RK NEWZ চলতি মরশুমে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। আইএসএলে তিন ম্যাচে দু’টি জয়ও পেয়েছে। তবু দলের খেলা নিয়ে সমর্থকরা খুশি হতে পারছেন না। এই পরিস্থিতিতে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস ও ফুটবলারদের পাশে দাঁড়ালেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। পাশাপাশি, যুবভারতী ব্যবহারের জন্য মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে আর ভাড়া দিতে হবে না বলে জানালেন কর্তারা। আইএসএলেও প্রথম তিন ম্যাচের যে দু’টিতে জয় পেয়েছে সবুজ-মেরুন, তার মধ্যে রয়েছে অ্যাওয়ে ম্যাচও। তবু দিলেমপেরিসের দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্লাবের শীর্ষ কর্তাদের বক্তব্য, মরশুমের শুরুতেই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দলের উপর আস্থা রেখে এগিয়ে যাওয়াই লক্ষ্য। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে সভাপতি দেবাশিস দত্ত বলেন, “প্রথমে বলা হল, কলকাতা লিগে মোহনবাগান ভালো খেলতে পারছে না। কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হল। আমরা এই বছর তিনটের মধ্যে দু’টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি। ডুরান্ডও পেতাম, যদি না আমাদের ইচ্ছাকৃত ভাবে নর্থইস্টে খেলতে পাঠানো হত। তার পর শিল্ডও চ্যাম্পিয়ন হয়েছি।” দলের জয়-হারের হিসাব তুলে ধরে দেবাশিস আরও বলেন, “এখনও অবধি ১০ ম্যাচে আমরা আটটি জিতেছি। দু’টি হেরেছি। পরিসংখ্যান নিয়ে চিন্তার কোনও কারণ নেই। খেলায় হার-জিত থাকবেই। ধীরে ধীরে এগোনোই ভালো। শুরুতেই যদি গ্রাফ উপরের দিকে উঠে যায়, তাহলে পরের দিকে পড়তি হবেই। আমাদের দলের প্রতি বিশ্বাস রয়েছে। মরশুম যত এগোবে, ততই ছন্দ ফিরে পাবে সবুজ-মেরুন।” একই সুর সচিব সৃঞ্জয়ের গলাতেও। তিনি বলেন, “কোনও দল একটা ম্যাচ জিতবে, তো অন্য ম্যাচ হারবে কিংবা ড্র করবে। এটাই তো লিগের মজা। লিগে কেউ প্রতিটি ম্যাচ জিতবে না। এমন নজির বিশ্বফুটবলেও কম রয়েছে।”
বুধবার ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ দিলেমপেরিস, শুভাশিস বসু ও সুহেল ভাটরা। শিল্ড জয়ের আনন্দে মিষ্টিমুখও করানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন সচিব ও সভাপতির সঙ্গে ছিলেন সহ-সভাপতি সৌমিক বোস-সহ কার্যকরী কমিটির সদস্যেরা। কোচ প্যানোসের প্রতি ক্লাবের দায়বদ্ধতা এবং মোহনবাগানের প্রতি তাঁর আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট দেবাশিস। তাঁর কথায়, “সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের সঙ্গে যুক্ত হওয়ার পর যত কোচ এসেছেন, তাঁদের মধ্যে বর্তমান কোচই ক্লাবের ঐতিহ্য নিয়ে ভাবেন।” মোহনবাগানের হয়ে আবারও আইএসএল ডবল জিততে চান শুভাশিস বোস। আইএফএ শিল্ড জয়ের সেলিব্রেশনে সেই আত্মবিশ্বাসই দেখা গিয়েছে অধিনায়কের গলায়। এর পাশাপাশি মোহনবাগান-ইস্টবেঙ্গলের জন্য বড় খবর। রাজ্য সরকারের বিশেষ ছাড়ে এবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচ আয়োজনের জন্য দুই প্রধানকে আর ভাড়া দিতে হবে না বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। দেবাশিস বলেন, “আমরা সরকারকে ধন্যবাদ দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুরোধ ছিল, ভারতের অন্য স্টেডিয়ামগুলো যেমন ফ্রি, এখানেও যাতে স্টেডিয়াম ফ্রি করে দেওয়া হয়। আজ আমরা অর্ডার পেয়েছি। স্টেডিয়াম আমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে।”





