Top 5 This Week

spot_img

Related Posts

‘নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকো’‌!‌ রাষ্ট্রপতি হওয়ার পরে বলেছিলেন ‘গুরু’ প্রণব’! দাবি শুভেন্দুর

RK NEWZ ‘‘এমপ্লয়ি হয়ে থাকতে হলে এখানে (তৃণমূলে) থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকো।’’ ২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। যদিও তার কয়েক মাস আগে ওই বছরেরই আগস্টে প্রণব প্রয়াত হন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি তখন তৃণমূলে। রাষ্ট্রপতি ভবনে বসে প্রণব তাঁকে কী ‘পরামর্শ’ দিয়েছিলেন মঙ্গলবার সে কথা প্রকাশ্যে আনলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রণবের আত্মজীবনীতেই স্পষ্ট হয়েছে শুভেন্দুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। ২০২০ সালের অগস্টে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর পরে কাঁথির এক সভায় তাঁকে ‘গুরু’ বলেছিলেন মুখ্যমন্ত্রী। তখনও তিনি রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী। এখন তিনি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ‘গুরু’-র অতীতে দেওয়া পরামর্শের কথা তুলে ধরলেন শুভেন্দু। তাঁকে নিজের ‘অরিজিনাল অ্যাডভাইসর’ (প্রকৃত উপদেষ্টা) বলেও উল্লেখ করলেন।

তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘‘ওটা তো সিঙ্গল বুয়া–ভাতিজা কোম্পানি। আমিও ছিলাম। কিন্তু এমপ্লয়ি থাকব না বলে বেরিয়ে এসেছি।’’ সেই প্রসঙ্গেই তিনি প্রণবের পরামর্শের কথা বলেন। তাঁর কথায়, ‘‘আমার অরিজিনাল অ্যাডভাইজার প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি হওয়ার পরে রাইসিনা হিলে গিয়েছিলাম। তত দিনে ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) চলে এসেছে। (প্রণব বলেন) কী করবে ভেবে নাও।’’ শুভেন্দু বলেন, ‘‘বেশি কিছু বলতেন না (প্রণব)। এমপ্লয়ি হয়ে থাকতে হলে এখানে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকে!’’ তার পরেই শুভেন্দু জানিয়ে দেন, এই বিষয়ে বেশি কিছু বলবেন না, কারণ, তাতে বিতর্ক তৈরি হতে পারে। তাঁর কথায়, ‘‘উনি নেই। অভিভাবক ছিলেন। উপদেষ্টা ছিলেন। রাজনীতিক ছাড়াও সকল ভারতবাসী ওঁকে শ্রদ্ধা করেন।’’ ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রণব। তার মাঝে কোনও এক সময়ে রাইসিনা হিলসে বসে শুভেন্দুকে পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে ঠিক কখন, তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা নিয়ে বিশ্বাস বা অবিশ্বাসের কোনও প্রশ্ন আমার নেই। কিন্তু আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ দু’জনের ওই কথোপকথনের সময়ে আমি ওখানে হাজির ছিলাম না।’’ একই সুর শোনা গিয়েছে প্রণবের এককালের ঘনিষ্ঠ আফরুজ্জামানের গলায়। তিনি এখন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক। প্রণব যখন জঙ্গিপাড়ার সাংসদ, তখন তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন আফরুজ্জামান। তিনি বলেন, ‘‘আমি যেহেতু সাক্ষী নই তাই আর কী বলব! তিনি তো আর বানিয়ে এ কথা বলতে পারবেন না। তিনি যদি কারও স্মৃতিচারণা করেন, সেখানে আর নতুন ভাবে আমার বলার কী আছে?’’

তবে এই প্রথম নয়, প্রণবকে নিয়ে আগেও অনেক স্মৃতিচারণা করেছেন শুভেন্দু। ২০০৯ সালে তমলুক লোকসভা আসন থেকে সিপিএমের তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ সাংসদ লক্ষ্মণ শেঠকে হারিয়ে প্রথম বার সংসদে পৌঁছেছিলেন শুভেন্দু। ইঙ্গিতপূর্ণ ভাবে ২০২০ সালে প্রণবের প্রয়াণের পরে নিমতৌড়ির সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু সেই জয়কে স্মরণ করেন। জানান, তাঁর সেই জয়ে প্রণব মুখোপাধ্যায়ের খুব বড় ভূমিকা ছিল। তৃণমূলের টিকিটেই প্রথম সাংসদ হন শুভেন্দু। ২০০৯-এর সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তৃণমূল লড়েছিল। তাই দু’দলের হেভিওয়েট নেতারা পরস্পরের প্রার্থীদের হয়ে সভা করেছিলেন প্রায় সর্বত্র। সেই সূত্রেই তৃণমূল প্রার্থী শুভেন্দুর জন্য তমলুকে সভা করতে গিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতাদের অন্যতম প্রণব। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘‘২০০৯ সালে আমি যখন লোকসভায় এখানে লড়াই করছি, তিনি (প্রণববাবু) পুরুলিয়া থেকে হেলিকপ্টারে এসেছিলেন মহিষাদলে। আমার কাঁধে হাতটি রেখে মহিষাদলের মানুষের কাছে বলে গিয়েছিলেন, আমি তোমাদের এটুকু বলতে এসেছি, আমার উত্থান সতীশদা (সতীশ সামন্ত), সুশীলদার (সুশীল ধাড়া) হাত ধরে। আমি শুভেন্দুকে দিয়ে গেলাম তমলুকের মানুষের কাছে। শুভেন্দুকে তোমরা জেতাও, শুভেন্দু তোমাদের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না।’’ আরও একধাপ এগিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই কথা প্রণব মুখোপাধ্যায় বলে গিয়েছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং আপনারা দু’হাত ভরে আমাকে সংসদে পাঠিয়েছিলেন।’’ শুভেন্দু সর্বসমক্ষে সেই সভায় এ-ও জানিয়েছিলেন, তৃণমূল তৈরি হওয়ার আগে যখন প্রণব প্রদেশ কংগ্রেসের সভাপতি হন, তখন নিজের কোটায় তিনি শুভেন্দুকে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য করে নিয়েছিলেন। এ বার বিজেপির মুখ্যমন্ত্রী জানালেন, প্রণবের সেই পরামর্শের কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles