রহিম নবি, মেহেতাব হোসেন, আলভিটো ডি কুনহা, ডেনসন দেবদাসদের সঙ্গে খেলবে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্ররা। বড় পাওনা কলেজ ছাত্রদের। অভিনব ফরম্যাটে জ্যাভেরিয়ান সকার লিগ। সেন্ট জেভিয়ার্স কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই ফুটবল লিগের। চলতি মরশুমে কলকাতার ক্লাবগুলির মধ্যে সবচেয়ে সফল মোহনবাগান। লিগ শিল্ড জেতার পাশাপাশি আইএসএল কাপও জিতেছে সবুজ মেরুন বাহিনী। ট্রফিহীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল। মহমেডানের অবস্থাও খুব একটা আহামরি নয়। এক সময়ে এই তিন প্রধানের হয়ে মাঠ কাঁপিয়েছেন রহিম নবি, মেহতাব হোসেন, দীপক মণ্ডলরা। আলভিটো ডি কুনহাদের মতো ফুটবলাররা। বাংলার ক্লাবে খেলেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছিলেন। ভারতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের সঙ্গেই এক টিমে খেলার সুযোগ পাচ্ছেন কলেজের ফুটবলপ্রেমী ছাত্ররা। অভিনব উদ্যোগে শামিল সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন ছাত্র সংসদ।

সেন্ট জেভিয়ার্স কলেজের বর্তমান ক্রীড়া বিভাগের সঙ্গে সহযোগী হয়ে আয়োজন করেছে জ্যাভেরিয়ান সকার লিগের। ২০২৫ মরশুমে ১০ এবং ১১ মে আয়োজিত হবে এই ফুটবল লিগের দ্বিতীয় সিজন। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্ট খেলা হবে নতুন এক ফরম্যাটে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতি দলের স্কোয়াডে থাকবেন ৮ জন ফুটবলার। ১ জন মার্কি ফুটবলার, ১ জন গেস্ট প্লেয়ার, ৩ জন বর্তমান ছাত্র এবং ৩ জন প্রাক্তন ছাত্রদের নিয়ে গড়া হয়েছে স্কোয়াড। ফাইভ এ সাইট ম্যাচ। অর্থাৎ ম্যাচে খেলবেন ৫ জন ফুটবলার। প্রতি টিমে মার্কি প্লেয়ার হিসেবে থাকবেন একজন করে আন্তর্জাতিক স্তরের ফুটবলার।

মার্কি ফুটবলাররা হলেন রহিম নবি, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, মহম্মদ রফিক, দীপক মণ্ডল, ডেনসন দেবদাস, দীপঙ্কর রায়, এবং আলভিটো ডি কুনহা। ৮টি দলেই প্রত্যেকে একজন করে মার্কি থাকছেন। নবি, মেহতাব, দীপকদের মতো অভিজ্ঞ ফুটবলারদের থেকে শেখার ও একসঙ্গে খেলার সুযোগও পাবেন কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। কলেজের অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্ট জ়েভিয়ার্স কলেজের প্রিন্সিপাল রেভারেন্ড ডক্টর ডমিনিক স্যাভিও এবং প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি ফিরদৌসুল হাসান এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি দলের মালিক এবং মার্কি প্লেয়াররা। প্রত্যেকের পরনে ছিল নির্দিষ্ট টিমের জার্সি। জানিয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজের অভিনব উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। এই মঞ্চ নিজেদের দক্ষতা এবং প্রতিভার প্রমাণ দেওয়ার জন্য বড় সুযোগ তরুণ ফুটবলারদের কাছে, বলেই সকলের মুখে একই কথা।

জ্যাভেরিয়ান সকার লিগ ২০২৫-এ অংশগ্রহণকারী দলগুলি হল — সঞ্জীব কোনারের মালিকানাধীন শার্প শুটার্স দলের মার্কি প্লেয়ার রহিম নবি। সুদেষ্ণা রায় চৌধুরীর মালিকানাধীন ক্রেডো অ্যাক্সিলারেট দলের মার্কি প্লেয়ার মেহতাব হোসেন। ফয়সাল হকের মালিকানাধীন জেভেরিয়ান টাইগার্স দলের মার্কি প্লেয়ার অসীম বিশ্বাস। রবি টোডির মালিকানাধীন বিটিএল ব্লাস্টার্স দলের মার্কি ফুটবলার মহম্মদ রফিক। বিনোদ লাহোটির মালিকানাধীন লেভিটাস দলের মার্কি ফুটবলার দীপক মণ্ডল। সুনীল আগরওয়ালের মালিকানাধীন ডিজিটাল স্ট্রাইকার্স দলের মার্কি ফুটবলার ডেনসন দেবদাস। অতনু মালিকের মালিকানাধীন ওয়ারিয়র্স দলে রয়েছেন দীপঙ্কর মণ্ডল। অমিত বাজোরিয়ার মালিকানাধীন এলওডি লায়ন্স দলে আলভিটো ডি’কুনহা মতো খ্যাতনামা ফুটবলার।

জ্যাভেরিয়ান সকার লিগের উদ্দেশ্য হল ফুটবল চেতনায় দৃঢ়ভাবে প্রথিত ক্ষমতায়ন এবং সংযোগের ভাবধারা। তরুণদের মধ্যে ফুটবল প্রচার। প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আজীবন বন্ধন গড়ে তোলা। তরুণ ফুটবলারদের সঙ্গে আন্তজার্তিক স্তরের খেলোয়াড়দের সাথে পরিচিতির ফলে মাঠে এবং মাঠের বাইরে বিকাশে ত্বরান্বিতকরণ। প্রতিটি দলেই প্রাক্তন ছাত্রদের মালিকানাধীন। রয়েছেন উৎসাহী কর্পোরেট অংশীদার। লিগে সেলিব্রিটি অ্যাম্বাসাডারদের উপস্থিতি উজ্জ্বল। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের সহযোগিতায় লিগটি শিক্ষার সাথে খেলাধুলা এবং সৌহার্দ্যের মিশ্রণের মাধ্যমে সামগ্রিক উন্নয়নের পথযাত্রী।

অনুষ্ঠান শেষে কলেজের প্রিন্সিপাল, দলের মালিক এবং টিমের ফুটবলারদের সঙ্গে ফটোসেসনে নবি, ডেনসন, মেহতাবরা। মেসি, রোনাল্দো, মারাদোনার উদাহরণ টেনে রহিম নবি, মেহতাব হোসেনরা বলেন, ফুটবলের জন্যই ওঁরা দেশের মুখ উজ্জ্বল করেছেন এবং পরিচিতি পেয়েছেন। তরুণ ফুটবলারদের এই সুযোগ হাতছাড়া না করে সকল ছাত্রদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও মনোনিবেশ করার আহ্বান প্রাক্তন ফুটবলারদের।




