Top 5 This Week

spot_img

Related Posts

চরম আর্থিক সংকট! আই লিগ থেকে দল তুলে নিচ্ছে মহামেডান

RK NEWZ আই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। চরম আর্থিক সংকট! আই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আজ রাতে অথবা কাল সকালে ইমেল করা হবে ফেডারেশনকে। ফ্যান্স ক্লাবদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন, মহামেডান সভাপতি গজল জাফর। ফ্যান্স ক্লাবেদের হাতে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে দিয়েছেন মহামেডান কর্তারা। এমনই দাবি গজলের। মহামেডান সভাপতির অভিযোগ, আগের কমিটি ৭০ কোটি দেনা রেখে গিয়েছে। চরম আর্থিক সংকটের জেরে চলতি আই লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ক্লাবতাঁবুতে সমর্থকদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন সাদা-কালো কর্তারা। আজ রাতেই অথবা শনিবার সকালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ইমেল করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। ফ্যানস ক্লাবগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহামেডান সভাপতি গজল জাফর। এমনকী ক্লাবের আর্থিক পরিস্থিতি বোঝাতে সমর্থকদের হাতে ব্যাঙ্ক স্টেটমেন্টও তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিংয়ের ইতিহাসে এমন ঘটনা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। মাঠের পারফরম্যান্সে এমনিতেই ছন্দহীন সাদা-কালো ব্রিগেড। চলতি আই লিগে টানা চারটি হারের ধাক্কা সামলাতে না সামলাতেই সামনে এসেছে আর্থিক অনটনের ভয়াবহ ছবি। নেই কোনও বড় ইনভেস্টর। ফুটবলারদের বেতন থেকে শুরু করে ম্যাচ আয়োজন, সব ক্ষেত্রেই অর্থের অভাব প্রকট। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে লিগের বাকি ম্যাচগুলি না খেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হল ক্লাব। মহামেডান সভাপতি গজল জাফরের কথাতেই পরিষ্কার, ক্লাবের আর্থিক পরিস্থিতি কতটা শোচনীয়। তিনি বলেন, “শূন্যে থাকলে হয়তো ক্লাব চালানো সহজ হত। কিন্তু এখন আমাদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই। দল তুলে নেওয়া ছাড়া উপায় দেখছি না। কোনও ইনভেস্টর নেই। নিজেদের পকেট থেকে যতটা সম্ভব অর্থ দিয়েছি। সেই সমস্ত হিসাব ক্লাবের অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু এর তো একটা সীমা আছে!” তিনি আরও বলেন, “এত বড় ক্লাব। ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বেতন বাবদ মাসে ৪০-৫০ লক্ষ টাকা খরচ হয়। তার উপর ঘরের মাঠে একটি ম্যাচ আয়োজন করতে প্রায় ৬ লক্ষ টাকা লাগে। অ্যাওয়ে ম্যাচের খরচ প্রায় ১০ লক্ষ। এই বিপুল ব্যয় আমাদের পক্ষে বহন করা কীভাবে সম্ভব?”

সমস্যা আরও গভীর হয়েছে অতীতের আর্থিক দেনার কারণে। আগের কমিটির বিরুদ্ধে বিপুল দেনা রেখে যাওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান সভাপতি। গজল বলেন, “আগের কমিটি ৭২ কোটি টাকার দেনা রেখে গিয়েছে। প্রতিদিনই কোনও না কোনও নোটিস আসছে। এই সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়তো দু’বছর সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে আমাদের কোনও সমাধান খুঁজে বের করতে হবে।” ফিফার নিষেধাজ্ঞাও মহামেডানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুরনো কমিটির সময়কার ফুটবলারদের নিয়েই দল চালাতে হচ্ছে বলে দাবি গজলের। এমনকী দলের ভারসাম্যও ঠিক নেই। তাঁর কথায়, “এই মুহূর্তে আমাদের দলে কোনও লেফট ব্যাক নেই। বাধ্য হয়ে রাইট ব্যাকের ফুটবলারকে বাঁ দিকে খেলাতে হচ্ছে। আর কী করা যাবে! হাতে কোনও বিকল্প নেই। এভাবে দল চালানো সত্যিই কঠিন। ফুটবলারদের বকেয়া নিয়েও উদ্বেগের শেষ নেই। গজল জানান, আগের কমিটির আমলে ফুটবলারদের প্রায় ২০ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে। যা নিয়ে একের পর এক আইনি নোটিস আসছে। তিনি বলেন, “আগের কমিটি ফুটবলারদের প্রায় ২০ কোটি টাকা বেতন বকেয়া রেখে গিয়েছে। সেই কারণে প্রত্যেকের কাছ থেকেই আইনি নোটিস আসছে। আগের কমিটি ক্লাবকে প্রায় ২০ বছর পিছিয়ে দিয়ে গিয়েছে।”

গত মরশুম থেকেই বিনিয়োগকারী সমস্যায় ভুগছিল মহামেডান। সেই কারণেই বদল হয়েছিল ক্লাবের পরিচালন কমিটিতে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আশা তৈরি হয়েছিল, আর্থিক সমস্যার সমাধান হবে। কিন্তু বড় কোনও বিনিয়োগকারীকে পাশে পায়নি ক্লাব। আই লিগ শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে সম্রাট রায় নামে এক বাঙালি উদ্যোগপতির সংস্থাকে স্পনসর হিসাবে পাশে দাঁড়িয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে তাঁরাও অন্ধকারে। সরকারি ভাবে তাঁরাও কিছু জানেন না। পরিচিত মহলে অনুদানের আবেদন থেকে নতুন করে সদস্যপদ চালু সব রকম চেষ্টা করেছেন কর্তারা। সদস্যপদ থেকে প্রায় ১০ লক্ষ টাকা উঠলেও ক্লাবের বিপুল খরচের তুলনায় তা ‘সামান্য’। এই পরিস্থিতিতে নিজেদের পকেটের টাকা দিয়ে আর ক্লাব চালানো সম্ভব হচ্ছে না বলেই শেষ পর্যন্ত এমন কঠিন সিদ্ধান্ত। গজল জানিয়েছেন, ফ্যানস ক্লাবগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্লাবের ব্যাঙ্ক স্টেটমেন্টও। সমর্থকদের কাছে আর্থিক পরিস্থিতির পুরো ছবিটাই তুলে ধরা হয়েছে। চলতি মরশুমে আই লিগের বাকি ম্যাচগুলিতে মহামেডানকে দেখা না গেলেও আগামী মরশুমে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডে খেলার পরিকল্পনা রয়েছে কর্তাদের। আপাতত আর্থিক বিপর্যয় সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, শতাব্দীপ্রাচীন এই ক্লাব কবে কাটিয়ে উঠবে এমন গভীর সংকট? বাংলার ফুটবলের কাছে যা নিঃসন্দেহে এক বড় ধাক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles