টি-২০ বিশ্বকাপে কার্যত মরণ-বাঁচন লড়াই ভারতের। হারলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ। আবার শুধু জিতলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। জিততে হবে নিজেদের শেষ ম্যাচও। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার পাহাড়প্রমাণ চাপ নিয়ে নামছে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচের আগে ভারতের অস্বস্তি বহু। ব্যাটাররা ফর্মে নেই। বোলিং বিভাগও মাঝে মাঝে হতাশ করছে। ফিল্ডিং হতশ্রী। সব মিলিয়ে পুরো দল আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তবে এত অস্বস্তির মধ্যেও টিম ইন্ডিয়ার জন্য যেটা স্বস্তির সেটা হল লক্ষ্মীবারে সূর্যদের প্রতিপক্ষ জিম্বাবোয়ে সম্ভবত সুপার এইটের দলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল। ভারতের বিরুদ্ধে তাঁদের রেকর্ডও হতশ্রী। এ পর্যন্ত টি- টোয়েন্টিতে দু’দল ১৩ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিই জিতেছে ভারত। অধিকাংশই বড় ব্যবধানে। ভারত বনাম জিম্বাবোয়ে:
মোট ম্যাচ ১৩
ভারত ১০
জিম্বাবোয়ে ৩
শেষ পাঁচ ম্যাচ:
২০২৪- ভারত ৪২ রানে জয়ী
২০২৪- ভারত ১০ উইকেটে জয়ী
২০২৪- ভারত ২৩ রানে জয়ী
২০২৪- ভারত ১০০ রানে জয়ী
২০২৪- জিম্বাবোয়ে ১৩ রানে জয়ী
আজ টিম ইন্ডিয়ার শুধু জিতলে চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ ভারতের সেমির সমীকরণ বলছে, বৃহস্পতিবার জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে না পারলে টিম ইন্ডিয়ার সেমিতে যাওয়ার স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে।
ভারতের সেমির সমীকরণ:
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রোটিয়ারা জিতলে ভারতকে দু’ম্যাচ জিততে হবে
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ক্যারিবিয়ানরা জিতলে ভারতকে দু’ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে
বৃহস্পতিবার হারলে কার্যত বিদায় টিম ইন্ডিয়ার
শূন্যের হ্যাটট্রিক করেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ম্যাচে কোনওমতে খাতা খুলে ১৫ রান করেছেন। তবু আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা! ভারতের আর এক ওপেনার ঈশান কিশন প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত রান না পেলেও তার আগে ধারাবাহিক ভাবে রান পাওয়ার জন্যই অভিষেক এক নম্বর জায়গা ধরে রাখতে পেরেছেন। ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে তিনি এখনও ৬২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে চলে এসেছেন। ব্যাটারদের মধ্যে ঈশান বড় উন্নতি করেছেন। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই ব্যাটার এ বারের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে মোট রানে সূর্যকুমার যাদবের পরেই রয়েছেন। ধারাবাহিকতার জন্যই তিনি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ লাফিয়ে নবম স্থানে উঠে এসেছেন। এ ছাড়া আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১৩তম), ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ (১৪তম) এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও (১৮তম) তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা আবারও এক নম্বর স্থান দখল করেছেন। দলকে বিশ্বকাপের সুপার এইটে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে গিয়েছেন। ভারতের শিবম দুবে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন এবং আফগানিস্তানের মহম্মদ নবী অষ্টম স্থানে উঠে এসেছেন। বোলিংয়েও ভারতীয়দের দাপট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে প্রচুর মার খেলেও বরুণ চক্রবর্তী তাঁর এক নম্বর জায়গা ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ সবচেয়ে উন্নতি করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩ উইকেট এবং ভারতের বিরুদ্ধে ১২ রানে ২ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন।





