Top 5 This Week

spot_img

Related Posts

‌৬ মাসে বিশ্বভ্রমণ!‌ ‘চাঁদের পাহাড়’-কালাহারি ছুঁয়ে ফিরলেন পুরুলিয়ার ‘অক্ষয়’

RK NEWZ ‘থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে।’ ঘুরেই যাচ্ছে সাইকেলের চাকা। পার হয়ে যাচ্ছে হাজার-হাজার কিলোমিটার পথ। গ্রাম, জঙ্গল, পাহাড়, মরুভূমি। কখনও কেনিয়ায় বিষুবরেখা ধরে, আবার কখনও সাভানা তৃণভূমিতে দলছুট হাতি, জেব্রার মুখোমুখি। কখনও সাতসকালে মাসাইদের উঠোনে। সিরো ও ইঞ্জেরার ট্র্যাডিশনাল খানায় প্রাতরাশ। কখনও ভূগোলের বইয়ে পড়া ‘দ্য গ্রেট রিফট ভ্যালি’র সামনে। এভাবেই স্রেফ দু’চাকায় ভর করে যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শংকর হয়ে উঠলেন পুরুলিয়ার যুবক অক্ষয় ভগত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু লাগোয়া বুড়দার বাসিন্দা অক্ষয়। স্বপ্ন ছিল সাইকেলের প্যাডেলে পা রেখে ৬ হাজার কিলোমিটার দূরের আফ্রিকা ঘোরা। সমাজমাধ্যমের প্রোফাইলের বায়োতে লেখা ‘একদিন চাঁদের পাহাড় খুঁজে বের করব।’ প্রায় ৯ লাখ বর্গ কিলোমিটার কালাহারি মরুভূমি অতিক্রম করে সেই স্বপ্ন সফল করেছেন তিনি। যে রেকর্ড আগে ছিল না কোনও বাঙালি অভিযাত্রীর। আফ্রিকায় পা রাখার আগে ২০টি দেশজুড়ে দু’চাকাতেই অক্ষয় পেরিয়েছিলেন প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ। এখন গুগলে ‘অক্ষয়’ টাইপ করলে ভেসে উঠছে পুরুলিয়ার সাইকেলম্যান অক্ষয় ভগতের ছবি। গত ২২ মে ‘চাঁদের পাহাড়’ ছুঁতে ঘর থেকে বেরিয়েছিলেন। প্রতিকূলতাই ছিল সঙ্গী। গত বছর রাশিয়া থেকে ফেরার সময় দুবাইয়ে খারাপ হয়ে যাওয়া সাইকেল বিমানে তুলে ইথিওপিয়ার বিমানবন্দরে নামেন। তারপর বিরাম ছিল না দু’চাকার।

অভাব থেকেই হাফ প্যাডেলে শুরু হয়েছিল তাঁর সাইকেলে ওঠা। ভোরে দুধ সরবরাহ, খবরের কাগজ বিক্রি। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েও লেখাপড়ায় ইতি পড়ে। ততক্ষণে অক্ষয় পড়ে ফেলেছিলেন বুড়দার গ্রন্থাগারে থাকা প্রথম ভারতীয় ভূ-পর্যটক বিমল মুখোপাধ্যায়ের ‘দুই চাকায় দুনিয়া’ ও অন্যান্য ভ্রমণ কাহিনি। ৫ মার্চ, ২০১৮। হাতে মাত্র ১০০ টাকা নিয়ে প্রথম সাইকেলে ভ্রমণ শুরু অক্ষয়ের। বাল্যবিবাহ রোখার শপথ নিয়ে ভারত ভ্রমণ। বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে সাইকেলে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চিন, মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান। এই দীর্ঘ সফরের উদ্দেশ্য ছিল গাছ বাঁচানো। দু’চাকায় ভ্রমণের কত যে অভিজ্ঞতা! অক্ষয়ের কথায়, ‘বহুবার বিপদে পড়েছি। অসুস্থ হয়েছি। কিন্তু জীবন দিয়ে সাইকেলকে আগলে রেখেছি। এই সাইকেল আমাকে বিশ্ব চেনাচ্ছে। দু’চাকায় ভর করে আমি খুঁজেছি চাঁদের পাহাড়। মন দিয়ে তাকে স্পর্শ করেছি।’সাম্প্রতিক দীর্ঘযাত্রার অ্যাডভেঞ্চার নিয়ে অক্ষয় বলছেন, ‘দেখেছি নীল নদ। মৃত্যুর হাতছানি সত্বেও সাইকেলে পার হয়েছি কালাহারি। তীব্র গরমে একফোঁটা জল মেলে না। বসতি নেই। সেখানে আমি একা গিয়েছি। বন্যপ্রাণের আক্রমণ থেকে বেঁচেছি। আফ্রিকার মানুষ সিংহের সাথে সহাবস্থানে বিশ্বাসী। বন্যপ্রাণ হত্যা করে না। গর্ভবতী হস্তিনীকে খাবারে বোমা বেঁধে দেয় না। তাই আফ্রিকা ভয়ংকর সুন্দর। দারিদ্র আছে। তবু সারল্য, প্রকৃতিকে নিয়ে বাঁচতে জানে।’ বিপদের সম্মুখীন হওয়ার পাশাপাশি এই দীর্ঘযাত্রায় সুখের স্মৃতিও রয়েছে। মাসাইরা অক্ষয়কে আপন করে নিয়েছে, দিয়েছে গয়না – হাতের ব্রেসলেট ও সহ তাঁর ভাবী জীবনসঙ্গীর জন্য চেন। সংস্কৃতি আদানপ্রদানে পুরুলিয়ার মানভুঁইয়া গানে নাচেন মাসাইরা। অক্ষয়ের সোশাল মিডিয়ার পোস্টে সেই নাচ ভাইরাল। এভাবেই সাত সমুদ্র পেরিয়ে দেশীয় সংস্কৃতিকে সুদূরের আফ্রিকায় পৌঁছে দিয়েছেন বুড়দার বাসিন্দা অক্ষয়। ভারতীয় সংস্কৃতিকে ভালোবেসে এখানকার গান, নাচে সোশাল মিডিয়া কাঁপিয়ে চেনা মুখ হয়ে উঠেছেন তানজানিয়ার বাসিন্দা কিলি পল। অক্ষয়ের আফ্রিকা সফরে দেখা হয়ে গিয়েছে তাঁর সঙ্গেও। দু’জনে একসঙ্গে ছবি তুলেছেন। কিলির নাচ দেখে মুগ্ধ অক্ষয়! এভাবেই ছ’মাসের কেনিয়া, তানজানিয়া সফরের নানা মূল্যবান স্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন। ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles