Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস গড়লেন এশা সিং!‌ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নাদিমের মুখোমুখি নীরজ?

আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ইতিহাস গড়লেন এশা সিং। ২০ বছরের এই শুটার শীর্ষস্থানে শেষ করে ভারতের পদক খরার অবসান ঘটিয়েছেন। এভাবেই দেশের নাম উজ্জ্বল করলেন হায়দরাবাদের এই তারকা। নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে হাড্ডাহাড্ডি ফাইনালে এশা পিছনে ফেলেছেন চিনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহকে। এশার স্কোর ২৪২.৬। রুপোর পদক পাওয়া কিয়ানজুনের স্কোর ২৪২.৫। অন্যদিকে, ২২০.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইয়েজিন। ভারতের রিদম সাংওয়ান ১৭৯.২ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেছেন। ইভেন্টে এশার প্রথম সোনার পদক। যা ভারতকে বিশ্বকাপ পদক তালিকার পঞ্চম স্থানে তুলে এনেছে। আয়োজক চিন দু’টি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। সোনা জয়ের পর উচ্ছ্বসিত এশা বলেন, “আমি খুব খুশি। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়েই শুরু করেছিলাম। আর এবার সোনা জিতে আমার স্বপ্নপূরণ করেছি।” ২০১৪ সালে শুটিংয়ে হাতেখড়ি এশার। ২০১৫ সালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে তেলেঙ্গানা রাজ্য চ্যাম্পিয়ন হন। তিরুঅনন্তপুরমে ৬২তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের এবং হিনা সিধুকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশার। ১৩ বছর বয়সে সিনিয়র বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসাবে নজিরও আছে।

সেমিফাইনালে মীনাক্ষী হুডা। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একটা পদক নিশ্চিত হল ভারতের। তিনটি পদক নিশ্চিত ছিলই। লিভারপুলে ভারতীয় বক্সার মীনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে চতুর্থ পদক নিশ্চিত করেছেন। ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের অ্যালিস পামফ্রে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতীয় বক্সার। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন এই পামফ্রেকে। আক্রমণত্মক মেজাজে মীনাক্ষীকের দাপটের সামনে ব্যাকফুটে চলে যান পামফ্রে। ম্যাচের ফলাফল ৫-০। চিনের ওয়াং কুইপিংকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ৬০টিরও বেশি দেশের ৫০০ জনেরও বেশি বক্সার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ওয়ার্ল্ড বক্সিং আয়োজিত প্রথম ‘এলিট-লেভেল গ্লোবাল’ চ্যাম্পিয়নশিপ। মীনাক্ষী ছাড়াও অভিজ্ঞ ভারতীয় বক্সার পূজা রানিও পদক নিশ্চিত করেছেন। প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক হতে চলেছে। ৮০ কেজি বিভাগে পোল্যান্ডের এমিলিয়া কোটারস্কাকে হারিয়েছেন পূজা। ৩৪ বছর বয়সি পূজা প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে কোটারস্কাকে ৩-২ ব্যবধানে হারান। মহিলাদের ৮০+ বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছিলেন নূপুর শিওরান। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের অলটিনয় সোটিমবোয়েভাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি। তাছাড়াও ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। ১৩ সেপ্টেম্বর জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। ন’দিনের এই প্রতিযোগিতায় ১৯ জন ভারতীয় অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। সবার নজরে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। তিনি এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামতে চলেছেন ‘বদলা’র লড়াইয়ে। গত অলিম্পিকে আরশাদ নাদিমের কাছে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল নীরজের। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও পাক জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখা হবে নীরজের। ভারতীয় অ্যাথলিট চাইবেন নাদিমকে টেক্কা দিতে। তাছাড়াও নীরজের প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকছেন জার্মানির জুলিয়ান ওয়েবারও। জুরিখের ডায়মন্ড লিগে ৯১.৫১ মিটার ম্যামথ থ্রোয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। সুতরাং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লড়াইটা যে সহজ হবে না, তা এখন থেকেই বলে দেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles