RK NEWZ ৫২ বলে ডবল সেঞ্চুরি বৈভবের। একজন ১৫ বছর বয়সি কিশোর যেন নতুন করে ক্রিকেটের ব্যাকরণ লিখছে। ২৮টি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে নতুন নজির গড়ার পরও বৈভব বেশ শান্ত। তোমাকে বল করার সময় বোলারেরা চাপে থাকে। তুমি কখনও চাপ অনুভব করো? লাজুক মুখে বৈভব বলেছে, ‘‘চাপ তো একটু থাকেই। যে কোনও ম্যাচের আগেই কিছুটা চাপ থাকে। তবে ওটা প্রথম দু’-চার বলের ব্যাপার। কয়েকটা বল খেলার পর আর চাপ থাকে না। স্বাভাবিক ব্যাটিং করি।’’ আগের দু’ম্যাচে রান পাওনি। কী সমস্যা হচ্ছিল? বৈভবের বক্তব্য, ‘‘সমস্যা কিছু নয়। দু’ম্যাচেই পিচে থিতু হয়ে যাওয়ার পর আউট হয়েছি। আমিরশাহির বিরুদ্ধে ব্যাট করতে নেমে মনে হল, বোলারেরা পিচ থেকে তেমন সাহায্য পাচ্ছে না। তাই সুযোগ নেওয়ার চেষ্টা করি। বড় শট নেওয়ার চেষ্টা করেছি। মারার বল পেলে মেরেছি। খুব সাধারণ পরিকল্পনা নিয়ে ব্যাট করি।’’ সতীর্থেরা সকলেই বয়সে বেশ কিছুটা বড়। দলে মানিয়ে নাও কী করে? বৈভবের উত্তর, ‘‘আমি বিহারকে নেতৃত্ব দিয়েছি। খুব মজা লেগেছে অধিনায়কত্ব করে। এই দলের সিনিয়রদের সঙ্গে আগেও খেলেছি। সকলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। আমরা প্রচুর মজা করি। কোনও সমস্যা হয় না।’’ দ্বিশতরান, বিশ্বরেকর্ড। তা-ও তেমন উচ্ছ্বাস দেখলাম না তোমার! কী ব্যাপার? বৈভবের উত্তর, ‘‘না, উচ্ছ্বাসের কথা মাথায় আসেনি। কারণ, আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে ওঠা। তার পর ফাইনাল। একটা ম্যাচ নিয়ে ভাবছি না আমরা। চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব করা যাবে।’’ বৈভবের কথায় স্পষ্ট, পাকিস্তানের কাছে হেরে চাপে রয়েছে ভারত ‘এ’ দল। চ্যাম্পিয়ন হতে না পারলে এই সব নজিরের গুরুত্ব থাকবে না, জানে বৈভব। তাই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েও সংযত থাকার চেষ্টা করেছে। যদিও ২২ গজে কোনও রকম সংযমের চিহ্ন ছিল না। মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি। হোক না ‘লিস্ট এ’ ক্রিকেট। হোক না প্রতিপক্ষের নাম সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু বৈভবের ব্যাট থেকে প্রতিটা বল মাঠের বাইরে পড়া মানে নতুন রেকর্ড তৈরি হওয়া। এদিনও গুচ্ছ রেকর্ড গড়ল ‘বেবি বস’।
মাত্র ২৮ বল। সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল নিল বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল ১৫ বছর বয়সি ক্রিকেটারের ব্যাটে। দাঁড়ান এখানেই শেষ নয়। এরপর ডবল সেঞ্চুরি। সেটা এল ৫২ বলে। সেটাও রেকর্ড। অতীতে এরকম ব্যাটিং কী আগে দেখা গিয়েছে? মনে তো হয় না। যুব এশিয়া কাপে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহীকে। লক্ষ্য ২৫০ রান। আর বৈভব একাই তুলল ২০৪… লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্কের। ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন সেই নজির ভেঙে দিল বৈভব। সেঞ্চুরি করল মাত্র ২৮ বলে। সেঞ্চুরির পথে হাঁকায় চারটে চার, আর সেঞ্চুরির সংখ্যা ১৪টি। সেঞ্চুরি করে চার মেরে। তারপরও ‘বৈভব শো’ চলতে থাকে। প্রায় প্রত্যেক ওভারেই চার-ছক্কা। যেন চোখ সরানো যায় না। দিশাহারা আমিরশাহীর বোলিং। ডবল সেঞ্চুরি করে মাত্র ৫২ বলে। সেটাও নজির। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি এসেছিল ১০৩ বলে। সেটা করেছিলেন ক্যান্টারবেরির চ্যাড বোয়েস। আর বৈভব নিল মাত্র অর্ধেক বল। যেন ভিডিও গেমস। কতবার যে আশপাশের জঙ্গলে বল হারাল, তার ইয়ত্তা নেই। শেষ পর্যন্ত ৫৩ বলে তার ব্যাট থেকে এসেছে ২০৪ রান। স্ট্রাইক রেট ৩৮৪.৯১। চারের সংখ্যা ৭, ছক্কা ২৮। অর্থাৎ ১৯৬ রান এসেছে শুধু… এর আগে প্রতিযোগিতা মূলক ক্রিকেট ম্যাচে একজন ব্যাটারের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের। ২০১৮ সালে ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। যে কোনও ফরম্যাটে, যে কোনও বয়সের প্রতিযোগিতায় এটাই ছিল এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা। আর এদিন বৈভব মেরেছে ২৮টি ছক্কা। এমনকী এর আগে কোনও ভারতীয় ব্যাটার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ২০টার বেশি ছক্কা মারতে পারেনি। বৈভব সেটাও ভেঙে দিল। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০ , ১৫০ ও ২০০ রানের রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। ১৫০ এসেছে ৪০ বলে। ঘটনাচক্রে এর আগের দ্রুততম ১৫০ এসেছিল বৈভবের ব্যাট থেকেই। আরও রেকর্ড আছে। ২০১৪ সালে আইপিএলে ২৫ বলে ৮৭ রান করেছিলেন সুরেশ রায়না। যা পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রান ছিল। বৈভব ২৮ বলে সেঞ্চুরিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। ম্যাচের পর বৈভব বলছে, “আগের দুই ম্যাচে আমি ভালো শুরু করেও আউট হয়েছিলাম। আজ ব্যাট করতে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম, বোলাররা এই পিচ থেকে সাহায্য পাবে না। তাই আজ আমার লক্ষ্য ছিল, বড় ইনিংস খেলব। আজ সেটা সম্ভব হয়েছে। তবে আমরা বেশি সেলিব্রেশন করব না। কারণ আমরা সেমিফাইনাল জেতার বিষয়ে আশাবাদী। আশা করছি সেই লড়াই জিতে ফাইনালে খেলব। চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব করা যাবে।” বৈভবকে নিয়ে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বলছেন, “ওকে নিয়ে আর কী বলব! একেবারে ধ্বংসযজ্ঞ। আমরা মাঠের বাইরে বসে বলছিলাম, ‘আরও মার, আরও মার।’ এবার আমাদের সেমিফাইনাল জিততে হবে। আমরা তৈরি।” প্রতিপক্ষ অধিনায়ক রাসিল হামিদও বলছেন, “ওকে আটকানো অসম্ভব। এটা যে ঘটল, সেটা মানিয়ে নিতে কিছু সময় লাগবে।”





