সিএবি মসনদে মহারাজ! আবার সিএবি-র দায়িত্ব। দর্শকাসন বৃদ্ধির ভাবনা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের। আবার একলাখি ইডেন গার্ডেন দেখতে চলেছে কলকাতা। সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিএবির সভাপতি ছিলেন। ছয় বছর পর দ্বিতীয় বার বঙ্গে ক্রিকেটের প্রশাসনে ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। সৌরভ জানান, ‘‘এই কাজ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হবে। কারণ, এটা সময়সাপেক্ষ। লিজ়ের নবীকরণ হয়েছে। আমি আসলে এটা নিয়ে ভাবিনি। হাতে এখনও দু’মাস সময় আছে। একটা ভাল টেস্ট ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন। এটা নিয়ে ভাবব। সব কিছুই রয়েছে— ভাল পিচ, ভাল দর্শক, পরিকাঠামো সবই আছে। এছাড়াও রাজ্য ইউনিট এবং জেলা অ্যাসোসিয়েশনগুলির অনুদান ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮ কোটি টাকা করা হল।’’ ইডেনে প্রথমে এক লাখের উপর দর্শকাসন ছিল। কিন্তু দর্শকদের বসতে যাতে অসুবিধা না হয়, সেই কারণে ২০১১ বিশ্বকাপের আগে গ্যালারির সংস্কার হয়। তখন দর্শকাসন কমে ৬৮ হাজার হয়ে যায়। সৌরভের সামনে প্রথম বড় ইভেন্ট নভেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ আয়োজন করা। ১৪ নভেম্বর থেকে ইডেনের সেই ম্যাচ নিয়ে অবশ্য এখনই কিছু ভাবেননি। সভাপতির দায়িত্ব নেওয়ার পর সিএবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিন-রাতের গোলাপি বলের টেস্টের পর এই প্রথম ইডেনে টেস্ট হবে। সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল বা অন্য কোনও বড় ম্যাচ ইডেনে হওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘বোর্ডের সঙ্গে কথা বলব। ওখানেও নতুন সদস্য। আমি তাকে (নতুন বিসিসিআই সভাপতি) শুভকামনা জানাই। এটা ক্রিকেট খেলার চেয়ে আলাদা হবে। আমি নিশ্চিত যে ও ভাল করবে। শুধু মিঠুন (মনহাস) নন, রঘুরাম ভাট-সহ অনেক নতুন কর্মকর্তা রয়েছেন বোর্ডে। এটা ক্রিকেট খেলার চেয়ে কঠিন হবে। আমি নিশ্চিত ও ভাল করবে।’’ বাংলার প্রথম শ্রেণির ক্রিকেটে পরিকাঠামো শক্তিশালী করা এবং ডুমুরজলায় একটি নতুন অত্যাধুনিক একাডেমি চালু করার উপর জোর দিয়েছেন সৌরভ। যার জন্য সিএবি নয় একর জমি অধিগ্রহণ করেছে। সৌরভ বলেন, ‘‘নয় একর জমির উপর ডুমুরজলা একাডেমি হবে। এটি কল্যাণী একাডেমির মতো হবে। এতে ফ্লাডলাইট এবং অন্যান্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আমরা এমন ক্রিকেটার তৈরি করতে চাই যারা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে পারে।’’

কলকাতা দুর্গাপুজোর উদ্বোধনে এসে ক্রিকেট নিয়ে আবেগপ্রবণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান সাংসদ হরভজন সিং। ২১ সেপ্টেম্বর অশোকনগরে একটি দুর্গাপুজোর উদ্বোধন করেন হরভজন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় ক্রিকেট নিয়ে। সেখানে তাঁর কথায় উঠে আসে ইডেন গার্ডেন্স থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। বললেন, ‘ইডেন আমাকে তৈরি করেছে।’ ইডেন গার্ডেন্সের সঙ্গে হরভজন সিংয়ের সম্পর্ক অনেকদিনের। তিনি ইডেনে মোট সাতটা টেস্ট ম্যাচ খেলেছেন ও নিয়েছেন ৪৬টা উইকেট। যারমধ্যে রয়েছে ছ’বার পাঁচ উইকেট এবং একবার ১০ উইকেট। এর ফলে তিনি ইডেনে রেকর্ডও করেছেন। তিনি হলেন একমাত্র প্লেয়ার যিনি টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। হরভজন সিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করেন। এ বার সিএবি-র প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। সফল ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি সফল প্রশাসকও। অনেক ক্রিকেটার তাঁর হাত ধরে উঠে এসেছেন। ভাজ্জি বলেন, ‘দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) আমার বড় ভাইয়ের মতো। উনি একমাত্র মানুষ যিনি কঠিন সময়ে আমার হাত ধরেছিলেন। ওঁর প্রতি আমার অনেক সম্মান রয়েছে, আমি আজ ওঁর শহরেই এসেছি। কলকাতা আমাকে তৈরি করেছে, এটা আমারও শহর। আমি মা দুর্গাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আসতে দেওয়ার জন্য। আমি যখনই কলকাতায় এসেছি, অনেক সম্মান পেয়েছি। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব সবাইকে আশীর্বাদ করতে।’ ২০০১ সালে হরভজন সিং ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করেন। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েন। সেই টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ১৩টা উইকেট নেন। ২০০৪ সালেও ইডেনে একই ফর্ম দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ১১টা ম্যাচ খেলেছেন ইডেনে। নয়টা ম্যাচ আইপিএল-এর ছিল।





