধরে যে বাড়িতে পুলিশকর্তা, আমলা ও শিল্পপতির থেকে শুরু করে দলের তাবড় নেতাদের লাইন পড়ে যেত, এ বছর সেখানে সেই ভিড়ের ছিটেফোঁটাও দেখা যায়নি। ‘সিংহাসন গেলে ছায়াও সরে যায়’,যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে এ বারের মমতার বাড়ির উঠোনে। ভিড় তো দূরস্থান, বাড়ির অন্দরেও দেখা মেলেনি পরিজনদের একটা বড় অংশের। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় কিংবা ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। কাউকেই দেখা যায়নি। কারও কারও কথায়, প্রতিমা-ও যেন এবার কিঞ্চিৎ উচ্চতায় কম! এসবের মধ্যেই চেনা আটপৌরে শাড়ির বেশে যারা এদিন বাড়িতে আসছেন, তাঁদের নিজে আপ্যায়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় পরিবারের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তো অনেক আগেই নিজেকে এই বৃত্ত থেকে দূরে সরিয়ে রেখেছেন। এমনকি দিদির পরিবারের একজন হিসেবে নিজের পরিচয় দিতেও তিনি নারাজ। বাবুনের উপায়ও ছিল না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাবুন যখন হাওড়া সদরে টিকিট না-পেয়ে নির্দল হিসাবে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেন, সেই সময়ই রণমূর্তি ধরেছিলেন মমতা। উত্তরবঙ্গ সফরে থাকতে সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন, বাবুনকে তিনি ত্যাজ্য করেছেন। হরিশ চ‌্যাটার্জি স্ট্রিটের গলিতে পা রাখলে প্রথমেই চোখে পড়বে বাঁদিকের ছোট্ট একটা কালীপুজো। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের অফিসের সামনে অধিষ্ঠিত শিব ও কালী প্রতিমার মূর্তি। এটাই শিবশক্তি সংঘের কালীপুজো। মমতার ছোটো ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৮ বছর ধরে এই পুজো করে আসছেন। মমতার বাড়ি ঢোকার আগে প্রায় প্রত্যেকেই একবার করে হাত আস্ফালন করে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন বাবুনকে। এমন ছবিই ধরা পড়ল। সকলের সঙ্গেই মিলিমিশে একাকার প্রাণবন্ত বাবুন। মমতা সহোদরের পুজো পেরিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। নিরাপত্তা-বেষ্টনীর বাড়াবাড়ি নেই, সামান্য পরিচয়টুকু জানিয়ে ভিতরে প্রবেশ। সেখানেই উঠোনে চলছে এক সময়ের সব থেকে হাইপ্রোফাইল বাড়ির কালীপুজো। এদিন সন্ধ্যার পর থেকে একে একে উপস্থিত হন সাংসদ সৌগত রায়, দোলা সেন-সহ ছাত্র-যুব নেতাদের অনেকেই। ঘুরে যান প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক ও নেতা। রাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজনের মাঝেমাঝেই এসে অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই লেখা, সুর করা গত ১০ বছরের অ্যালবামের গান মৃদু সুরে বাজছে। নিজেই সে কথা জানিয়ে মমতা বললেন, শ্রীরাধা, ইন্দ্রনীল, তৃষা, রূপঙ্করদের গাওয়া গানগুলোই বাজছে। এই বাড়ি ছাড়িয়ে এবার আরও দুটি বড় পুজো হচ্ছে, যার একটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছেন। নিজের পুজো শুরুর এক ফাঁকে বেরিয়ে তরুণ যুবক সঙ্ঘের মণ্ডপ উদ্বোধন করে আসেন মমতা। ১৯৭৮ সালে শুরু হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পারিবারিক কালীপুজো এ বছর ৪৯ বছরে পা দিল। চার দশকেরও বেশি পুরনো এই ঐতিহ্যের জৌলুস কমলেও পুজোর আচার-আচরণে ছেদ পড়েনি। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর তদারকি এবং অতিথি আপ্যায়নের সেই চিরাচরিত দায়িত্ব আজও নিজের কাঁধেই একা সামলে চলেছেন মমতা। কালীপুজোর পাশাপাশি দিদির বাড়ির ভাইফোঁটাও ছিল এত দিন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মমতা যাঁদের ফোঁটা দিতেন, তৃণমূলের অন্দরে তাঁদেরই দিদির ঘনিষ্ঠবৃত্তের বলে ধরে নেওয়া হত। অর্থাৎ ফোঁটা কেবল ফোঁটা ছিল না। তা হয়ে উঠেছিল তৃণমূলের অন্দরে নেতার ওজন বোঝার সূচক। ফলে কালীপুজোর এই ছন্দপতনের পর নজরে এবার দিদির বাড়ির ভাইফোঁটাও। কার্তিক বাবুনরা কি সেখানে যাবেন? শেষপর্যন্ত রক্তের সম্পর্ক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles