Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে ভেস্তে গেল ম্যাচ!‌ ‘মহার্ঘ’ ১ পয়েন্ট নাইটদের ঝুলিতে

ম্যাচ ভেস্তে যাওয়ায় এবারের আইপিএলে প্রথম পয়েন্ট কেকেআরের ঝুলিতে। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আটে কেকেআর। নাইটদের রানরেটও খুব খারাপ। -১.৯৬৪। ইডেনে পাঞ্জাব কিংস খেলতে এলেই বৃষ্টি হয়। আর সেই ম্যাচ পণ্ডও হয়ে যায়। এটাই যেন ভবিতব্য হয়ে গিয়েছে। গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এবারও পাঞ্জাব ম্যাচের বল গড়াতেই বৃষ্টির থাবা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হওয়াতে ‘মহার্ঘ’ ১ পয়েন্ট এল কেকেআরের ঘরে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টানা হারে বেশ কিছুটা কোণঠাসা অবস্থায় ছিল নাইটদের জোড়া হারের জন্য প্রাক্তনদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছিল নাইটদের। কলকাতা নাইট রাইডার্সের সমস্যা কোথায় কোথায়, তা সহজেই অনুমেয়। বোলিংয়ে আগ্নেয়াস্ত্রের ঘাটতি, ফিনিশিং দুর্বল, স্পিনাররা ছন্দহীন, প্ল্যান বি’র অভাব সব কিছু নিয়ে একেবারে ঘেঁটে ঘ অবস্থা রাহানেদের। ইডেনে ঘরের মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। দুই ব্রহ্মাস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ‘বাদ’ দিয়েই। ৭ বছর পর দুই স্পিনারকে ছাড়া মাঠে নামল নাইটরা। অধিনায়ক রাহানে জানিয়ে গেলেন, নারিন অসুস্থ ও বরুণ আগের ম্যাচে চোট পেয়েছেন। আবার এটাও ঠিক যে, দুই স্পিনারই ফর্মে নেই। এমন একটা ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর।

তিন ওভার যেতে না যেতে যেভাবে ঝড়-বৃষ্টি তাণ্ডব চালাল, তাতে দর্শকরা তো ধরেই নিয়েছিলেন, ভেস্তে যাবে ম্যাচ। একজনকে তো গ্যালারির বাকেট চেয়ারে বেঘোরে ঘুমোতেও দেখা গেল। তবুও রাত পৌনে এগারোটা নাগাদ বৃষ্টি কমায় আশায় বুক বেঁধেছিলেন। মাঠ খেলার উপযুক্ত করে তোলার কাজ করছেন মাঠকর্মীরা। কভারও ধীরে ধীরে সরানো হয়। মাঠে নেমে তদারকি করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই মাঠে নামলেন পাঞ্জাব কোচ রিকি পন্টিং। ঘাস ছুঁয়ে দেখে মাঠ কতটা ভেজা, সেটাই যাচাই করার চেষ্টা করলেন। তবে শেষ পর্যন্ত ভেস্তেই গেল ম্যাচ। আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেন, ১১.১৪-র মধ্যে খেলা শুরু করে ৫ ওভারের ম্যাচ শুরু সম্ভব নয়। ফলে দুই দল ভাগাভাগি করে নিল ১ পয়েন্ট। পাঞ্জাব কিংস ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রীতি জিন্টার দল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আরসিবি। আরও দুই দল দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ স্থানে। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস।

তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আটে কেকেআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles