RK NEWZ সোনা জিততে না পারলেও ইতিহাস তানিয়ার। যুব অলিম্পিকে বিচ রেসলিংয়ে প্রথম ভারতীয় হিসাবে পদক জিতল সে। শনিবার মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের মিন ঝাওয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে রুপো পেয়েছে এই ভারতীয় কুস্তিগির। ডাকার যুব অলিম্পিকে বিচ রেসলিং এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই প্রতিযোগিতার প্রথম আসরেই পদক জিতে নজির গড়ল তানিয়া। ফাইনালে তার প্রতিপক্ষ ঝাও অবশ্য যথেষ্ট অভিজ্ঞ। ২০২৫ সালে এথেন্সে অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের ৬৯ কেজি বিভাগে সোনা জিতেছিল চিনের এই কুস্তিগির। ফাইনালে জার্মানির আয়লা সাহিনকে ১৩-২ ব্যবধানে হারায় সে। এবার যুব অলিম্পিকের বিচ রেসলিংয়েও সোনা জিতে আরও একবার জাত চেনালেন ঝাও। ফাইনালের আগে দুরন্ত ছন্দে ছিল তানিয়া। গ্রুপ পর্বে জার্মানির মিয়া বাউয়ারকে ৩-১ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু হয়েছিল। পরের ম্যাচে গ্রিসের ভাসিলিকি কারাভানুকে ৩-০ এবং শেষ ম্যাচে এস্তোনিয়ার মেরিলি ভেস্টারকে ৪-১ ব্যবধানে হারান ভারতীয় কুস্তিগির। টানা তিন জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে তানিয়া। শেষ চারের লড়াইয়ে তানিয়ার সামনে ছিল আমেরিকার মাতিল্ডা অ্যান হ্রুবি। আগস্টে আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৭ বিচ রেসলিং বিশ্ব প্রতিযোগিতায় ৭৫ কেজি বিভাগে সোনা জিতেছিল হ্রুবি। সেই প্রতিযোগিতায় জয়ের হাসি হাসে সে। কিন্তু তানিয়ার সামনে শেষ পর্যন্ত হার মানতে হল তাকে। ৩-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় কুস্তিগির। ডাকারে চারটি জয় ও একটি হার নিয়ে অভিযান শেষ তানিয়ার। এর আগে বাকুতে অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ফ্রিস্টাইলের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিল সে। পোল্যান্ডের মাজা ভেইচানকে ১২-২ ব্যবধানে হারিয়ে সেই পদক আসে তানিয়ার নামের পাশে। তার রুপোর পদকের সৌজন্যে যুব অলিম্পিকে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ৭। এরমধ্যে ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ। জুডোর মহিলাদের ৬৩ কেজি বিভাগে রুপো জিতেছেন খুশবু দারজাদা। ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসে রুপো পেয়েছেন তন্বী পাত্রী। সাঁতার থেকে এসেছে ভারতের তিনটি পদক। মহিলাদের ১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছে ধিনিধি দেশিংহু। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পেয়েছেন তীর্থঙ্ক পেগু। যুব অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু হিসাবেও নজির গড়েছে সে। উশুর মহিলাদের চাংকুয়ান বিভাগে ব্রোঞ্জ জিতেছে রাজকুমারী লানচেনবি চানু। তার পরেই বিচ রেসলিংয়ে তানিয়ার ঐতিহাসিক রুপো। সোনা অধরা থাকলেও নতুন এক খেলায় ভারতের পদকের খাতা খুলে দিয়েছে সে।




