১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের নিলাম। সব দলের ক্রিকেটারদের ধরে রাখার তালিকা প্রকাশ। অনেক দলই অনেক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আবার অনেকে আস্থা রেখেছে পুরনো ক্রিকেটারদের প্রতি। প্রতিটি দলের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি টাকা থাকছে কেকেআরের হাতে। সবচেয়ে কম টাকা থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। নিলামে ১০টি দল মোট ২৩৬ কোটি ৯৩ লক্ষ টাকা নিয়ে নামবে।
কলকাতা (৬৪.৩ কোটি)
শুধু বেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েই কেকেআরের তহবিলে ঢুকে গিয়েছে ২৩.৭৫ কোটি টাকা। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় আরও ১২ কোটি টাকা এসেছে। এ ছাড়া অনরিখ নোখিয়া (৬.২৫ কোটি), কুইন্টন ডি’কককে (৩.৬ কোটি) ছেড়েও কেকেআরের হাতে বেশি কিছু টাকা এসেছে। ফলে তারা নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামতে পারবে। পুরো দল নতুন করে গড়ার সুযোগ রয়েছে তাদের কাছে।
চেন্নাই (৪৩.৪ কোটি)
সবচেয়ে বেশি ক্রিকেটারকে ছেড়েছে তারা। ১১ জন। এর মধ্যে স্যাম কারেন এবং রবীন্দ্র জাডেজাকে বিক্রি করে দেওয়া হয়েছে রাজস্থানে। কেনা হয়েছে সঞ্জু স্যামসনকে। তার পরেও চেন্নাইয়ের হাতে দ্বিতীয় সর্বোচ্চ টাকা থাকছে। গুরজপনীত সিংহের জায়গায় নেওয়া ডেওয়াল্ড ব্রেভিসকে রেখে দেওয়া হয়েছে। দুই তারকা বিদেশির মধ্যে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ১০ কোটি টাকার বেশি এসেছে।
হায়দরাবাদ (২৫.৫ কোটি)
হাইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি টাকায় ধরে রাখা হয়েছিল মহা নিলামের আগে। তাঁকে এ বারও একই দামে রেখে দেওয়া হয়েছে। তবে হায়দরাবাদ ছেড়েছে অ্যাডাম জ়াম্পা (২.৪ কোটি) এবং রাহুল চহারকে (৩.২ কোটি)। মহম্মদ শামিকে বিক্রি করে দেওয়া হয়েছে লখনউয়ে। অভিনব মনোহর, উইয়ান মুল্ডারকে ছেড়ে দেওয়া হয়েছে।
লখনউ (২২.৯৫ কোটি)
ডেভিড মিলারকে ৭.৫ কোটি টাকায় কেনা হয়েছিল মহা নিলামে। এক বছরেই তাঁকে নিয়ে মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েন্কার দলের। পাশাপাশি আকাশদীপকে ছাড়ায় আরও ৮.৫ কোটি টাকা হাতে এসেছে। জল্পনা থাকলেও ১১ কোটি টাকার জোরে বোলার মায়াঙ্ক যাদবকে ধরে রাখা হয়েছে।
দিল্লি (২১.১৮ কোটি)
জেক ফ্রেজ়ার ম্যাকগার্কের মতো মারকুটে ব্যাটারকে ছেড়ে দিয়েছে তারা। তহবিলে এসেছে ৯ কোটি। এ ছাড়া ২ কোটির ফাফ ডুপ্লেসিও বাতিলের খাতায়। ২ কোটি ২০ লক্ষের মোহিত শর্মাকেও রাখা হয়নি। সব মিলিয়ে, আটটি জায়গা বাকি রয়েছে দিল্লির।
বেঙ্গালুরু (১৬.৪ কোটি)
লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দিয়ে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা এসেছে বেঙ্গালুরুর ঘরে। লুনগি এনগিডিকে বিক্রি করে ১ কোটি টাকা এসেছে। বেঙ্গালুরুকেও আটটি জায়গা ভরাট করতে হবে।
রাজস্থান (১৬.০৫ কোটি)
জাডেজা এবং কারেনকে চেন্নাই থেকে কিনেছে তারা। বিক্রি করে দিয়েছে সঞ্জুকে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লিতে। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গ (৫.২৫ কোটি) এবং মাহিশ থিকশানাকে (৪.৪০ কোটি) প্রায় ১০ কোটি টাকা এসেছে রাজস্থানের ঘরে। ফজলহক ফারুকিকে ছেড়ে ২ কোটি টাকা পেয়েছে তারা।
গুজরাত (১২.৯ কোটি)
খুব বড় ক্রিকেটারকে ছাড়েনি গুজরাত। ফলে তাদের হাতে বেশি টাকাও নেই। শেরফানে রাদারফোর্ডকে মুম্বইয়ে বিক্রি করা হয়েছে। জেরাল্ড কোয়েৎজিকে (২.৪০ কোটি), মহীপাল লোমরোর (১.৭০ কোটি) ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে বেশি দাম পেয়েছেন।
পাঞ্জাব (১১.৫ কোটি)
প্রতি বার নিলামের আগে দল বদলে ফেলার নীতি নেয় পাঞ্জাব। এ বার তারা মাত্র পাঁচ ক্রিকেটারকে ছেড়েছে। তার মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল (৪.২০ কোটি)। জশ ইংলিসকেও (২.৬০ কোটি) ছেড়ে দিয়েছে।
মুম্বই (২.৭৫ কোটি)
নিলামে সবচেয়ে কম টাকা থাকছে নীতা অম্বানীর দলের হাতে। ছেড়ে দেওয়াদের মধ্যে লিজ়াড উইলিয়ামস এবং রিচি টপলি, দু’জনেই দাম ৭৫ লক্ষ টাকা। গত বারের চমকে দেওয়া ক্রিকেটার বিগ্নেশ পুথুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
