Wednesday, July 8, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

টাইব্রেকারে আমেরিকার দেশের কাছে হার কলম্বিয়ার!‌ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড

সুইৎজ়ারল্যান্ড ০ (৪) কলম্বিয়া ০ (৩)

RK NEWZ কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসিদের প্রতিপক্ষ কারা হবে, তা জানতে দীর্ঘ প্রতীক্ষা করতে হল ফুটবলপ্রেমীদের। কলম্বিয়া-সুইৎজ়ারল্যান্ডের রাউন্ড অফ ১৬-র ম্যাচের নিষ্পত্তি হল টাইব্রেকারে। ৪-৩ ব্যবধানে জিতল সুইৎজ়ারল্যান্ড। অতিরিক্ত সময় পর্যন্ত গোল করতে পারেনি কোনও দলই। সুইৎজারল্যান্ড এবং কলম্বিয়া দু’দলই রক্ষণ আগলে আক্রমণে ওঠার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে দু’দলই বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করেছে। স্ট্রাইকারদের ব্যর্থতাই ম্যাচ টেনে নিয়ে গিয়েছে টাইব্রেকার পর্যন্ত। প্রায় সমানে সমানে লড়াই হলেও কলম্বিয়ার দাপট তুলনায় বেশি ছিল। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল লাতিন আমেরিকার দেশটি। ২০ মিনিটে গোলের ভাল সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কাজে লাগাতে পারেনি। সুইৎজ়ারল্যান্ডের রক্ষণকে সারাক্ষণ চাপে রাখার চেষ্টা করে গিয়েছেন কলম্বিয়ার ফুটবলারেরা। কিন্তু সেই অর্থে ভাঙতে পারেননি। ৪৩ মিনিটে সুইস বক্সে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে কলম্বিয়া। গোলরক্ষক গ্রেগর কোবেল পরিস্থিতি সামাল দেন। সুইৎজ়ারল্যান্ড কয়েক বার আক্রমণে উঠলেও গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। দু’দলই নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে। সুযোগ বেশি তৈরি করেছে কলম্বিয়া। কিন্তু গোল করতে পারেনি। গোটা বিশ্বকাপেই কলম্বিয়াকে সমস্যায় ফেলেছে অ্যাটাকিং থার্ডের ব্য়র্থতা। রাউন্ড অফ ১৬-র ম্যাচেও তা ভোগাল। একাধিকবার কোবেলকে প্রায় একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন কলম্বিয়ার ফুটবলারেরা। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব সুইস রক্ষণের। কোবেলও নিজেকে উজাড় করে দিয়েছেন। দু’দলের স্ট্রাইকারদের ব্যর্থতা ফুটবলপ্রেমীদের বিরক্তি বাড়িয়েছে ১২০ মিনিট জুড়ে। অতিরিক্ত সময়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ছিল কলম্বিয়া। সুইস রক্ষণকে ভালই কোণঠাসা করে ফেলেছিল। ৯৩ মিনিটে তাদের পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি। ৯৯ মিনিটে লুকুমার হেড বারে লেগে ফিরে আসে। আবার ১০৪ মিনিটে দলের পতন রোখেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। বক্সের মধ্যে জটলা থেকে জোরাল শট নেন পরিবর্ত হিসাবে নামা আমদুনি। তৎপরতার সঙ্গে বাঁচিয়ে দেন ভার্গাস। ১১২ মিনিট গোলের আরও একটি সুযোগ নষ্ট করে কলম্বিয়া। টাইব্রেকারে কলম্বিয়া দ্বিতীয় এবং চতুর্থ শটে গোল করতে পারেনি। প্রথমে ব্যর্থ হন ডাভিনসন স্যাঞ্চেজ। দ্বিতীয় ক্ষেত্রে গোল করতে পারেননি কৌচো হার্নান্দেজ়। সুইৎজ়ারল্যান্ডের পক্ষে তৃতীয় শটে গোল করতে পারেননি ম্যানুয়েল আকাঞ্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles