RK NEWZ মন্ত্রী তাপস রায়ের আহ্বানে শুক্রবার রাতে আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত পুজো উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দুর্গাপুজোর মতো বাংলায় কালীপুজোও দারুণ জমজমাট। নৈহাটি, বারাসতের কালীপুজো বিখ্যাত হলেও কলকাতায় তার জৌলুস কিছু কম নয়। আর পুজোর দিন দুই আগে সেই আকর্ষণ আরও বাড়িতে তুলল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের পুজো উদ্বোধন। শুক্রবার আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত কালীপুজো মণ্ডপ খুলে গেল তাঁরই হাত ধরে। মন্ত্রী তাপস রায়ের আহ্বানে কালীপুজোর উদ্বোধনে এসে বদলে যাওয়া বাংলার ভূয়সী প্রশংসা শোনা গেল হরভজনের কথায়। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতে নিজের ম্যাচের একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন ‘ভাজ্জি’। সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানান শুভেন্দুকে। গাঢ় বেগুনি রঙের স্যুট, ব্লেজার। সঙ্গে একই রঙের পাগড়ি। মুখে বরাবরের মতো মিষ্টি হাসি। কালীপুজোর উদ্বোধনে এমনই জমকালো সাজে কলকাতার মাটিতে দেখা গেল হরভজন সিংকে। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত আমহার্স্ট স্ট্রিটে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর নামাঙ্কিত পুজোর আকর্ষণ যেন আরও বাড়িয়ে দিলেন ‘পাঞ্জাব দা পুত্তর’। এখানে তারাপীঠের নিয়মাবলী মেনে পুজো হয়। শুধু ফিতে কেটে পুজোর উদ্বোধন নয়। হরভজন রীতিমতো ফুল নিয়ে মা কালীর চরণে অর্পণ করে ভক্তিভরে প্রণাম করেন। তাঁর পাশে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বদলে যাওয়া বাংলার প্রতি তাঁর ভালো লাগার কথা অকপটে প্রকাশ করলেন হরভজন। তাঁর কথায়, ‘‘আমি আগেও দু, একবার এসেছি কলকাতায়। এবার এসে বদলটা দেখতে পাচ্ছি। যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা বেশ ভালো লাগছে। আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই শ্রী তাপস রায়জিকে। তিনি আমাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয়, এখনকার মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন। আমি ওঁর (শুভেন্দু অধিকারী) সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছি। আমার একটা জার্সি উপহার দিয়েছি। উনিও খুব খুশি হয়েছেন।” উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ার শেষে হরভজন নিজেও রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। তিনি পাঞ্জাব থেকে আপের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু চলতি বছরই বিজেপিতে যোগদান করেছেন। তাই বাংলার রাজনৈতিক বদলটা বেশ ভালোই টের পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

কালীপুজোয় থিমের চমক হাওড়া জুড়ে। ছিন্নমস্তা ভূত বাংলো থেকে গ্রামবাংলার হাট থিমের সঙ্গে বাড়তি আকর্ষণ বলিউডের জয়াপ্রদা থেকে টলিউডে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন,মন্ত্রী উমেশ রাইও। এছাড়া চোখধাঁধানো আলোকসজ্জ তো আছেই। দাশনগরের সানপুর মিতালি সংঘের এবছরের কালীপুজোর ভাবনা ছিন্নমস্তার ভূত বাংলো। সেখানে জীবন্ত মডেলদের দেখা যাবে। তারা দর্শনার্থীদের সঙ্গে আলাপ করবেন! নানাধরনের ভূতেদের সঙ্গে দেখা হবে। ভূত বাংলোয় ঢুকলে গায়ে কাঁটা দেবে। পুজোর উদ্বোধনেও থাকছে চমক। উদ্বোধন করবেন মুম্বই খ্যাত অভিনেত্রী জয়াপ্রদা। এছাড়াও ১৬ নভেম্বর সন্ধ্যায় আছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা মিউজিক্যাল ট্রুপ। বালিটিকুরি চাকপাড়া মুক্তি সংঘে এবারের থিম গ্রামবাংলার হাটে। পুজো কমিটির সভাপতি সনাতন ভটক জানালেন, মণ্ডপে গ্রামবাংলার হাটের ছবি তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। সেই গ্রামেই শ্যামা মায়ের আরাধানা। ব্যাঁটরা রথতলা মহামানব সংঘের ঐতিহ্যমণ্ডিত কালীপুজোর এবার প্রাক-শতবর্ষ। পুজো মণ্ডপে মা কালীর আরাধনায় সাবেকিয়ানার ছোঁয়া থাকছে। আর থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা। রাজ্যে পালাবদলের পর এবার মহামানব সংঘের পুজোয় এবার প্রধান অতিথি মন্ত্রী তথা বিজেপি বিধায়ক উমেশ রাই। বালিটিকুরি তরুণ দলের পুজোয় এবার আলোকসজ্জায় বিশেষ চমক থাকছে। সেখানেও পুজোর অতিথি তালিকায় রয়েছেন জেলার বিজেপি নেতারা। এই পুজোর প্রধান উপদেষ্টা বিধায়ক রুদ্রনীল ঘোষ। এছাড়া বিশেষ অতিথিদের তালিকায় মন্ত্রী উমেশ রাই, বিধায়ক সঞ্জয় সিং। দাশনগর জুনিয়র সংঘের পুজো এবার সাবেকিয়ানায় ভরা। সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে পুজো কমিটির তরফে।




