Top 5 This Week

spot_img

Related Posts

পাহাড়ের চূড়ায় নতুন ক্যাম্পাস!‌ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মেঘালয়ে পঠনপাঠনের নতুন ঠিকানা

২০২৭ সালের জুলাই থেকে শুরু হবে পঠনপাঠন। ১৫ একর জমির উপর গড়ে উঠছে পাহাড়ের চূড়ায় নতুন ক্যাম্পাস, উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করার উদ্যোগ। উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের কাছে উন্নতমানের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করে তুলতে মেঘালয়ে নতুন ক্যাম্পাস স্থাপন করতে চলেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU)। পশ্চিমবঙ্গের বাইরে নিজেদের শিক্ষাক্ষেত্রের পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। গত ২৪ নভেম্বর কলকাতায় আয়োজিত রিপাবলিক সামিটে এই সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার। পরবর্তীতে ২৫ নভেম্বর SNU-র কলকাতা ক্যাম্পাসেও এই ঘোষণাকে কেন্দ্র করে উদযাপনের আয়োজন করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ের চূড়ায় প্রায় ১৫ একর জমির উপর গড়ে উঠবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মেঘালয়ের নতুন ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থাও থাকবে। আগামী ২০২৭ সালের জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মের শিক্ষাগত ও পেশাগত আকাঙ্ক্ষাকে সামনে রেখে গড়ে উঠতে চলা এই প্রতিষ্ঠানটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে একটি শক্তিশালী শিক্ষাগত সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলির শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি করবে এই উদ্যোগ। এই প্রসঙ্গে চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী মেঘালয় সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে তিনি মেঘালয়ের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করতে প্রয়োজনীয় বিলটি দ্রুত পাস করার ক্ষেত্রে তাঁর সহযোগিতার জন্য। পাশাপাশি এই উদ্যোগকে বাস্তবায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কলকাতার মিস তুলিকা চট্টোপাধ্যায় ও ড. মিনাল পারিক এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার মি. অভিজিৎ মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানান তিনি।

বহু সংস্কৃতির মেলবন্ধন, বিপুল তরুণ জনসংখ্যা এবং শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা নিয়ে উত্তর-পূর্ব ভারত আজ শিক্ষা, উদ্ভাবন ও উদ্যোগপতিত্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার বিপুল সম্ভাবনা বহন করছে। এই অঞ্চলের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে উন্নতমানের উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার গুরুত্বকেই তুলে ধরছে SNU-র মেঘালয় ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের অঞ্চলে থেকেই নতুন সুযোগের সন্ধান পাবেন এবং একই সঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এই নতুন ক্যাম্পাস টেকনো ইন্ডিয়া গ্রুপের চার দশকেরও বেশি সময়ের শিক্ষাক্ষেত্রে পথচলায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। উন্নতমানের শিক্ষার প্রসার, তরুণ প্রতিভার বিকাশ এবং প্রগতিশীল ভারতের স্বপ্নপূরণে সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে টেকনো ইন্ডিয়া গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারকেই আরও একবার তুলে ধরছে এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles