Top 5 This Week

spot_img

Related Posts

বাংলার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা?‌ ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ কাকা বাবুনের!‌

RK NEWZ পারিবারিক সংঘাত থানাপুলিশ পর্যন্ত গড়াল। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন কাকা তথা মমতার ছোটভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এফআইআরে তিনি লিখেছেন, ‘দেশের সার্বভৌমত্ব মূলত তিনটি স্তম্ভের উপর নির্ভরশীল, রাজনৈতিক, আইন এবং অর্থনৈতিক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা ভাঙার চেষ্টা করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ।’ এমনকী, অভিষেকের ঘন ঘন বিদেশ সফর নিয়েও এফআইআরে উল্লেখ করেছেন বাবুন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পারিবারিক কোন্দল পৌঁছে গেল থানার চৌহদ্দিতে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন ছোটকাকা স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। বৃহস্পতিবার বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার গুরুতর অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর ঘটনাকে নজিরবিহীন বলছে বাংলার রাজনৈতিক মহল। কাকার লেখা অভিযোগপত্রে জানানো হয়েছে,৭ নভেম্বর ফেসবুকে প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় অভিষেক তাঁর নিরাপত্তাজনিত একটি বিচারাধীন মামলার প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, তিনি বিচারব্যবস্থার একটি অংশকে ‘নীরব দর্শক’ এবং ‘বিক্রি হয়ে যাওয়া’ বলে কটাক্ষ করেন এবং রাজ্যে হিংসার জন্য আদালতকে দায়ী করেন। এই মন্তব্যের জেরে গত ১৭ নভেম্বর কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল বা শো কজ় নোটিস জারি করে। বাবুনের আরও অভিযোগ, আদালতের নোটিস পাওয়ার পরও অভিষেক দমে যাননি বরং সংবাদমাধ্যমের সামনে বিচারব্যবস্থাকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘বিজেপির চাপে প্রভাবিত’ বলে আক্রমণ করেছেন। এছাড়া, গত ২৪ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি মুখ্য নির্বাচন কমিশনার ও দেশের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং শীর্ষ আদালতকে প্রকাশ্যে চরমসীমা দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাবুনের দাবি, পরিকল্পিত ভাবে বারবার এই ধরনের মন্তব্য করে জনসাধারণের মধ্যে বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা তৈরি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। পাশাপাশি, চিকিৎসার অজুহাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনঘন বিদেশ যাত্রার প্রসঙ্গ তুলে রাজ্যকে অস্থিতিশীল করার পেছনে কোনও বিদেশি চক্রান্ত বা অর্থের জোগান রয়েছে কি না, তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। অভিযোগপত্রে বিচারকদের ভয় দেখানো, সরকারি কাজে বাধাদান এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ, ১৯৬৭) অধীনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, বিগত দিন ধরে অনেক কিছু ঘটনা ঘটে চলেছে। সেগুলো আমরা নিজে স্বচক্ষে দেখেছি। কালীঘাটে কিছুদিন আগে সরকারি কর্মচারীদের যেভাবে হুমকি দেওয়া হল, এটা ঠিক না। প্রতিটা জায়গায় আধিকারিকদের যেভাবে, যে ভাষায় কথা বলছিলেন, সেটা ঠিক না। আমি বাংলার নাগরিক হিসেবে আমার মনে হয়েছে, এটা ঠিক করছেন না। আমার তাই জন্য় এই প্রতিবাদ। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে টিকবে কীকরে? তার জন্য়ই এই প্রতিবাদ। তার জন্য়ই এই FIR কালীঘাট থানায় দায়ের করলাম।’ সেই সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। বাবুন বন্দ্য়োপাধ্য়ায় বলেন, কেন হুমকি দেবে? আমি একজন নাগরিক হিসেবে আমাকে হুমকি দেওয়াটা কারও শোভা পায় না। রাস্তায় দাঁড়িয়ে, সেটা ঠিক না। খুব বাড়াবাড়ি করছ। বাড়াবাড়ি করবে না। একথাটা ঠিক শুনতে ভাল লাগেনি। আমি নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়েছি। অন্য়ায়ের বিরুদ্ধে তো বলতেই হবে। অন্য়ায় যে করে, তার বিরুদ্ধে যদি না বলতে পারি, সেটা ঠিক লাগে না। ২০২৪ সালের পর দিনের পর দিন অত্য়াচারিত হয়েছি। সেগুলো আমি ভুগেছি, কাউকে বলতে পারিনি। আমার একটাই আবেদন, এ জিনিস যা হচ্ছে, এ জিনিস যাতে আর না হয়।’ প্রসঙ্গত, বাবুনের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক গত কয়েক বছর ধরেই খারাপ। ২০২৪ সালের লোকসভা ভোটে হাওড়া থেকে তৃণমূল প্রার্থী হতে না পেরে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুন। সঙ্গে জানিয়ে দেন, প্রয়োজনে হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। ভোটের সময় এমন পারিবারিক সমস্যা দূর করতে বাবুনকে ত্যাজ্য ঘোষণা করেন মমতা। যদিও, সেই বছর ভাইফোঁটায় দিদির সঙ্গে সমস্যা মিটিয়ে কালীঘাটের বাসভবনে ফোঁটা নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৫ সালের বাবুনের একমাত্র মেয়ে অগ্নিশার বিয়েতে যাননি বন্দ্যোপাধ্যায় পরিবারের কোনও সদস্য। এমনকি তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিবাহের অনুষ্ঠানে যাওয়ার উপরেও অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়। এ বছর মে মাসে বিধানসভা ভোটের হারের পর দিদি মমতার বিরুদ্ধে ‘ভাইপো প্রীতি’-র অভিযোগ করে সরব হন বাবুন। আর এ বার ভাইফোঁটার আগের দিন সন্ধ্যায় ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের পুজোয় আপ্যায়ন করেন। সঙ্গে ঘোষণা করেন দিদির কাছে ভাইফোঁটা নেবেন না। আর এ বার সরাসরি ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কার্যত মমতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিলেন বাবুন। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles