Top 5 This Week

spot_img

Related Posts

ক্যাব চালিয়ে অভাবের সংসার টানতেন!‌ রোয়িংয়ে ব্রোঞ্জ জিতে এশিয়াডের পোডিয়ামে সলমন!

RK NEWZ অভাবের তাড়নায় দিল্লির রাস্তায় স্টিয়ারিং হাতে কেটেছে দিন। সেখান থেকে সোজা এশিয়ান গেমসের পোডিয়ামে। জাপানের আইচি-নাগোয়ায় রোয়িংয়ের পুরুষদের ডাবল স্কালসে ব্রোঞ্জ জিতে তাক লাগালেন সলমন খান ও সৎনাম সিং। মহাদেশীয় এই প্রতিযোগিতায় ডাবল স্কালস ইভেন্টে ভারতের এটিই প্রথম পদক। ফাইনালে ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ডে রেস শেষ করে ঐতিহাসিক ব্রোঞ্জ নিশ্চিত করেন এই দুই রোয়ার।

উবার চালক থেকে সেনার জোয়ান

উত্তরপ্রদেশের আমেথির পুর ধিংহাইয়ের সাধারণ পরিবারে জন্ম সলমনের। চার ভাই ও দুই বোনের সংসার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান বাবা। ফলে পরিবারের মুখে ভাত জোগাতে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন সাময়িক শিকেয় ওঠে। সংসারের চাকা ঘোরাতে রাজধানী দিল্লির রাস্তায় রাতদিন উবার ক্যাব চালাতেন সলমন। পরবর্তীতে এক বন্ধুর পরামর্শে সেনার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য চার মাস কঠোর পরিশ্রম করে ২০১৮ সালে যোগ দেন পুণের বোম্বে ইঞ্জিনিয়ার গ্রুপে। সেনাবাহিনীতে পা রাখার পরই কোচেদের নজরে পড়েন সলমন। শারীরিক গঠন ও দীর্ঘ উচ্চতা দেখে তাঁকে রোয়িং করার পরামর্শ দেন কোচ সত্যবান, সতীশ সিরাত ও প্রভাত মিশ্র। প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে এই জলযুদ্ধে নেমে পড়েন সলমন। ন্যাশনাল গেমসে সোনা জয় থেকে শুরু করে এশিয়ান রোয়িং কাপে সাফল্য—একের পর এক কৃতিত্বে ভারতীয় আর্মিতে নায়েব সুবেদার পদে উন্নীত হন সলমন।

সতনামের সঙ্গে জুটি ও রোমাঞ্চকর জয়

কম নাটকীয় নয় সঙ্গী সৎনাম সিংয়ের পথচলাও! পঞ্জাবের মানসার এই অ্যাথলিট জাতীয় স্তরের হ্যান্ডবল খেলোয়াড় থেকে ২০১৮ সালে রোয়িংয়ে আসেন। হাংঝৌ এশিয়াডেও ব্রোঞ্জপদকজয়ী সৎনাম ও সলমনকে গেমসের ঠিক আগে কোয়ার্ড্রপল স্কালস থেকে নামিয়ে আনা হয় ডবল স্কালসে। এই শেষ মুহূর্তের রদবদল নিয়ে প্রাথমিক হতাশা তৈরি হলেও দমে যাননি কেউ-ই। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ে চিন ও উজবেকিস্তানের ঠিক পরেই তৃতীয় স্থান দখল করে ইতিহাস গড়ল ভারতীয় জুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles