RK NEWZ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে বসা ম্যাচ জিতিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছেন মোহিত উলভা। শেষ বলে বাউন্ডারি মেরে বাজিমাত করেছেন তিনি। আর এই রুদ্ধশ্বাস জয়ের পরে ভারতীয় ক্রিকেটারদের সেলিব্রেশনও ছিল আগ্রাসী। কয়েকজনকে দেখা যায় পাকিস্তানের প্লেয়ারদের লক্ষ্য করে অঙ্গভঙ্গি করতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তবে পাকিস্তানের ব্যাটারদের অপমান বা খোঁচা দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না বলেই জানান ভারতের তরুণ ব্যাটার। মোহিতের কথায়, ভারত-পাকিস্তান ম্যাচ এবং ফাইনাল। সব মিলিয়ে আবেগের বহিঃপ্রকাশ ছিল স্বাভাবিক। সেই আনন্দেই ভারতীয় ক্রিকেটাররা সেলিব্রেট করেছিলেন, তবে পাকিস্তানকে কিছু দেখানোর জন্য নয়। গ্রুপপর্বে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই প্রসঙ্গ টেনে মোহিত জানান, পাকিস্তানের ক্রিকেটারদের সেলিব্রেশন নিয়েও ভারতীয়দের কোনও সমস্যা ছিল না। পাকিস্তান জিতেছিল, তাই তারা নিজেদের মতো করে আনন্দ করেছিল। ভারতীয় দলও একই ভাবে নিজেদের জয় উদ্যাপন করেছে। মোহিত বলেন, ‘আমরা ওদের দেখানোর জন্য বা খোঁচা দেওয়ার জন্য এমনটা করিনি। আমরা শুধু নিজেদের ভালো পারফরম্যান্সের আনন্দ উদযাপন করেছি। ওই মুহূর্তে যা হয়েছে, সবটাই স্বাভাবিক ভাবে হয়েছে।’ শেষ বলে চার মেরে দলকে জেতানোর পরে কী মনে হয়েছিল? ফাইনালের শেষ মুহূর্তের সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন মোহিত। এই তরুণ ব্যাটার বলেন, ‘শেষ বলে তিন রান দরকার ছিল। আমি চার মারার পরে পুরোপুরি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কী ঘটছে, কে ছুটে আসছে, সতীর্থরা কী করছে, কিছুই বুঝতে পারছিলাম না। বিশ্বাস ছিল, আমি দলকে জেতাতে পারব। কিন্তু শেষ হওয়ার পরে ভাবতেই পারছিলাম না যে সত্যিই জিতে গিয়েছি। কিছুক্ষণের জন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম।’ সিনিয়র দলে ডাক পেলেন মোহিত উলভা। সৌরাষ্ট্রের সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে জায়গা করে নিলেন ১৮ বছরের এই ক্রিকেটার। তাঁকে ইন্দোরে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। তিনি বলেন, ‘মোহিত অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। আমরা সব সময় তরুণদের উৎসাহিত করার চেষ্টা করি।’
গুজরাটের জামনগরের বাসিন্দা মোহিত। সৌরাষ্ট্রের বয়সভিত্তিক ক্রিকেটের দল থেকে উঠে এসেছেন তিনি। গ্রামের মাঠে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শুরু। তাঁর বাবা রেলওয়ে সুরক্ষা বাহিনীতে কর্মরত। বাবাই তাঁকে ক্রিকেটের প্রশিক্ষণের জন্য একটি অ্যাকাডেমিতে ভর্তি হতে উৎসাহ দিয়েছিলেন। মোহিত জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর বাবার ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, বাবা আমার মধ্যে কিছু প্রতিভা দেখতে পেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, আমি ক্রিকেট খেলতে পারব। তাই আমাকে অ্যাকাডেমিতে ভর্তি করানোর কথা ভেবেছিলেন।’ ক্রিকেটে আসার পিছনে তাঁর নিজেরও একটা মজার কারণ ছিল। মোহিতের দাবি, ‘প্রথম দিকে আমি রাজি হয়েছিলাম মূলত পড়াশোনা এড়ানোর জন্য।’ জামনগরের ক্রিকেট বাংলোয় মহেন্দ্র সিং চৌহানের কাছে প্রশিক্ষণ নিয়েছেন মোহিত। এই কোচের হাত ধরেই উঠে এসেছেন রবীন্দ্র জাডেজাও। তাঁর কাছে প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পর্কে মোহিত বলেন, ‘জামনগরে আমি শিখেছি, ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহেন্দ্র স্যার এই বিষয়ে প্রচুর পরিশ্রম করাতেন।’ শুরুতে অফ স্পিন বল করতেন মোহিত। কিন্তু তাঁর শারীরিক গঠন এবং দৌড়ানোর ক্ষমতা দেখে মহেন্দ্রসিং চৌহান তাঁকে পেস বোলিং করার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই ধীরে ধীরে পেসার হয়ে ওঠেন তিনি। মোহিত বলেন, ‘আমি পেস বোলিং শুরু করি। তার পর ধীরে ধীরে একজন পেসার হয়ে উঠি।’ বাবার বদলির কারণে রাজকোটে চলে যাওয়ার পর সৌরাষ্ট্রের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলতে শুরু করেন মোহিত। কয়েক বছর আগে সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগে জয়দেব উনাদকাটের সঙ্গেও খেলেছেন তিনি। নেটে উনাদকাটকে স্লোয়ার বাউন্সার করতে দেখে নিজেও সেই বল করার চেষ্টা করেন। এ বিষয়ে উনাদকাট তাঁকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শও মনে রেখেছেন মোহিত। এ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ব্যাট হাতে তাঁর লড়াই ভারতকে শুধু খেতাবই এনে দেয়নি, নতুন এক প্রতিভার সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে।




