শুধু সিন্ধু নন, সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। দোহায় আটকে পড়েছেন তারা। বাস্কেটবল বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে খেলতে দোহায় গিয়েছিল ভারতীয় দল। অল ইংল্যান্ড ওপেন খেলতে যাওয়ার আগে চরম সমস্যায় ভারতীয় শাটলার। শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। থেমে থাকেনি ইরানও। দুবাই, আবু ধাবি-সহ একাধিক জায়গায় বড়সড় হামলা চালায় তারা। যার জেরে অশান্ত পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্য। বন্ধ রয়েছে আকাশসীমা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। বন্ধ করে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিমান পরিষেবাও। তাই ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি সিন্ধু। দোহায় সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। অল ইংল্যান্ড ওপেন শুরু হতে চলেছে মঙ্গলবার, ৩ মার্চ থেকে। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা সিন্ধুর। সেই উদ্দেশ্যে রওনাও দেন। তবে শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। বিমানবন্দরের পর্যটকদের অনুরোধ করা হচ্ছে, দুবাইগামী বিমান এড়িয়ে চলার কথা। সিন্ধু নিজেও চেয়েছিলেন, দুবাই থেকে বিমান বদল করতে। কিন্তু তাঁর সূচি পূর্বনির্ধারিত থাকায় সেটা সম্ভবপর হয়নি। ইনস্টাগ্রামে একটি জনাকীর্ণ বিমানবন্দরের ভিডিও পোস্ট করেছেন সিন্ধু। ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত।’ অর্থাৎ দুবাইয়ের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এমনকী আদৌ তিনি অল ইংল্যান্ড ওপেন খেলতে বর্মিংহ্যাম পৌঁছতে পারবেন কি না, সেই ব্যাপারেও কোনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে সিন্ধুর প্রস্তুতি ব্যাহত হচ্ছে। ভারতীয় শাটলারের এমন পোস্ট দেখে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। নেটিজেনরা সিন্ধুর উপযুক্ত সুরক্ষার কথা বলছেন। আরব আমিরশাহীর আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহায় হামলা চালিয়েছে ইরান। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে, পাম জুমেইরাহের একটি অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে ইরান হামলার কারণেই ওই হোটেলে আগুন লেগেছে কি না, তা অবশ্য সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কেবল সিন্ধু নন, সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। দোহায় আটকে পড়েছে তারা। বাস্কেটবল বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে খেলতে দোহায় গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় বাস্কেটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা করে। অন্যদিকে, বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমও সমস্যায়। মক্কায় হজ সেরে ফেরার পথে বিপত্তিতে পড়েছেন তিনি।
একটি ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে শায়েস্তা করে আমেরিকার জনগণকে সুরক্ষিত করাই আমাদের কাজ।” ইরানে হামলা চালানোর পরই মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর সাফ কথা, ইরানের জঙ্গি শাসকদের সরাতেই অপারেশেন ‘সিংহগর্জন’। পালটা দিচ্ছে ইরানও। এবার এর প্রভাব যে গোটা বিশ্বজুড়ে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক খেলোয়াড়দের আটকে থাকার খবরে দুশ্চিন্তার ঘনঘটা।
সরাসরি ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের বহু জায়গা। মৃত্যু হয়েছে বহু সাধারণ নাগরিকের। ভয়ংকর সেই হামলার প্রথম ছবি ও ভিডিও এবার প্রকাশ্যে আনল ইজরায়েল ডিফেন্স ফোর্স। গত ১২ ঘণ্টায় ইরানকে তছনছ করেছে আমেরিকার বাঙ্কার ব্লাস্টার, টমাহকের মতো ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র। ইরানের মাটিতে হামলার পর আইডিএফের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই হামলার ফুটেজও প্রকাশ করা হয়েছে ইজরায়েলের তরফে। যেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের একের পর এক ইমারত। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। একাধিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ইরানকে ক্ষতবিক্ষত করতে ব্যবহার করা হয়েছিল আমেরিকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টমাহক। ইরানের নিকটবর্তী সমুদ্রে ঘাঁটি গেড়ে থাকা মার্কিন রণতরী থেকে ছোড়া হয়েছিল এইসব ক্ষেপণাস্ত্র। মাটি থেকে মাত্র ৩০-৩৫ মিটার উচ্চতা দিয়ে উড়ে গিয়েছিল এই ক্ষেপণাস্ত্র। যার ফলে ইরানের রেডার তাকে চিহ্নিত করতে পারেনি। ৮০০ কিলোমিটার গতিতে ১৬০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র নিখুঁত হামলা চালায় ইরানের মাটিতে। এর পাশাপাশি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলের ২০০ যুদ্ধবিমান একযোগে হামলা করে ইরানে। অন্তত ৫০০টি জায়গা ছিল তাদের লক্ষ্যবস্তু। হামলার জেরে ইরানে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে জিবিইউ ২৮ ‘বাঙ্কার বাস্টার’ও ব্যবহার করেছে আমেরিকা। মাটি থেকে ২০০ ফুট নিচে লুকিয়ে থাকা শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম এই শক্তিশালী বোমা। ভূ-গর্ভস্থ বাঙ্কার ওড়াতে এর জুড়ি নেই। ১৪ হাজার কেজি ওজনের ইস্পাতের আবরণে মোড়া এই বোমা অনায়াসে ভেদ করতে পারে পাথর বা কংক্রিট। ২৪০০ কেজি বিস্ফোরকে ঠাসা পেলোড বহন করতে সক্ষম এই বোমা। বোমার ওজন ১৩,৬০৭ কেজি। যার দৈর্ঘ্য ২০.৭ ফুট। রেডারকে ফাঁকি দিতে সক্ষম বি ২ স্টেলথ বোমারু বিমানই বহন করে এই বোমা।
যুদ্ধ ভয়াবহ আকার নিতেই উদ্বেগ প্রকাশ করে এবার বিবৃতি জারি করল নয়াদিল্লি। যেখানে আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমাধান খোঁজার আবেদন জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শনিবার বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। যেখানে বলা হয়েছে, ‘ইরান ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে উত্তেজনা কমিয়ে সংযম প্রদর্শন ও সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছি। যুদ্ধ এড়িয়ে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করার আবেদন জানাচ্ছে ভারত। সকল দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আবেদন জানাচ্ছি আমরা।’ ‘আমাদের দূতাবাস উত্তেজনাপূর্ণ এলাকায় থাকা সব ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের কাছে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। এবং সমস্তরকম নির্দেশিকা অনুসরণ করেন।’
গত বছর ১২ দিনের যুদ্ধের পর, ইজরায়েল এবং আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে লক্ষ্য করে চালানো এই হামলায় তেহরানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের মতে, ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে ইরানের একটি স্কুল। যার জেরে অন্তত ৫৩ জন ছাত্রীর মৃত্যু হয়েছে।





