RK NEWZ আগামী বিশ্বকাপে লিয়োনেল মেসিকে আর দেখা যাবে না। নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন কোচ লিয়োনেল স্কালোনিকে। অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এলএম টেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিয়োনেল মেসি। তবে এখনই দেশের জার্সি তুলে রাখছেন না এলএম টেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, আপাতত দেশের হয়ে খেলা চালিয়ে গেলেও ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন মেসি। বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন মেসি। আটটি গোল করেছেন। চারটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এ ছাড়াও গোলের সুযোগ তৈরি করেছেন ২৫-২৬টি। তিনি সোনালি বল না পাওয়ায় বিতর্কও হয়েছে। ফর্মে থাকা ৩৯ বছরের মেসি কি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন? বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই তৈরি হয়েছে প্রশ্ন। যদিও মেসি নিজে অবসর নিয়ে মুখ খোলেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনই অবসর নিচ্ছেন না মেসি। দেশের স্বার্থে আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে চান। জাতীয় দলের কোচ লিয়োনেল স্কালোনির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে জাতীয় দল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। কারণ দলের অনেক ফুটবলারের বয়সই ৩৫ বা তার বেশি। স্বভাবতই এ বার আর্জেন্টিনার জাতীয় দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। কিছু খেলোয়াড়কে পরিকল্পনা থেকে বাদ দেবেন স্কালোনি। তরুণ ফুটবলারদের সুযোগ দেবেন। তাঁদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে চান স্কালোনি। একসঙ্গে পুরো দল পরিবর্তনের পক্ষে নন তিনি। জাতীয় দলের পরিবর্তনের এই সময়ে কোচের পাশে থাকতে চান মেসি। আরও কিছু দিন খেলতে চান। নতুন দল ঠিক মতো তৈরি না হওয়া পর্যন্ত তরুণ খেলোয়াড়দের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করতে চান। সব ঠিকঠাক আছে মনে করলে আন্তর্জাতিক ফুটবলকে পাকাপাকি ভাবে বিদায় জানাবেন মেসি। এই প্রক্রিয়ার মধ্যে খুব বেশি দিন নিজেকে রাখতে চান না লিয়ো। আর কয়েক মাস দেশের হয়ে খেলতে চান। আগামী বিশ্বকাপে যে খেলবেন না, তা জানিয়ে দিয়েছেন স্কালোনিকে। তাঁকে ছাড়া পরিকল্পনা করতে বলেছেন কোচকে। পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্তাদেরও। এএফএ সূত্রে খবর, মেসি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তাঁর জন্য জমকালো বিদায়ী ম্যাচের ব্যবস্থা করা হবে। দেশের মাটিতেই শেষ বার নীল-সাদা জার্সি পরে মাঠে নামতে পারেন মেসি। কোচের মতো কর্তারাও অবসরের সিদ্ধান্ত নিয়ে মেসির উপর কোনও চাপ দিতে চান না। লিয়ো নিজে জানালে তবেই বিদায়ী ম্যাচের ব্যবস্থা করবেন তাঁরা।




