RK NEWZ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেঁচে থাকতে হলে ‘ডু অর ডাই’ ম্যাচ। আর সেখানে জ্বলে উঠলেন বাংলার ব্যাটাররা। অভিষেক পোড়েল ও করণ লালের বিধ্বংসী ব্যাটিংয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বড় জয় বাংলার। বিশেষ করে ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদেরই যেন বেশি করে আক্রমণ করেন ঋষভ চৌধুরীরা। এরপর প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণিতে ৯৩ রানের বিরাট ব্যবধানে জয়। যার ফলে রান রেট বাড়িয়ে রাখল লক্ষ্মীরতন শুক্লার দল। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে যা কাজে লাগতে পারে। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে বৃষ্টির জন্য ম্যাচ কমিয়ে মাত্র ১৫ ওভারের করা হয়। আর সেখানে অবিশ্বাস্য ব্যাটিং বাংলার। ১৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তোলে ২০১ রানে। অর্থাৎ ১৩ রানের বেশি রান রেট। শুরুতে সুদীপ কুমার ঘরামির উইকেট হারায় বাংলা। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও (১৯) বড় রান পাননি। তবে অভিষেক পোড়েল ও করণ লাল মিলে উত্তরপ্রদেশের বোলিংকে দুরমুশ করে দেন। চলতি মরশুমে দারুণ ছন্দে আছেন অভিষেক। এদিন করলেন ৩৯ বলে ৬৯। ব্যাটে ছিল ৭টা চার ও তিনটে ছক্কা। অন্যদিকে করণ আরও সরেস। তিনি মাত্র ২৯ বলে ৮২ রান করেন। স্ট্রাইক রেট ২৮২.৭৬। ৫টা চারের সঙ্গে মারেন ৮টি ছয়। উত্তরপ্রদেশের বোলিংয়ে ভুবনেশ্বর, কুলদীপ ছাড়াও ছিলেন যশ দয়াল, শিবম মাভি ও প্রশান্ত বীর। প্রত্যেকেই ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ। তবে অভিষেক-করণ টার্গেট করেন দুই বড় নামকেই। ভুবির এক ওভারে আসে ৩০ রান। দিন শেষে পরিসংখ্যান ৩ ওভারে ৫৫। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাফল্য পাননি। বাংলার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন। অন্যদিকে কুলদীপ ৩ ওভারে দেন ৪১। তাঁর এক ওভারে বাংলার ব্যাটাররা তোলেন ১৯ রান। শেষদিকে ৭ বলে ১৮ রান করে বাংলাকে ২০০ পার করে দেন ঋষভ।
জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। মহম্মদ শামি উইকেট পাননি। মুকেশ কুমার ও সায়ন ঘোষের ঝুলিতে একটি করে উইকেট। এদিন অভিষেক হওয়া অখিলেশ যাদব ২৭ রান দিয়ে ২ উইকেট পান। আর প্রদীপ্ত মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। উত্তরপ্রদেশের ইনিংস থেমে যায় মাত্র ১০৮ রানে। বাংলা জিতল ৯৩ রানে। গ্রুপ ‘এ’-তে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১৬। ২.২০৬ রান রেট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গ্রুপ শীর্ষে থাকা বরোদা ও তৃতীয় স্থানের রাজস্থান আজই মুখোমুখি হবে। দু’দলেরই পয়েন্ট ১৬। সেদিকে নজর থাকবে বাংলার। বাংলার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষে থাকা দল ও পাঁচ গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা তিনটি দল কোয়ার্টার ফাইনালে যাবে।





