RK NEWZ নাতনি বললেন, ঠাকুমার বুকে সংক্রমণ হয়েছে, রয়েছে ক্লান্তিও। আচমকা অসুস্থ আশা ভোঁসলে! ভর্তি করানো হল মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। দিন কয়েক আগেও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সঙ্গে রয়েছে ফুসফুসের সমস্যাও। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়, এই মুহূর্তে চিকিৎসা চলছে বলে খবর। আশা ভোঁসলে হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা । প্রায় আট দশকব্যাপী তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন। আশার নাতনি জ়ানাই ভোঁসলে তাঁর এক্স হ্যান্ডলে গায়িকার স্বাস্থ্যের খবর জানিয়ে লেখেন, “আমার ঠাকুমা আশা ভোঁসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাব ।”





