RK NEWZ পুরভোটের আগে দিল্লিতে অমিত শাহর দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দু’জনের বৈঠক চলে এক ঘণ্টারও বেশি। সূত্রের খবর, আসন্ন পুরভোটের প্রস্তুতি থেকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-একাধিক বিষয় উঠে এসেছে আলোচনায়। তবে বৈঠকে সব চেয়ে তাৎপর্যপূর্ণ রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গ। সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, ‘রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং মানুষের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ এখানেই প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এত দীর্ঘ আলোচনা কেন? শুধু তাই নয়, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতেই। সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। সেই আবহে শাহর সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে শুভেন্দুর আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের আগে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনা যে গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। বৈঠকে শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরাশিল্পের তৈরি মা দুর্গার মূর্তি উপহার দেন শুভেন্দু। দিল্লি সফরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু। তবে রাজনৈতিক নজর আপাতত শাহর সঙ্গে দীর্ঘ বৈঠকেই। উপহারের কথা জানিয়ে শাহর মূল্যবান সময়, পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।





