RK NEWZ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে বদলাচ্ছে নিয়ম? উঠে যাচ্ছে সেমেস্টার প্রথা? বদল হবে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সে সম্ভাবনা এড়ানোও যাচ্ছে না বলেই খবর। আসলে শিক্ষামন্ত্রী দীপক বর্মনের মন্তব্য নিয়েই দানা বেঁধেছে জল্পনা। তিনি বলেন, “অনেক মাস্টারমশাই আমাদের বলেছেন যে সেমেস্টার সিস্টেমে ছাত্ররা যথাযথ উপকৃত হচ্ছে না। একটা বড় অংশের ধারণা এটাই। আমার ব্যক্তিগত ধারণা একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে পর্যালোচনার পর্যায়ে রাখছি।” তবে আদৌ উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতি বদল হবে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একসময় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। পরবর্তীকালে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর নির্ভর করে নেওয়া হত উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে বিগত তৃণমূল সরকারের আমলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বদল করা হয়। চালু হয় সেমেস্টার প্রথা। সেই অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট চারটি পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। শিক্ষকদের দাবি, এই সেমেস্টার প্রথার ফলে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। তাদের সার্বিক উন্নতিও নাকি বিশেষ হচ্ছে না বলেই দাবি। সে কারণেই সরকারের পালাবদলের পর সেমেস্টার প্রথায় বদলের ভাবনাচিন্তা চলছে। ইতিমধ্যে বদলের দাবিও নাকি বিকাশ ভবনে জমা পড়েছে। আর তারপরই শোনা যাচ্ছে বিকাশ ভবনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে বৈঠকও হয়েছে। তবে আদৌ সেমেস্টার প্রথা উঠে যাবে কিনা, নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।





