রাসবিহারীর বিদায়ী বিধায়ক। প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে আসে তদন্তকারীদের। অভিযোগ উঠেছে, ওই ব্যবসায়ী জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফলে প্রতারণার অভিযোগ সামনে আসে। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাঁর জিজ্ঞাসাবাদ। এই মামলার সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়াতে গিয়ে দেবাশিস কুমারের নাম উঠে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি-র অনুমান, অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাঁকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক, আর্থিক লেনদেন বা কোনও প্রভাব খাটানোর অভিযোগ আছে কি না—এসব দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও দেবাশিস কুমারের তরফে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তদন্ত কোন দিকে এগোয় এবং এই মামলায় নতুন করে কারও নাম সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।





