শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন না ঘটলে, সৌরভই সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা করার শেষ দিন। সৌরভ তাঁর প্যানেল সমেত মনোনয়ন জমা করতে পারেন সে দিনই। ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। এখনও যেহেতু জাতীয় ক্রীড়া আইন ক্রীড়া প্রশাসনে প্রয়োগ হয়নি, তাই আপাতত লোধা আইনে নির্বাচন করছে সিএবি। বিতর্কের বিষয় হল, তাঁর প্যানেলের সচিব কে? সিএবি’র প্রাক্তন সচিব বাবলু কোলেকে সচিব পদ দেওয়া হতে পারে। আর সঞ্জয় দাসকে কোষাধ্যক্ষ পদ। সিএবি’র একাংশের মতে, সচিব পদে যোগ্যতা বিচারে বাবলু কোলের চেয়ে অনেক এগিয়ে সঞ্জয়। পূর্বতন প্রশাসনের সময় সিএবি’র বিবিধ জটিল কাজ সামলেছেন। নির্বাচনী ব্যাপারস্যাপার না থাকলে, সঞ্জয়ই সিএবি পদে যোগ্যতম। কারণ, আধুনিক সময়ে ক্রিকেট প্রশাসন কীভাবে চলে, তিনি জানেন। সিএবি নির্বাচনে পদপ্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। সিএবি প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়ে এলে কী কী করবেন তিনি? এটা ঘটনা যে, বাংলা ক্রিকেটের অবস্থা বর্তমানে খুব ভালো নয়। মাঠে, মাঠের বাইরেও। সব শুনে সৌরভ তাঁর সম্ভাব্য ‘রিস্ট্রাকচারিংয়ের’ একটা খসড়াও ভেবে ফেলেছেন মহারাজ। তার মধ্য রয়েছে জুনিয়র ক্রিকেট নিয়ে প্রোজেক্ট থেকে জাতীয় পর্যায়ে বাংলার প্রতিনিধিত্ব বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়। সিএবিতে সম্ভাব্য প্যানেল— সভাপতি – সৌরভ গঙ্গোপাধ্যায়, সহ সভাপতি- অনু দত্ত, সচিব – বাবলু কোলে, যুগ্ম সচিব- মদন ঘোষ, কোষাধ্যক্ষ – সঞ্জয় দাস
ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার, প্রশাসক এবং পরবর্তীতে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রথমবারের মতো কোচ হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে দক্ষিণ আফ্রিকায় বেশ উন্মাদনাও রয়েছে। আর প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড মনে করেন, সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক প্রিটোরিয়া ক্যাপিটালসকে সাফল্য দেবে। “সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক অত্যন্ত ক্ষুরধার। কোনও সন্দেহ নেই যে ওর অভিজ্ঞতা প্রিটোরিয়ায় কাজে লাগবে। দল খুব শক্তিশালী হয়েছে। তাছাড়া দলটার অনেক সমর্থক রয়েছে। প্রতিটা ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে।” তিনি আরও বলছেন, “প্রিটোরিয়া সুপারস্পোর্ট পার্কে অনেক লোক খেলা দেখতে আসে। আমার মনে হয়, প্রিটোরিয়ার লোকেরা অনেক কিছু আশা করছে। সৌরভের উপর তার জন্য চাপ থাকবে ঠিকই। তবে আমি তো ওকে চিনি। ও ঠিক একটা দারুণ পরিকল্পনা নিয়ে হাজির হবে।”২০১২ সালে সৌরভ যখন পুণে ওয়ারিয়ার্সে ছিলেন, তখন কোচ হিসেবে ছিলেন ডোনাল্ড। তার আগে তো বহুবার বোলিংও করেছেন। তিনি বলছেন, “সৌরভের অনেক অভিজ্ঞতা। এখন সব দায়িত্ব ওর। এর আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিল। সেই দলে যারা ছিল, তারা সৌরভের দর্শন জানে। তাছাড়া এই ধরনের টুর্নামেন্ট, যেখানে সময় কম থাকে, সেখানে প্লেয়ারদের সামলানো খুব গুরুত্বপূর্ণ কাজ।” সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস যথেষ্ট শক্তিশালী দল হয়েছে। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ডেওয়াল্ড ব্রেভিসকে ১৬.৫ মিলিয়ন র্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। এছাড়া তাঁর দলে আছেন আন্দ্রে রাসেল। সৌরভকে নিয়ে আশাবাদী গ্রেম স্মিথও। তিনি বলেছিলেন, “গত বছর জোনাথন ট্রট এই দলের কোচ ছিলেন। ‘দাদা’র মতো একজনকে কোচ পাওয়াটা রোমাঞ্চকর। দাদা নিজের মতো করেই এখানে কাজ করবে। গত বছর দিল্লি ক্যাপিটালসের সেরা বছর ছিল না। তবে আমি নিশ্চিত যে, নিলামে এমন একটা দল তৈরি হবে, যারা ওর কোচিংয়ে ভালো খেলবে। আশা করি, সফল হবে সৌরভ।”