আইপিএলের ১০টি দল সব মিলিয়ে ৮২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল। তার মধ্যে ৭৪ জনের দল থাকল না ২০২৬ সালের আইপিএলের আগে। তাঁদের আবার নিলামে নামতে হবে। উল্লেখযোগ্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, রবি বিশ্নোইয়ের মতো ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্স
কেকেআর ছেড়ে দিয়েছে ৯ জন ক্রিকেটারকে। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডি কক, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ়, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লাভনিথ সিসোদিয়া এবং অনরিখ নোখিয়া। এ ছাড়া মায়ঙ্ক মার্কন্ডকে বিক্রি করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আইপিএলের আগে ৯ জনেরই কোনও দল থাকল না।
চেন্নাই সুপার কিংস
সিএসকে ছেড়ে দিয়েছে ১২ জনকে। রবীন্দ্র জাডেজা এবং সাম কারেনকে বিক্রি করে দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। বাকি ১০ জনের দল থাকল না। তাঁরা হলেন রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, দীপক হুডা, শেখ রশিদ, কমলেশ নাগরকোটি, মাথিশা পাতিরানা।
মুম্বই ইন্ডিয়ান্স
এমআই ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না মুম্বইয়ের আট ক্রিকেটারের। তাঁরা হলেন সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজাড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর।
রাজস্থান রয়্যালস
রাজস্থান ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে সঞ্জু স্যামসনকে বিক্রি করা হয়েছে চেন্নাইয়ের কাছে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এ ছাড়া হয়েছে ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, ফজ়লহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুনাল রাঠোর এবং কুমার কার্তিকেয়। দল থাকল না সাত ক্রিকেটারের।
পঞ্জাব কিংস
পঞ্জাব ছেড়ে দিয়েছে পাঁচ ক্রিকেটারকে। কাউকেই কোনও দলের কাছে বিক্রি করা হয়নি। ফলে পাঁচ জনেরই দল থাকল না ২০২৬ আইপিএলের আগে। তাঁরা হলেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন, প্রবীণ দুবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আরসিবি ছেড়ে দিয়েছে আট জনকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাকল না। গত বারের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়লেন স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।
সানরাইজার্স হায়দরাবাদ
হায়দরাবাদ ছেড়ে দিয়েছে আট জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে মহম্মদ শামিকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না সাত জনের। তাঁরা হলেন অভিনব মনোহর, অথর্ব তাইদে, সচিন বেবি, উইয়ান মুলডার, সিমরজিৎ সিংহ, রাহুল চাহার এবং অ্যাডাম জাম্পা।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ছেড়ে দিয়েছে সাত জন ক্রিকেটারকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাক না ২০২৬ সালের আইপিএলে। নিলামে নাম লেখাতে হবে ফ্যাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ডনোভান ফেরেরা, সেদিকুল্লাহ অটল, মন্বন্ত কুমার, মোহিত শর্মা এবং দর্শন নালকান্দে।
গুজরাত টাইটান্স
শুভমন গিলের ছ’জন সতীর্থকে ছেড়ে দিয়েছেন গুজরাত কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে শেরফান রাদারফোর্ডকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। ফলে দল থাকছে না পাঁচ ক্রিকেটারের। তাঁরা হলেন মাহিপাল লোমরোর, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়া। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কার দল ছেড়ে দিল ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। শার্দূল ঠাকুরকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। সব মিলিয়ে এলএসজির সাত ক্রিকেটারের দল থাকল না। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার আকাশ দীপও। এ ছাড়া রয়েছেন রবি বিশ্নোই, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারকর এবং শামার জোসেফ।




