Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সকালে ঘুম থেকে উঠেই বলেন ‘‌আমি পারবো’‌ ‘বিলিভ’!‌ হায়দরাবাদের অটোচালকের ক্রিকেটশ্রমিক সন্তান সিরাজের অপর নাম বিশ্বাস।!‌

‌‘‘স্যর, আপনি যদি একটু উৎসাহ দেন, দেখবেন আমি কোথায় যাই। জান দিয়ে দেব স্যর!’’ ‘ইন্ডিয়া-এ’ খেলতে খেলতে বিদেশ সফররত ভারতীয় দলের বোলিং কোচকে ফোন করে বলতেন, ‘‘স্যর, এ বার তো ইন্ডিয়া টিমে ডাকুন! মেরা নম্বর কব আয়েগা? আর কত দিন ধরে এই ইন্ডিয়া-এ খেলব?’’ বডোদরা শহরের এক মসজিদের চত্বরের চিলতে ঘর। ওই ঘরে থাকেন সেই মসজিদের ইমামসাহেব। গর্ত কিংবা ‘আস্তানা’ও নয়। সেটিও এর চেয়ে একটু বড় হয়। মাঝ বরাবর নাইলনের দড়ি টাঙানো। সেই দড়িতে কাপড় ঝুলিয়ে দু’টি খোপ পরস্পরের থেকে আব্রু রক্ষা। দড়ির এক পাশে থাকেন তিনি এবং তাঁর স্ত্রী। অন্য পাশে দুই পুত্র এবং এক কন্যা। গর্তের এক কোনায় রাখা গেরস্তালির তৈজসপত্র। অপরপ্রান্তে জামাকাপড়ের স্তূপ। ২০০৪ সাল। সেই মসজিদের ইমামসাহেবের এক পুত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে পাকিস্তানে ‘বন্ধুত্বের সিরিজ’ খেলতে গিয়েছেন এবং চিরশত্রুর বিরুদ্ধে উইকেট নেওয়ার হ্যাটট্রিক! সেই সুবাদে সেই মসজিদের সেই মলিন খোপে এসেছে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন-ফোন। দ্বিতীয় পুত্র তখন বদোদরার হয়ে রঞ্জি ট্রফিতে। ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। মসজিদের পাশে ন্যাড়া, ঘাসহীন, রুক্ষ মাঠে। যেখানে নেট প্র্যাকটিস করতে করতে তাঁদের ক্রিকেটীয় উত্থান। বডোদরার সেই মাঠ-সফরের কথা। যাবতীয় দারিদ্র এবং প্রতিকূলতাকে ঠেলে সরিয়ে একদিন যে তিনি ইন্ডিয়া খেলবেন, সেই বিশ্বাস তাঁর ছিল। সিরাজ সত্যিকারের ক্রিকেট বল হাতে পেয়েছিলেন ২০১৫ সালে। তার আগে পর্যন্ত এখানে-ওখানে ‘খেপ’ খেলে বেড়াতেন। স্পাইক-লাগানো বোলিং শ্যু-ও ছিল না। চপ্পল পায়েই রান আপ নিতেন। সেই চপ্পল পরেই টেনিস বলে গোলার মতো ডেলিভারি করতেন। দিনভর টইটই করে খেলে বেড়িয়ে অভাবের সংসারে ফিরে মায়ের গঞ্জনা শুনতেন। কারণ, দাদা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ভাই লেখাপড়ায় লবডঙ্কা। মায়ের দোষ ছিল না। ঠিকই তো। অটো চালিয়ে যে গৃহের কর্তার সংসার গুজরান হয়, সেই পরিবারের ছেলে লেখাপড়া না-করে ক্রিকেটের মতো ভবিষ্যৎ উন্নতির নিশ্চয়তাহীন একটি বিষয়ে সময় কাটাবেই বা কেন।

মামুলিস্য মামুলি পটভূমিকা থেকে সিরাজের উত্থান। আইপিএলে হায়দরাবাদে খেলতে-আসা কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যানদের নেটে বল করতে ডাকা হয়েছিল। সেই নেটে তখন উপস্থিত প্রাক্তন বোলার এবং ভারতীয় দলের ভবিষ্যৎ বোলিং কোচ ভরত অরুণ। নেটে বল করার ফাঁকেই ২০ বছর বয়সি সিরাজ সটান অরুণের কাছে গিয়ে বলেছিলেন, ‘‘স্যর, আপনি যদি একটু উৎসাহ দেন, দেখবেন আমি কোথায় যাই। জান দিয়ে দেব স্যর!’’ ভরতের সঙ্গে রামের পাদুকার মতো লেপ্টে থাকতেন। ‘ইন্ডিয়া-এ’ খেলতে খেলতে বিদেশ সফররত ভারতীয় দলের বোলিং কোচকে ফোন করে বলতেন, ‘‘স্যর, এ বার তো ইন্ডিয়া টিমে ডাকুন! মেরা নম্বর কব আয়েগা? আর কত দিন ধরে এই ইন্ডিয়া-এ খেলব?’’ হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় মরসুমেই ৯ ম্যাচে ৪১ উইকেট। তার পরে অবশিষ্ট ভারত দলে। অতঃপর ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে। ২০১৭ সালে আইপিএলে আড়াই কোটিরও বেশি টাকায় চুক্তিবদ্ধ হওয়া কয়েক মাস পরেই দেশের জার্সি পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক।

গ্যারাজে অডি-র মতো বিলাসবহুল ‘সেডান’। হায়দরাবাদের হয়ে রঞ্জি খেলার সময়েও তাঁর বাহন ছিল একটা মোটরবাইক। তা-ও সেটা সেল্‌ফ স্টার্ট নেয় না। ‘ধাক্কা স্টার্ট’ সম্বল। শিশুর মতো নির্মল হাসতে হাসতে বলতেন, ‘‘টিমমেটদের মধ্যে অনেকে মার্সেডিজ় চড়ে রঞ্জি ম্যাচ খেলতে আসত। অত দামি না হলেও প্রত্যেকেরই নিজের গাড়ি ছিল। আমি দিনের খেলা শেষ হওয়ার পরেও মাঠ ছেড়ে বেরোতে পারতাম না। সকলের সামনে ধাক্কা মেরে বাইক স্টার্ট করতে খুব লজ্জা লাগত।’’ সফল হয়েও সেই মাটির মানুষ, যিনি নিজের শিকড় ভোলেননি। আরামদায়ক গাড়ির মালিক হয়েও সেই ধাক্কা স্টার্টের মোটরবাইকটি এখনও গ্যারাজে রেখে দিয়েছেন। অতীতের অভিজ্ঞান হিসাবে। প্রতিটি মানুষের জীবনে মাথা নিচু করে হামাগুড়ি দেওয়ার কাহিনি এবং হামাগুড়ি দিতে দিতে হাঁটু ছড়ে যাওয়ার কাহিনি থাকে। কিন্তু প্রত্যেকে সেই জীবনের কথা সকলের সামনে মাথা উঁচু করে বলতে পারেন না। সিরাজ পারেন।

ইংরেজি বলতে পারেন না। সটান হিন্দিতে চলে যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিব্যি চলে আসেন প্রাক্তন সহ-ক্রিকেটার এবং দোভাষী হিসেবে অধুনা ধারাভাষ্যকার দীনেশ কার্তিককে নিয়ে। ঝুড়ি ঝুড়ি এনডোর্সমেন্ট নেই। আত্মভোলা তাঁকে মাঠেই ‘রিল’ বানাতে শেখান অর্শদীপ। নিজের সাফল্যের সেই সদ্য-শেখা ‘রিল’ মোবাইলে দেখতে দেখতে খিলখিল করে হাসতে থাকেন। তারকা ক্রিকেটারদের মতো আম্বা নে। সিংহের মতো হৃদয় আছে। প্যাশন, শৃঙ্খলা, হৃদয়, সাহস, পরিশ্রম, আবেগ যোগ করুন। সেই পুঁটুলিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলুন প্রগাঢ় বিশ্বাস দিয়ে। মহম্মদ সিরাজকে পেয়ে যাবেন। এই ক্লিন্ন উপভোক্তা-নির্ভর জগতে, গিজগিজে স্বার্থলোলুপ দুনিয়ায়, যেখানে যাপনের সঙ্গে দেখনদারি নিয়ত হাত ধরাধরি করে চলে, সেখানে সিরাজকে দেখে আশ্চর্যই লাগে। এই লোকটা সৎ। সৎ লোকই এমন জলের মতো হয়। তাকে যেখানেই রাখো, সে জলই থাকে। গ্লাসে রাখলেও। ট্রে-তে রাখলেও। সে কখনও বলবে না, আমাকে অমুক জায়গায় রাখা যাবে না বা আমি তমুক জায়গায় থাকব না। সৎ লোক জলের মতো স্বচ্ছ হবে। তাকে স্পষ্ট দেখা যাবে। সহজ, হালকা, ফুরফুরে থাকবে। কিছু দেখাবেও না। লুকোবেও না। সিরাজের মতো।

ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ়ে সব মিলিয়ে ১৮৫ ওভারের উপর হাত ঘুরিয়েছেন। বুমরাহ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ কেউ টানা পাঁচ টেস্টে খেলেননি। সিরাজ খেলেছেন। কখনও ক্লান্তি দেখাননি। সবচেয়ে বেশি ওভার বল করেছেন। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বোলিং কোচ মর্নি মর্কেল ওভাল টেস্টের আগে জিজ্ঞাসা করেছেন, পঞ্চম টেস্ট খেলার শারীরিক আর মানসিক ধকল নিতে পারবে তো? সিরাজ বলেছেন, ‘‘দেশের জন্য সব সময় আছি।’’ ওভাল টেস্টের সেরা হয়েও সেই একই কথা— ‘‘দেশের হয়ে খেলতে নামলে অত ক্লান্তি-টান্তির কথা মনে থাকে না।’’ বাবার মৃত্যুর পর অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসতে পারেন নি। দেশের হয়ে খেলবেন বলে। যে মা তরুণ পুত্রকে একদা ক্রিকেট খেলার জন্য গঞ্জনা দিতেন, তিনিই বলেছিলেন, ফিরতে হবে না। দেশের হয়ে পারফর্ম করো। ছেলে বলেছিল, ‘‘আব্বা ছিলেন আমার সবচেয়ে বড় সহায়। তাঁর চলে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। বাবা বরাবর চাইতেন, আমি যেন দেশের হয়ে খেলি। ক্রিকেটমাঠে দেশকে জেতাতে পারি। এখন থেকে যত বার দেশের হয়ে খেলব, বাবার সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই খেলব।’’ ভারত-ইংল্যান্ডের সিরিজে প্রতিটি ডেলিভারি এক একটা ‘ইভেন্ট’ হয়ে থেকেছে। ঠিকই। কিন্তু তার চেয়েও ঠিক যেটা, সেই সব ইভেন্টের প্রায় প্রতিটির মধ্যে কোনও না কোনও ভাবে থেকে গিয়েছেন সিরাজ। কখনও গ্রাহাম থর্পকে শ্রদ্ধা জানিয়ে মাথায় সাদা হেডব্যান্ড পরে ফেলছেন, কখনও বেন ডাকেটের দিকে তেড়ে গিয়ে তাঁর কাঁধে নিজের কাঁধ দিয়ে ঠোক্কর দিচ্ছেন, ডান দিকে ঝাঁপিয়ে আপাত-অবিশ্বাস্য ক্যাচ ধরে। শুভমন গিল বলেই ফেললেন, ‘‘সিরাজ যে কোনও অধিনায়কের কাছে স্বপ্ন।’’ কখনও জো রুট বলছেন, ‘‘মহম্মদ সিরাজ একজন সত্যিকারের যোদ্ধা। এমন এক যোদ্ধা, যাকে আমি সব সময় আমার দলে চাইব। যে দেশের জন্য সর্বস্ব দিয়ে দিতে পারে।’’ লর্ডসের শেষবেলায় তাঁকে দেখে মনে হয়েছে, ক্রিকেট কখনও কখনও মহাকাব্যের মতো নিষ্ঠুর। যেখানে মহারথী কর্ণের রথচক্র গ্রাস করে মেদিনী। ওভালে ক্যাচ ধরে আলটপকা বাউন্ডারির দড়ির বাইরে চলে যাওয়ার পরে নতমুখ তাঁকে দেখে মনে হয়েছে লজ্জা, নিন্দা, অনুশোচনার চক্রব্যূহে বন্দি অভিমন্যু। আবার সেই ওভালেই শেষ প্রহরে তাঁকে দেখে মনে হয়েছে, তিনি একাগ্র ধনুর্ধর অর্জুন। গাণ্ডিব তুলে শুধু মাছের চোখ দেখছেন। পকেটে মাত্র ৩৫ রানের পুঁজি। তুলতে হবে চারটে উইকেট। সারা শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে বিশ্বাস। যে আমি পারব। আমিই পারব। ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নামা ক্রিস ওক্‌স বলেছেন, ‘‘ভাগ্য ভাল যে, ওই অবস্থায় আমায় সিরাজের মুখে পড়তে হয়নি!’’ এই লোক চিড়িয়াখানায় নিশ্চিন্ত জীবন কাটাতে চায় না। বরং জঙ্গলে লড়ে বাঁচতে চায়। ‘‘আমার বিশ্বাস ছিল আমি পারব। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলেছিলাম, আমি পারব!’’ মোবাইলের ওয়ালপেপারে নিজের আরাধ্য ফুটবলারের ছবি ডাউনলোড করে রাখে। যাতে মাঠে যেতে যেতে টিমবাসে দেখতে দেখতে মগজে ছাপা হয়ে যায় সে ছবি। যে ছবিতে চল্লিশ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আকাশের দিকে হাত উঁচু করে রেখেছেন। যে ছবিতে আড়াআড়ি লেখা— ‘বিলিভ’। বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles