RK NEWZ খেলাধুলা, নিয়মিত শরীরচর্চা এবং অবসর সময়ে নানা শারীরিক ক্রিয়াকলাপে এখন মানুষ খুব বেশিভাবে যুক্ত থাকেন, এই প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক চিকিৎসাব্যবস্থায় স্পোর্টস মেডিসিনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, পেশিতে আঘাত বা জয়েন্টের ক্ষতির মতো খেলাধুলাজনিত চোট কেবল ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্সেই ধাক্কা দেয় না, দৈনন্দিন চলাফেরা ও জীবনযাত্রার মানকেও বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। বিশেষজ্ঞদের মতে, স্পোর্টস মেডিসিনের পরিধি শুধু চোটের চিকিৎসার মধ্যেই আটকে নেই। এর মূল ভিত্তি হল—চোট প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন। প্রাথমিক অবস্থাতেই চোট ধরা পড়লে এবং সামগ্রিক চিকিৎসা পদ্ধতি মেনে চললে জটিলতা যেমন কমে, তেমনই ফের একই চোট পাওয়ার ঝুঁকি এড়িয়ে নিরাপদে স্বাভাবিক শারীরিক কার্যকলাপে ফেরা সহজ হয়।
সাম্প্রতিক সময়ে অর্থোপেডিক চিকিৎসাক্ষেত্রে একাধিক অগ্রগতি খেলাধুলাজনিত চোটের চিকিৎসাকে আরও মজবুত করেছে। উন্নত রোগ নির্ণয় ব্যবস্থা, বিশেষায়িত অস্ত্রোপচার এবং ব্যক্তিভিত্তিক পুনর্বাসন কর্মসূচি পেশির শক্তি, স্থিতিশীলতা এবং জয়েন্টের কার্যক্ষমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এক্ষেত্রে চোটের ধরন ও তীব্রতা, সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থা এবং তাঁর সক্রিয়তার লক্ষ্য বিবেচনা করেই চিকিৎসার পথ নির্ধারিত হয়। স্পোর্টস মেডিসিনের অন্যতম স্তম্ভ হল রিহ্যাবিলিটেশন। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে ওঠা মানে কেবল ব্যথা কমে যাওয়া বা চোট সেরে ওঠা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নমনীয়তা, শক্তি, সমন্বয় এবং চলাফেরার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। সুপরিকল্পিত পুনর্বাসন কর্মসূচি ফের চোট লাগার আশঙ্কা কমিয়ে ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। যাঁরা প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে চান, তাঁদের পাশাপাশি সাধারণ মানুষ যাঁরা সক্রিয় জীবনধারা বজায় রাখতে আগ্রহী—উভয়ের ক্ষেত্রেই এটি সমানভাবে জরুরি।
স্পোর্টস মেডিসিনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড (মেন ব্রাঞ্চ), বেঙ্গালুরুর অর্থোপেডিক ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির বিভাগীয় প্রধান ও কনসালট্যান্ট ডাঃ সুনীল জি কিনি বলেন, “খেলাধুলাজনিত চোটের চিকিৎসার ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুস্থতার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। দ্রুত রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে এবং পুনরায় চোট পাওয়ার ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু চোট থেকে সুস্থ করে তোলা নয় বরং রোগীকে তাঁর স্বাভাবিক চলাফেরা, আত্মবিশ্বাস এবং পছন্দের শারীরিক কার্যকলাপে ফিরে যাওয়ার সক্ষমতা প্রদান করা।





