RK NEWZ ঘরের মাঠে ব্যাটিং বিভ্রাটের খেসারত দিতে হল বাংলাকে। দুই ইনিংসেই ২০০ রানও পার করতে পারেননি অভিমন্যু ঈশ্বরণেরা। তার জেরেই মরসুমে প্রথম হারের স্বাদ পেল বাংলা। চলতি রঞ্জি মরসুমে প্রথম ধাক্কা খেল বাংলা। আগের তিন ম্যাচে জয়ের পর ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলতে নেমে হারতে হল তাদের। পৃথ্বী শ’র মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হারল বাংলা। লক্ষ্মীরতন শুক্লের দলকে ১০ উইকেটে হারানোয় বোনাস পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠল মহারাষ্ট্র। শীর্ষস্থান হারাল বাংলা। তারা নামল দ্বিতীয় স্থানে। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ভাল ব্যাট করতে হত বাংলাকে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই ছবি। শাহবাজ় আহমেদের উপর ভরসা ছিল। কিন্তু তিনিও শূন্য রানে ফেরেন। লড়াই করেন অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্ত। দু’জনের মধ্যে সপ্তম উইকেটে ৬৪ রানের জুটি হয়।
কিন্তু একটি জুটি তো আর দলকে বাঁচাতে পারে না। সেটিই হল। ৬৫ রান করে আউট হলেন অভিষেক। সুমন্ত নীচের সারির ব্যাটারদের নিয়ে কিছুটা খেলার চেষ্টা করলেন। কিন্তু ৫৯ রানে তিনি আউট হতেই বাংলার ইনিংস ১৮৬ রানে অল আউট হয়ে যায়। মহারাষ্ট্রের সামনে জয়ের লক্ষ্য ছিল ১১২ রান। সেই রান করতে ২০ ওভারও লাগল না তাদের। দুই ওপেনার পৃথ্বী ও সচিন ধাস আক্রমণাত্মক ব্যাট করলেন। পৃথ্বী অধিনায়কের ইনিংস খেললেন। দু’জনের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, দ্রুত খেলা শেষ করার পরিকল্পনা করেছে। দুই ব্যাটারকে আউটই করলেন পারলেন না মহম্মদ শামিরা। শেষ পর্যন্ত পৃথ্বী ৫০ বলে ৫৩ ও সচিন ৬৮ বলে ৬১ রান করে অপরাজিত থাকলেন। পৃথ্বী মারেন তিনটি চার ও চারটি ছক্কা। সচিনের ব্যাট থেকে আসে ১০টি চার। চা বিরতির আগেই খেলা শেষ করে দেন মহারাষ্ট্রের দুই ব্যাটার। প্রথম ইনিংসে ১৪৩ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। অভিষেক (৫৪) ছাড়া কেউ রান পাননি। দুই ইনিংসেই লড়লেন বাংলার এই উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু তাঁর একার লড়াই কাজে লাগল না। দুই ইনিংসেই হতাশ করলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়েরা। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাকে। ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলার। শামির দাপটে মহারাষ্ট্রের প্রথম ইনিংসেও একটা সময় ৬৪ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু শেষ ৪ উইকেটে ১৫৪ রান করল তারা। আট নম্বরে নেমে তনয় সাঙ্গভি অপরাজিত ৬০ রান করেন। সুযোগ কাজে লাগাতে না পেরে হারতে হল বাংলাকে। কাজে লাগল না শামির ৪ উইকেট। বোনাস পয়েন্ট পাওয়ায় চার ম্যাচে ১৯ পয়েন্ট মহারাষ্ট্রের। রঞ্জির এলিট গ্রুপ সি-তে শীর্ষে উঠল তারা। চার ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। পরের ম্যাচে শক্তিশালী গুজরাতের বিরুদ্ধে খেলা। তার আগে ছন্দে ফিরতে হবে লক্ষ্মীর ছেলেদের।





