RK NEWZ তৃতীয় স্থানে শেষ করে বিদায় নিল বাংলা। সৈয়দ মুস্তাক আলির নক আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে হারাতে হত রাজস্থানকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলা। তার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। মুম্বইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সমস্যা পড়ে বাংলা। রাজস্থানের পেসার অভিজ্ঞ দীপক চহরের বলে পর পর আউট হন দুই ওপেনার অভিষেক পোড়েল (০) ও আদিত্য পুরোহিত (১)। ফর্মে থাকা অভিষেক রান না পাওয়ায় সমস্যায় পড়ে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ২৬ রান করলেও দ্রুত রান করতে পারেননি। শশাঙ্ক সিংহও (২) রান পাননি। পঞ্চম উইকেটে দলকে টানেন শাকির হাবিব গাঁধী ও করণ লাল। আগের ম্যাচে করণ বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। কিন্তু এই ম্যাচে ২০ বলে ২৮ রান করেন তিনি। শাকির করেন ৪৩ বলে ৬৯ রান। শেষ দিকে প্রদীপ্ত প্রামাণিকের ১১ ও মহম্মদ শামির ১২ রানে ভর করে ১৫০ রানের গণ্ডি পার করে বাংলা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে তারা। রাজস্থানের হয়ে চার ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন চহর। অপর পেসার আরাফাত খানও ৩ উইকেট নেন। মুকেশ কুমার ও সায়ন ঘোষের দাপটে ৩৭ রানে ৩ উইকেট পড়ে যায় রাজস্থানের। কিন্তু সেই ধাক্কা কাজে লাগাতে পারেননি শামিরা। তিনি নিজে তিন ওভারে ১৯ রান দেন। উইকেট পাননি। পর পর দু’ম্যাচে উইকেট পেলেন না শামি। তার খেসারত দিতে হল বাংলাকে।
রাজস্থানকে জয়ে নিয়ে গেলেন ওপেনার অভিজিৎ তোমর ও অভিজ্ঞ মহিপাল লোমরোর। দু’জনেই দ্রুত রান করতে থাকেন। তাঁদের সমস্যায় ফেলতে পারেননি বাংলার বোলারের। অভিজিৎ ও লোমরোরের মধ্যে ৬৬ বলে ১১৯ রানের জুটি হয়। তাতেই বাংলার আশা শেষ হয়ে যায়। ৩৫ বলে ৭৪ রানে লোমরোর আউট হলেও ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন অভিজিৎ। ২০ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে রাজস্থান। গ্রুপ এ থেকে নক আউটে গেল বরোদা ও রাজস্থান। তৃতীয় স্থানে শেষ করে বিদায় নিল বাংলা।




