RK NEWZ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্ত সূত্রে জানা গিয়েছে, হিন্দুজা গোষ্ঠীর ভারতীয় কর্মকাণ্ডের প্রধান অশোক হিন্দুজা ফোন করেছিলেন শুভেন্দুকে। নিজের পরিবারের একটি বৈবাহিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে তিনি ফোন করেছিলেন। কিন্তু সেই কথোপকথনেও সিঙ্গুরে বিনিয়োগ প্রসঙ্গ উঠে আসে। প্রয়োজনীয় জমি পেতে কোনও সমস্যা হবে না বলে মুখ্যমন্ত্রী ফের হিন্দুজা গোষ্ঠীর অন্যতম কর্ণধারকে আশ্বস্ত করেন। তাঁর নিমন্ত্রণে আগামী ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মুম্বই যাচ্ছেন বলেও জানা গিয়েছে। হরিণঘাটায় অম্বানী গোষ্ঠী ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলার কারখানা তৈরির কাজ কবে থেকে শুরু হচ্ছে, তাও মজানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর ওই প্রকল্পের জন্য ভূমিপূজন হবে বলে তিনি জানিয়েছেন। মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী ভূমিপূজন কর্মসূচিতে হাজির থাকবেন বলেও মুখ্যমন্ত্রী মঙ্গলবারের সাক্ষাৎকারটিতে জানিয়েছেন। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়্যান্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (আরসিপিএল) এই প্রকল্পটি গড়বে। হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে এই কারখানা ও ফুড পার্কটি নির্মিত হবে। সিঙ্গুরে বিনিয়োগের পরিমাণ সম্পর্কে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু ট্রাক কারখানার জন্য সেখানে অশোক লেল্যান্ড সংস্থা অন্তত ৬৫০ কোটি বিনিয়োগ করতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর। যে সিঙ্গুরে প্রায় হাজার একর জমি প্রায় অকেজো হয়ে পড়ে রয়েছে গাড়ি কারখানা না-হতে পারায়, সেই সিঙ্গুরে গাড়ি কারখানাই ফিরে আসার খবরে রাজ্যের শাসক দলে স্বস্তির আবহ। সিঙ্গুরের হাতছাড়া হয়েছিল ছোট গাড়ি তৈরির প্রকল্প। কিন্তু সিঙ্গুরে শিল্প ফেরানোর তোড়জোড় যখন শুরু হয়েছে, তখন কথা এগোচ্ছে ভারী ট্রাক তৈরির কারখানা নিয়ে। এতে বর্তমান সরকারের শিল্পনীতির জয় দেখছে রাজ্য বিজেপি।
মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণার পরে কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে দলের যুব সংগঠন। যুব মোর্চার সর্বভারতীয় সহ সভাপতি তথা ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলছেন, ‘‘এই সরকার যুব সমাজের পাশে দাঁড়ানোর প্রশ্নে কতটা সঙ্কল্পবদ্ধ, তা আরও একবার প্রমাণ হল। যুব সমাজ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাতে ভাল ভাবে নিতে পারে, তার জন্য ইতিমধ্যেই ‘ভরসা’ প্রকল্পের আওতায় মাসিক ভাতা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফি মকুব করে দেওয়ার কথা বলা হয়েছে। এ বার তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় বড় বিনিয়োগ টানা শুরু হয়ে যাচ্ছে। যাতে যুব সমাজকে শুধু ভাতার ভরসায় থাকতে না হয়, দ্রুত তাঁরা কাজও পেয়ে যান।’’ হুগলির সিঙ্গুরে অশোক লেল্যান্ডের প্রস্তাবিত প্রকল্প নিয়ে বেশি উচ্ছ্বসিত সৌমেন। তাঁর কথায়, ‘‘যেখানে এই কারখানা হবে, আমি তার লাগোয়া জেলার বিধায়ক। ফলে আমার এলাকার অনেক ছেলেমেয়ের কাজ জুটবে। আমি সে কথা ভেবেই আরও বেশি আনন্দিত।’’





