ভোটপ্রচারে বঙ্গ বিজেপি এবার কনটেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করতে চাইছে। সোশাল মিডিয়ায় প্রচারে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইনস্টাগ্রামে রিল পিছু প্রচারের বাজেট রাখা হয়েছে ২০ হাজার টাকা। সমাজমাধ্যমে বিজেপির হয়ে কনটেন্ট তৈরি করলে এই ২০ হাজার করে টাকা দেওয়া হবে। তবে যাঁদের এই প্রচারে টাকা দেওয়া হবে তাঁদের আবার শর্তও বেঁধে দেওয়া হয়েছে। কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার্স থাকতে হবে ইনস্টাগ্রামে। গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ থাকতে হবে। বিজেপির হয়ে প্রচার মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে হবে। বিজেপির হয়ে একটা রিল বানালেই মিলবে ২০ হাজার! সমাজমাধ্যমে তরুণ-তরুণীদের টাকার বিনিময়ে দলের হয়ে প্রচারে ব্যবহার করতে চাইছে পদ্মশিবির। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির এই টাকার বিনিময়ে প্রচার কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কীভাবে দলের সঙ্গে যোগাযোগ করবেন? যারা প্রচার করতে ইচ্ছুক তাদের জন্য একটি লিংক দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। বর্তমানে ভোটের বাজারে সোশাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত নবীন প্রজন্মের ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছনোর জন্য বিভিন্ন দলই ব্যবহার করছে সোশাল মিডিয়াকে। তাই জেতার মরিয়া চেষ্টায় কনটেন্ট ক্রিয়েটরদের পিছনে টাকা ঢালছে বিজেপি। সমস্ত রাজনৈতিক দলের নজরেই কন্টেন্ট ক্রিয়েটররা। এবছর বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানানো হয়েছে, আগামীতে এ বিষয়ে পড়ানো হবে। ভোটকে পাখির চোখ করে ‘ডিজিটাল যোদ্ধা’দের দল তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁরা দলের হয়ে লড়াই করবেন ডিজিটালভাবে।





