Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হরমনদের চাণক্য অমল আজ বিশ্বচ্যাম্পিয়ন কোচ!‌ ভারতের জার্সিতে কোনও দিন খেলেননি একসময়ে ‘‌দ্বিতীয় শচীন’‌!‌

ভারতের বাঘিনীদের কোচ। অমল মুজুমদার বোধহয় ন্যায়বিচার পেলেন! ভারতীয় দলের পোশাক কোনওদিন পরাই হয়নি তাঁর। অথচ ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগানো এক নাম ছিলেন অমল মুজুমদার। দারুণ প্রতিভাবান। কুড়ি বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করেন ডাবল হান্ড্রেড করে। তাঁর গাণ্ডীব কথা বলত। সবাই ধরেই নিয়েছিলেন যে ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু যা ভাবা যায় তা সব সময়ে হয় না। অমল মুজুমদারের পক্ষে জাতীয় দলের জার্সি চাপানো সম্ভব হয়নি কোনওদিন। অমল মুজুমদারকে গুরুদক্ষিণা দিলেন হরমনপ্রীত কৌররা। এবারের বিশ্বকাপে এগারো জন বাঘিনী আর এক চাণক্যর গল্প বললেও অত্যুক্তি করা হবে না। একসময়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন ভারতের মেয়েরা। বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ হেরে বিদায়ঘণ্টা শুনে ফেলেছিলেন হরমনপ্রীতরা। ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন ঘটে হরমনপ্রীতদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতিমানবিক এক ইনিংস খেলে দেশকে ফাইনালে নিয়ে যান জেমিমা। রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচে বিরতির সময় অমলের পেপটক বদলে দিয়েছিল ভারতের বাঘিনীদের। ফাইনাল জেতার পরে ‘চাণক্য’ বলেন, ”অত্যন্ত গর্বিত। অবিশ্বাস্য সাফল্য। সব কৃতিত্ব ওদের প্রাপ্য। কঠোর পরিশ্রম করেছে। প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে। আমরা হারকে হার হিসেবে দেখিনি। বেশিরভাগ ম্যাচেই আধিপত্য বিস্তার করেছিলাম। আমরা ভেবেছিলাম সমস্যা হয়তো কিছু রয়েছে। কিন্তু তা কাটিয়ে উঠতে হবে। সেটা আমরা করেছি। আমরা টুর্নামেন্টে টিকে ছিলাম এবং এখন আমরা বিশ্বচ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেটের জন্য যুগান্তকারী এক মুহূর্ত। শেফালি সম্পর্কে একই কথা বলব, ম্যাজিকাল পারফরম্যান্স। ফাইনালে ভরা মাঠে জাদুকরী ইনিংস খেলে গেল। বল হাতেও ম্যাজিক দেখাল। ড্রেসিংরুমে আমরা ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে অনেক কথা বলেছিলাম। বিশ্বকাপ ফাইনালে ওরা নিজেদের অন্য এক উচ্চতায় তুলে ধরেছিল। এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি!” সত্যি তো আর কী চাইতে পারেন অমল। একসময়ে ‘দ্বিতীয় শচীন’ বলা হত তাঁকে। ফাইনালের আগে মাস্টার ব্লাস্টার তাঁকে শুভেচ্ছা জানিয়ে যান। এই রাতের জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলেন অমল। খেলোয়াড়জীবনে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ গড় ছিল তাঁর। ব্যাট হাতে ১১ হাজারের বেশি রান তাঁর ঝুলিতে। তবুও তাঁর অনন্ত প্রতীক্ষার অবসান হয়নি। আজ রবিবার তাঁর দীর্ঘ তপস্যার ফল পেলেন অমল মুজুমদার।

ভারতীয় দলের এই জয়ে কোচ অমল মুজুমদারের ভূমিকার প্রশংসায় অধিনায়ক হরমনপ্রীত কৌর। কোচের সঙ্গে ভাল সম্পর্ক তাঁর। অমলই যে এই দলে স্থিরতা এনেছেন, তা স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীত। তিনি বলেন, “গত দু’বছরে স্যর অনেক কিছু করেছেন। ওঁর আগে অনেক কিছু হচ্ছিল। বার বার কোচ বদল হচ্ছিল। কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু স্যর আসার পর সব কিছু বদলে গিয়েছে। উনি সকলকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের নিয়ে দিন-রাত পরিশ্রম করেছেন। আমরাও পারি, এই বিশ্বাস সকলের মধ্যে আনতে পেরেছেন। এই জয়ে যতটা আমাদের ভূমিকা, ততটাই স্যরের।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles