ঘোষিত এশিয়া কাপে ভারতীয় দল। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতীয় দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। ১৫ জনের দলে বড় দায়িত্ব পেলেন শুভমান গিল। টেস্ট অধিনায়ককে এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলে সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার। ডাক পাননি যশস্বী জয়সওয়ালও। যশস্বী বা শ্রেয়স আইয়ার কেন বাদ পড়লেন? আগরকরের উত্তর, “যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।” সেখানেই প্রশ্ন, তাহলে শুভমান গিল কেন? কারণ, গিল শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই। ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কুড়ি-বিশের দলে ফিরছেন তিনি। সঙ্গে পাবেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংকে। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা পেসার অর্শদীপ। এর পাশাপাশি দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যার মাঝে বাদ পড়ে গেলেন ওয়াশিংটন সুন্দর।
এশিয়া কাপের জন্য ভারতীয় দল
অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
তিলক বর্মা
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
শুভমান গিল (সহ-অধিনায়ক)
হার্দিক পাণ্ডিয়া
অক্ষর প্যাটেল
বরুণ চক্রবর্তী
জশপ্রীত বুমরাহ
অর্শদীপ সিং
হর্ষিত রানা
জিতেশ শর্মা (উইকেটকিপার)
রিঙ্কু সিং
কুলদীপ যাদব
শিবম দুবে
স্ট্যান্ড বাই
প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।
আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি-
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান
ঘোষিত মহিলা ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দল, সুযোগ পেলেন বাংলার রিচা, বাদ শেফালি বর্মা
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। ঘোষিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের মহিলা দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। দলে রয়েছেন বাংলার উইকেটকিপার রিচা ঘোষ। তবে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা। সম্প্রতি ইংল্যান্ড সফরে ভালো ফল করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।” অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।” ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে, তাতে শুধু আমনজ্যোতের বদলে সুযোগ পেয়েছেন সায়লি সাতঘড়ে।
মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক)
স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক)
প্রতিকা রাওয়াল
হরলিন দেওল
দীপ্তি শর্মা
জেমাইমা রদ্রিগেজ
রেণুকা সিং ঠাকুর
অরুন্ধতী রেড্ডি
রিচা ঘোষ (উইকেটকিপার)
ক্রান্তি গৌড়
অমনজ্যোত কৌর
রাধা যাদব
শ্রী চরণী
যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)
স্নেহ রানা
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই আছে পাকিস্তানের বিরুদ্ধে মহামোকাবিলা। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ফলে পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর। আর পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।




