Top 5 This Week

spot_img

Related Posts

সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনে কোনঠাসা কল্যাণ চৌবে!‌ ‘বিশ্বস্ত বন্ধু’মেনলা এথেনপা এ বার সরলেন ফেডারেশনের কমিটি থেকে!‌

RK NEWZ সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনের আগে আরও কোণঠাসা হলেন কল্যাণ। সিকিম ফুটবল সংস্থার সভাপতি পদ থেকে সরে গিয়েছিলেন আগেই। এ বার সর্বভারতীয় ফুটবল সংস্থার ফাইনান্স কমিটি বা অর্থ বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে গেলেন কল্যাণ চৌবের ‘বিশ্বস্ত বন্ধু’ মেনলা এথেনপা। এথেনপা এআইএফএফ সভাপতি কল্যাণের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিযোগ, কল্যাণের বেশির ভাগ কাজেই ‘সাহায্য’ করেছেন তিনি। তাই ফেডারেশনের দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে অবহিত অনেকেই মনে করছেন তাঁকে সরিয়ে দেওয়া হল, এটাই বলা ভাল। এবং সেটা ঘুরপথে কল্যাণকে আরও একটি বার্তা দেওয়া। শোনা যাচ্ছে, ভারতের এক প্রাক্তন তারকা ফুটবলারই না কি প্রভাব খাটিয়ে এথেনপাকে সরিয়েছেন।

অনেকেই মনে করেন, ২০২২ সালে কল‍্যাণের ফেডারেশন সভাপতি হওয়ার নেপথ্যে একমাত্র কারণ হল, বিজেপির আশীর্বাদ। কিন্তু ফেডারেশনের নির্বাচনের আগে দূরত্ব বাড়তে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এথেনপাকে সরিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে, তারা আর কল্যাণের সঙ্গে নেই। কল্যাণের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কল্যাণের নেতৃত্বে দেশের ফুটবলের অবস্থা অত্যন্ত শোচনীয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে ফিফা ক্রমতালিকায় ভারত ৯৫ থেকে ১৩৮-এ নেমে গিয়েছে। আইএসএলের দুর্দশার কথাও তুলে ধরা হচ্ছে। দেশের এক নম্বর ফুটবল লিগ যথাযথ ভাবে আয়োজন করার ক্ষেত্রে ব্যর্থতা, জামশেদপুর এফসির মতো ক্লাব বন্ধ হয়ে যাওয়া বা টাটা গোষ্ঠীর আগ্রহ হারানোর কথা বলা হচ্ছে। অভিযোগ, ফেডারেশনের ব্যর্থতার জন্য ফুটবলারদের আয় এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরাসরি অভিযোগ করেছেন ভাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ফুটবলার। ফেডারেশনে বিজেপি শাসিত গুজরাতের প্রতিনিধিত্ব করতেন কল‍্যাণ। এ বার সেই গুজরাত তাঁকে এআইএফএফ-এর নির্বাচনে টিকিট দেয়নি। এর পর কল‍্যাণ হাত বাড়ান দমন-দিউয়ের দিকে। কেন্দ্রশাসিত অঞ্চল দমন-দিউও শেষ মুহূর্তে হতাশ করে তাঁকে। শেষপর্যন্ত কল্যাণের পাশে দাঁড়িয়েছে কর্নাটক। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনে বিজেপি নেতার পাশে কংগ্রেস-শাসিত রাজ্যের ফুটবল সংস্থা। বুধবার ইলেকটোরাল অফিসার রাজীব শর্মা ৭০ জনের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন, তাতে কর্নাটকের অন্যতম প্রতিনিধি হিসেবে নাম রয়েছে কল্যাণের। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles