RK NEWZ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেঁচে থাকতে হলে ‘ডু অর ডাই’ ম্যাচ। আর সেখানে জ্বলে উঠলেন বাংলার ব্যাটাররা। অভিষেক পোড়েল ও করণ লালের বিধ্বংসী ব্যাটিংয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বড় জয় বাংলার। বিশেষ করে ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদেরই যেন বেশি করে আক্রমণ করেন ঋষভ চৌধুরীরা। এরপর প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণিতে ৯৩ রানের বিরাট ব্যবধানে জয়। যার ফলে রান রেট বাড়িয়ে রাখল লক্ষ্মীরতন শুক্লার দল। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে যা কাজে লাগতে পারে। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে বৃষ্টির জন্য ম্যাচ কমিয়ে মাত্র ১৫ ওভারের করা হয়। আর সেখানে অবিশ্বাস্য ব্যাটিং বাংলার। ১৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তোলে ২০১ রানে। অর্থাৎ ১৩ রানের বেশি রান রেট। শুরুতে সুদীপ কুমার ঘরামির উইকেট হারায় বাংলা। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও (১৯) বড় রান পাননি। তবে অভিষেক পোড়েল ও করণ লাল মিলে উত্তরপ্রদেশের বোলিংকে দুরমুশ করে দেন। চলতি মরশুমে দারুণ ছন্দে আছেন অভিষেক। এদিন করলেন ৩৯ বলে ৬৯। ব্যাটে ছিল ৭টা চার ও তিনটে ছক্কা। অন্যদিকে করণ আরও সরেস। তিনি মাত্র ২৯ বলে ৮২ রান করেন। স্ট্রাইক রেট ২৮২.৭৬। ৫টা চারের সঙ্গে মারেন ৮টি ছয়। উত্তরপ্রদেশের বোলিংয়ে ভুবনেশ্বর, কুলদীপ ছাড়াও ছিলেন যশ দয়াল, শিবম মাভি ও প্রশান্ত বীর। প্রত্যেকেই ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ। তবে অভিষেক-করণ টার্গেট করেন দুই বড় নামকেই। ভুবির এক ওভারে আসে ৩০ রান। দিন শেষে পরিসংখ্যান ৩ ওভারে ৫৫। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাফল্য পাননি। বাংলার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন। অন্যদিকে কুলদীপ ৩ ওভারে দেন ৪১। তাঁর এক ওভারে বাংলার ব্যাটাররা তোলেন ১৯ রান। শেষদিকে ৭ বলে ১৮ রান করে বাংলাকে ২০০ পার করে দেন ঋষভ।
জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। মহম্মদ শামি উইকেট পাননি। মুকেশ কুমার ও সায়ন ঘোষের ঝুলিতে একটি করে উইকেট। এদিন অভিষেক হওয়া অখিলেশ যাদব ২৭ রান দিয়ে ২ উইকেট পান। আর প্রদীপ্ত মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। উত্তরপ্রদেশের ইনিংস থেমে যায় মাত্র ১০৮ রানে। বাংলা জিতল ৯৩ রানে। গ্রুপ ‘এ’-তে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১৬। ২.২০৬ রান রেট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গ্রুপ শীর্ষে থাকা বরোদা ও তৃতীয় স্থানের রাজস্থান আজই মুখোমুখি হবে। দু’দলেরই পয়েন্ট ১৬। সেদিকে নজর থাকবে বাংলার। বাংলার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষে থাকা দল ও পাঁচ গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা তিনটি দল কোয়ার্টার ফাইনালে যাবে।
সিন্দারভকে রুখে ড্র গুকেশের!
ঘুঁটি নয়, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চাপ বাড়াল ঘড়ি!
সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন ছিল। বিশ্লেষকদের চোখেও ফেভারিট ছিলেন না। উল্টোদিকে ক্যান্ডিডেটস জিতে দারুণ ছন্দে থাকা ২০ বছরের উজবেক প্রতিপক্ষ। তবু বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই ধৈর্যের পরীক্ষা দিলেন ডি গুকেশ। মঙ্গলবার জেনেভায় ঘড়ির কাঁটার তীব্র চাপ সামলে জাভোখির সিন্দারভের বিরুদ্ধে খেলা ড্র রাখলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ৩৭ চালের লড়াই শেষে স্কোর ০.৫-০.৫। কালো ঘুঁটি নিয়ে ‘রুয়ি লোপেজ’-এর চেনা ‘বার্লিন ডিফেন্স’ বেছে নেন গুকেশ। সর্বোচ্চ স্তরের দাবায় ড্রয়ের সম্ভাবনার জন্য পরিচিত চাল। যার অষ্টম চালেই বোর্ড থেকে উঠে যায় দুই পক্ষের রানি। খেলা গড়ায় এন্ডগেমে। সাদা ঘুঁটির সিন্দারভের হাতে রাজার দিকের বোড়েতে সামান্য গঠনগত সুবিধা, আর গুকেশের ঝুলিতে দুই গজ— যদিও সি-ফাইলে আটকে জোড়া বোড়ে। পাল্টা সুযোগে কুইনসাইডে নজর ভারতের। সময়ের সংকট
বোর্ডের চেয়েও এদিন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সময়। ১৭তম চালে গজ সরাতে গুকেশ ভাবলেন ৩৬ মিনিট ১৪ সেকেন্ড! প্রথম দফার নির্ধারিত সময়ে বাকি ২৩ চালের জন্য তখন হাতে ২৯ মিনিটেরও কম। সিন্দারভ সেখানে অনেক এগিয়ে। ১৯তম চালে ১৮ মিনিটের বেশি খরচ করেও ঘড়িতে তাঁর হাতে বড় পুঁজি। মাঝপথে সিন্দারভের হাতে ৫৫ মিনিটের বেশি সময়, গুকেশের সাকুল্যে ১৬ মিনিট।
তবু ভেঙে পড়েননি। গুকেশের কথায়, ‘আমার মনে হয়েছিল সবসময়ই নিয়ন্ত্রণ আমার হাতে, অন্তত দুশ্চিন্তা করার মতো জায়গায় ছিলাম না।’ আরও বললেন, ‘সময়ের চাপে পড়ার আগেই পরের কয়েকটি চাল ভেবে রেখেছিলাম। খুশি যে কিছুটা সময় নিয়ে ভালো সমাধান খুঁজে পেয়েছিলাম, আর পরের চালগুলো তুলনামূলক সহজ ছিল।’ বোর্ডে ভারসাম্য থাকলেও সময়ের ফারাক বাস্তবিক চাপে ফেলেছিল চ্যাম্পিয়নকে। তবে অফিসিয়াল সম্প্রচারে গ্র্যান্ডমাস্টার পিটার লেকোর বিশ্লেষণ, সিন্দারভের ২০তম ঘোড়ার চালটি বেশিই উচ্চাকাঙ্ক্ষী ছিল— তাতে ঘোড়া বিচ্ছিন্ন হয়ে পড়ে, কুইনসাইডে পাল্টা সুযোগ পান গুকেশ।
এন্ডগেমে প্রতিরোধ
২৩তম চালে একটি বোড়ে তুলে খেলা জমিয়ে দেন গুকেশ। ২৪তম চালে পাল্টা আক্রমণ সিন্দারভের, ২৬-২৭তম চালে বোড়ে ফিরিয়ে রাজাকে চেক। বাকি ১৩ চালের জন্য তখন গুকেশের হাতে মাত্র ৯ মিনিট। তবু পিছিয়ে না গিয়ে সক্রিয় করলেন রাজাকেই। ২৯তম চালে গজ ও ঘোড়া বদল করে অবস্থান সহজ করার চেষ্টা। পরের ১০ চালের জন্য সময় ৭ মিনিটেরও কম, তবু দুর্বল এইচ-৬ বোড়ের ওপর সিন্দারভের চাপ সামলে নেন ভারতীয় তারকা।
শেষদিকে জি-৮ ও এইচ-৭ ঘরের মধ্যে বারবার রাজাকে ঘুরিয়ে একই অবস্থানের পুনরাবৃত্তি— ৩৭ চালে ড্রয়ে রাজি দু’জনেই। প্রথম গেমে সিন্দারভ চাপ তৈরি করলেও ঘড়ির সুবিধা জয়ে বদলাতে পারলেন না। খেতাবি লড়াইয়ের ভাগ্য নিষ্পত্তির জন্য এখনও বাকি রইল আরও ১৩টি খেলা।




