Top 5 This Week

spot_img

Related Posts

নির্বাচনে লড়াই বিশ বাঁও জলে ফেডারেশন সভাপতির!‌ কল্যাণের নাম প্রত্যাহার করল দমন ও দিউ ফুটবল সংস্থা

RK NEWZ ভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন ঘিরে আবার নাটক। কল্যাণ চৌবের নাম প্রতিনিধি হিসেবে ঘোষণা করার এক দিন পরেই তা প্রত্যাহার করল দমন ও দিউ ফুটবল সংস্থা। ফলে কল্যাণ আগামী নির্বাচনে লড়তে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। প্রতিটি রাজ্যকে দু’জন প্রতিনিধির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ফেডারেশনের নির্বাচনী অফিসার রাজীব শর্মা, যাঁরা নির্বাচনে ভোট দিতে পারবেন। ১৩ নভেম্বর ছিল শেষ তারিখ। সাতটি সংস্থা বাদে বাকি সকল মনোনীত প্রতিনিধির নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। সেখানে কল্যাণের নাম নেই। ১৩ নভেম্বর দমনের তরফে ওয়াল্টার পেরেরা এবং আলতামাস শেখের নাম প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। হঠাৎই ১৪ নভেম্বর তারা সেই তালিকা বদল করে। আলতামাসের বদলে কল্যাণের নাম পাঠানো হয়। সোমবার সকালে আবার সেই তালিকায় বদল করা হয়েছে। দমনের তরফে রাজীবকে একটি চিঠিতে জানানো হয়েছে, ১৩ নভেম্বর তারা যে চিঠি পাঠিয়েছিল সেটিকেই যেন মান্যতা দেওয়া হয়। ১৪ নভেম্বরের চিঠিটি অগ্রাহ্য করার অনুরোধ করা হয়েছে। অর্থাৎ দমনও কল্যাণকে প্রতিনিধি করতে রাজি নয়। গত বার কল্যাণ গুজরাতের প্রতিনিধি হিসেবে ফেডারেশনের নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জিতে সভাপতি হয়েছিলেন। শোনা যায়, তার পিছনে কেন্দ্রের শাসকদলেরও প্রচ্ছন্ন মদত ছিল। এ বার আর তা নেই। যে কারণে গুজরাত থেকে কল্যাণের নাম পাঠানো হয়নি। ফেডারেশনের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রফুল পটেল এবং সচিব হওয়ার দৌড়ে এগিয়ে অরবিন্দ মেনন। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে, ফেডারেশনে হয়তো নির্বাচনই হবে না। সেই ইঙ্গিত বুঝে কিছু ক্লাব ইতিমধ্যেই প্রফুলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। কল্যাণ একটি জায়গায় সুবিধা পেতে পারেন। ইলেক্টোরাল কলেজে না থাকা কোনও ব্যক্তি নির্বাচনে লড়তে পারেন, যদি তিনি কর্মসমিতিতে একটি মেয়াদ পূরণ করে থাকেন। সেই জায়গা থেকে কল্যাণ লড়তে পারবেন। তবে সেই বিকল্প তিনি কাজে লাগাবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তা ছাড়া নির্বাচনী অফিসার অনুমতি দিলে তবেই সেটি সম্ভব। সাতটি রাজ্যের প্রতিনিধিকে ইলেক্টোরাল কলেজ থেকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাও। এ রাজ্য থেকে অনির্বাণ দত্ত এবং সুব্রত দত্তের নাম প্রতিনিধি হিসেবে পাঠানো হলেও কবে আইএফ-এর নির্বাচন হবে তা জানানো হয়নি। ফলে নির্বাচনী অফিসার এই দুই নামের পাশে ‘নির্বাচন অসম্পূর্ণ’ লিখে রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles