Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

অসুস্থ অমিতাভ বচ্চন!‌ ‘জীবনের কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি…’

RK NEWZ অমিতাভ বচ্চন। আসমুদ্রহিমাচল যাঁর অভিনয়, ব্যক্তিত্ব থেকে ব্যারিটোন ভয়েসে মন্ত্রমুগ্ধ। ৮৩ বছরের এই ‘যুবক’কে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সীমাহীন মুগ্ধতার প্রবাহ চলছে আজও। একইভাবে। আজও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা শট দিতে পারেন। শুধু তাই নয়। বলিউডের বর্তমান প্রজন্মের সদস্যরা বলেন, বিগ বি’র এনার্জির সঙ্গে পাল্লা দেওয়া দায়! আর সেই অভিনেতাই যখন নিজের অসুস্থতার কাতর যন্ত্রণার কথা জানালেন, তখন তাঁকে নিয়ে যে সিনেপাড়া থেকে অনুরাগীমহলে উদ্বেগ থাকবে, সেটাই স্বাভাবিক। বলিউড মাধ্যম সূত্রে খবর, অস্ত্রোপচারের পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিগ বি। তবে শারীরিক-মানসিক ধকলে তিনি এতটাই ‘ক্লান্তসৈনিক’ যে তাঁর ব্লগের ছত্রে ছত্রে সেই যন্ত্রণার কথাই ফুটে উঠল। অমিতাভ বচ্চন জানিয়েছেন, “অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউতে ভর্তি ছিলাম। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবথেকে কঠিন পর্যায়। বিশেষ করে শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত! ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন, আর একদিন যখন পরাজয় আপনার দিকে চেয়ে দেখে, সেটাই জীবনের সবথেকে কঠিন পর্যায়।” যদিও শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সেকথা অমিতাভ জানাননি, তবে তাঁর ব্লগে অদম্য লড়াইয়ের জোরে ঘুরে দাঁড়ানোর বার্তা স্পষ্ট। যেখানে তিনি ব্যাখ্যা করেছেন বিপর্যয়ের মুখোমুখি হয়েও কীভাবে ফিরে আসা যায়? বিগ বি’র মন্তব্য, “কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ বা ভেঙে পড়েন। যাঁরা সাহস নিয়ে লড়তে জানেন, তাঁরাই আদতে বিজয়ী হিসেবে টিকে থাকেন। আর যাঁরা সেটা পারেন না, তাঁরা পরিস্থিতির সঙ্গে আপস করে নেন। কেউ বা আবার অতীতের গৌরবময় অধ্যায়কে আঁকড়ে বাঁচেন। যদিও এসব একান্তই ব্যক্তিগত পছন্দ, তবুও বলব, ভালো থাকুন, আনন্দে থাকুন।” অমিতাভের এহেন ব্লগ পোস্টে অনেকেই বিষাদের সুর খুঁজে পেয়েছেন। অসুস্থ অমিতাভ বচ্চন। ‘জীবনের কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি…’ জানালেন খোদ বিগ বি। খবর, সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে প্রবীণ অভিনেতার। যার জেরে দিন কয়েক আইসিইউতেও থাকতে হয়েছে তাঁকে। এখন কেমন আছেন? নিজেই জানালেন শাহেনশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles