RK NEWZ গল টেস্টে বিরাট নজির ঋষভ পন্থের। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ছক্কার তাণ্ডবে ইতিহাস গড়লেন ভারতীয় উইকেটকিপার। টেস্টে ১০০ ছক্কা হাঁকিয়েছেন পন্থ। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। কিন্তু তাঁর থেকে দ্রুত ছক্কার সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। তবে টেস্টে ছক্কার নিরিখে সার্বিকভাবে আছেন চতুর্থ স্থানে। বড় কোনও অঘটন না ঘটলে শ্রীলঙ্কায় টেস্ট জিততে সমস্যা হবে না ভারতের। চতুর্থ দিনেই তার সমস্ত লক্ষণ স্পষ্ট। দ্বিতীয় ইনিংসে ভারত বড় রান করতে পারেননি। ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছে। যার মধ্যে একা পন্থেরই রান ৬৬। আর সেটাও করেছেন মাত্র ৬৯ বলে। অর্থাৎ পন্থ নিজের ঘরানাতেই দাপুটে ক্রিকেট খেলেছেন। প্রথম ইনিংসে ৩৯ রানের মধ্যে একটি ছয় মেরেছিলেন। আর দ্বিতীয় ইনিংস সাজানো ছিল ৮টা চার ও ২টো ছক্কায়। তার মধ্যে একটি ছক্কা গিয়ে পড়ে গলের স্টেডিয়ামের বাইরে। তাতেই রেকর্ড। টেস্টে ১০০ ছক্কা হয়ে গেল পন্থের। লাল বলের ক্রিকেটে আর কোনও ভারতীয় ক্রিকেটার ১০০ ছক্কা হাঁকাতে পারেননি। আর সেটাও করলেন মাত্র ৫১টি ম্যাচে। যা ছক্কার সেঞ্চুরির নিরিখে দ্রুততম। টেস্টে ছক্কার তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তিনি মেরেছেন ১৩৮টি ছক্কা। তবে ১০০ ছক্কা হাঁকাতে সময় লেগেছিল ৮২টি টেস্ট। এছাড়া ১০০ বা তার বেশি ছক্কা আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (১০৭) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (১০০)। পন্থের সুবিধা হল, এই তালিকায় সবাই প্রাক্তনী। ফলে স্টোকসকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে পন্থের কাছে। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মেরেছেন বীরেন্দ্র শেহওয়াগ ও রোহিত শর্মা। দু’জনেই ৯১টা ছয় হাঁকিয়েছেন।
গলের বাইশ গজে ঋষভ পন্থের চেনা মেজাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে রেকর্ড ভাঙার খেলায় মাতলেন ভারতীয় উইকেটকিপার। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০টি ওভার বাউন্ডারি হাঁকানোর বিরল নজির গড়লেন তিনি। ভাঙলেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের জোড়া রেকর্ড। সব মিলিয়ে, সামনে এক ইনিংসেই একগুচ্ছ নজির গড়ার হাতছানি! অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গিলক্রিস্টকে জোড়া পরিসংখ্যানে পিছনে ফেলেছেন পন্থ। প্রথমত, ইনিংসের নিরিখে। ১০০টি ওভার বাউন্ডারি মারতে পন্থের লাগল মাত্র ৮৯টি ইনিংস। অজি তারকার লেগেছিল ১৩০টি ইনিংস। দ্বিতীয়ত, বল খেলার নিরিখেও রেকর্ডবুকের শীর্ষে তিনি। ১০০ ছক্কায় পৌঁছতে পন্থ খেলেছেন মাত্র ৪,৯১৮টি বল। গিলক্রিস্ট নিয়েছিলেন ৬,৫৭৮টি বল। অর্থাৎ, বল ও ইনিংস—উভয় দিক থেকেই পন্থ এখন বিশ্বের দ্রুততম। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ১০০ ছক্কার ক্লাবে প্রবেশ করলেন তিনি। আগে রয়েছেন কেবল বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালাম এবং অ্যাডাম গিলক্রিস্ট। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৬২ রানে। জবাবে ২৮৪ রানে গুটিয়ে যায় আয়োজকরা। ১৭৮ রানের বড় লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার লক্ষ্য ছিল। ৮১ রানে ৩ উইকেট পড়ার পর ক্রিজে আসেন পন্থ। ফিরে যান অধিনায়ক শুভমান গিল। পন্থ শুরুতে কিছুটা সাবধানী। প্রথম বাউন্ডারি পান ১৩ নম্বর বলে। কিন্তু গিয়ার বদলাতে সময় নেননি। পরের ওভারেই পেসার লাহিরু কুমারাকে স্টেডিয়ামের বাইরে ফেলেন। হারিয়ে যাওয়ায় আম্পায়ারকে নতুন বল আনতে হয়! লাঞ্চ বিরতির আগে ও পরে দেবদত্ত পড়িকল এবং ধ্রুব জুরেলের উইকেট হারায় ভারত। এরপরই আক্রমণের মাত্রা বাড়ান পন্থ। শ্রীলঙ্কার স্পিনার কেশার নুওয়ান্তার এক ওভারে তিনটি চার মারেন তিনি। পরের ওভারে ফের লাহিরুকে ছক্কা। আর এই শটেই ইতিহাস তৈরি হয়। কেরিয়ারের ১০০তম টেস্ট ছক্কা হাঁকানোর পাশাপাশি নিজের অর্ধশতরানও পূর্ণ করেন এই আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত ৬৯ বলে ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেও তাঁর এই মারকাটারি ইনিংস ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেশ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও প্রবথ জয়সূর্য তিনটি করে উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো চার ব্যাটার:
- বেন স্টোকস: ১৩৮টি ছক্কা
- ব্রেন্ডন ম্যাকালাম: ১০৭টি ছক্কা
- ঋষভ পন্থ: ১০০টি ছক্কা
- অ্যাডাম গিলক্রিস্ট: ১০০টি ছক্কা
দ্রুততম ১০০ ছক্কা (ইনিংসের নিরিখে):
- ঋষভ পন্থ: ৮৯টি ইনিংস
- অ্যাডাম গিলক্রিস্ট: ১৩০টি ইনিংস
- বেন স্টোকস: ১৫১টি ইনিংস
- ব্রেন্ডন ম্যাকালাম: ১৭০টি ইনিংস
দ্রুততম ১০০ ছক্কা (বলের নিরিখে):
- ঋষভ পন্থ: ৪৯১৮টি বল
- অ্যাডাম গিলক্রিস্ট: ৬৫৭৮টি বল
- বেন স্টোকস: ৯০৪২টি বল
- ব্রেন্ডন ম্যাকালাম: ৯৭৫৬টি বল




